Top 5 This Week

spot_img

Related Posts

টেস্টেও চালু হবে ফ্রি হিট! নিয়ম বদলের ভাবনায় আইনপ্রণয়নকারী সংস্থা

RK NEWZ টেস্ট ক্রিকেটের পরিচিত নিয়মে কি এবার বড়সড় বদল আসতে চলেছে? দর্শকদের মনোরঞ্জন বাড়াতে লাল বলের ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট। সীমিত ওভারের ক্রিকেটে এই নিয়ম চালু থাকলেও টেস্টে এখনও তার প্রবেশ ঘটেনি। তবে ভবিষ্যতে পাঁচদিনের ক্রিকেটেও ফ্রি হিট দেখা যেতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছে ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। টেস্ট ক্রিকেটে নো বলের পরে ফ্রি হিট চালুর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না এমসিসি। ক্রিকেটের আইনবিধির সংস্কার নিয়ে আলোচনায় বিষয়টি আলকপাত হয়েছে। এমসিসি-র ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, সব ধরনের ক্রিকেটে ফ্রি হিট চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা হয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নো বলের পরে ফ্রি হিট পান ব্যাটারেরা। সেই বলে রান আউট ছাড়া অন্য কোনও ভাবে তাঁকে আউট করা যায় না। মূলত বোলারের ওভারস্টেপিং বা কোমরসমান ফুলটসের মতো ভুলের শাস্তি হিসাবেই এই নিয়ম চালু করা হয়েছিল। পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে খেলার উত্তেজনা বাড়াতেও ভূমিকা নেয় ফ্রি হিট। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ছবিটা আলাদা। পাঁচ দিনের খেলায় ওভার বা সময়ের সীমাবদ্ধতা তুলনামূলক কম থাকায় এত দিন এই ফরম্যাটে ফ্রি হিটের প্রয়োজনীয়তা অনুভব করেনি ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে সময়ের সঙ্গে ক্রিকেটের ধরন বদলাচ্ছে। দর্শকদের আগ্রহ ধরে রাখতে টেস্টের নিয়মেও নতুনত্ব আনার ভাবনা শুরু হয়েছে। স্টুয়ার্টের কথায়, “ফ্রি হিট এখনও ক্রিকেটের আইনের অংশ নয়। এটি মূলত খেলার নিয়মাবলির মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে আমরা ভাবছি।” তিনি আরও বলেন, “সব ধরনের ক্রিকেটে ফ্রি হিট চালু করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও আমরা সেই পথে এগোইনি। ভবিষ্যতে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

ক্রিকেটের আরও একটি নিয়ম বদলের ভাবনাচিন্তা চলছে এমসিসি-র। বর্তমানে কোনও ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে দুই ব্যাটার প্রান্ত বদল করলেও পরের বল খেলতে হয় নতুন ব্যাটারকেই। আগে নিয়ম ছিল আলাদা। ক্যাচ ধরার আগে দুই ব্যাটার প্রান্ত বদল করলে অপর প্রান্তে থাকা ব্যাটারই পরের বল খেলতেন। সেই পুরনো নিয়ম ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে একাধিক ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে এমসিসি। এমনটাই জানিয়েছেন সংস্থার প্রতিনিধি স্টিউয়ার্ট। কেবল নিয়মে বদল আনা নয়, ক্রিকেটের আইন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছে এমসিসি। ক্রিকেটের জটিল আইনবিধি সাধারণ দর্শকদের কাছে সহজবোধ্য করে তুলতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদের কাজ চলছে। ইতিমধ্যেই হিন্দি, উর্দু, কন্নড়, মারাঠি এবং বাংলায় ক্রিকেটের আইন প্রকাশ করা হয়েছে। এবার শ্রীলঙ্কার আরও দু’টি ভাষায় আইনবিধি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টুয়ার্ট জানিয়েছেন, “অক্টোবরের শুরুতে ভারতে গিয়ে এই অনুবাদগুলি প্রকাশ করেছি। ইংরেজির পাশাপাশি উর্দু, হিন্দি, কন্নড়, মারাঠি এবং বাংলাতেও ক্রিকেটের আইন পাওয়া যাচ্ছে। এবার শ্রীলঙ্কায় যাচ্ছি। সেখানে আরও দু’টি ভাষায় আইনবিধি প্রকাশ করা হবে।” এই উদ্যোগের নেপথ্যে ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। স্টুয়ার্টের সংযোজন, “ক্রিকেটের আইন বেশ জটিল। মাতৃভাষায় না পড়লে তা বোঝা আরও কঠিন। ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। তাই আইনগুলিকে সহজবোধ্য করে তোলার দায়িত্ব আমাদেরই।” তবে টেস্ট ক্রিকেটে নো বলের পর ফ্রি হিটের বিষয়টি যে আলোচনার স্তরে, সে কথা জানিয়েছেন এমসিসি কর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles