Top 5 This Week

spot_img

Related Posts

কল্যাণের অপসারণ চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি বাইচুংয়ের!‌ সই আরও ১৪ জন প্রাক্তনের, ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ

RK NEWZ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে চিঠি দিলেন ভাইচুং ভুটিয়া-সহ প্রাক্তন ফুটবলারেরা। মোট ১৫ জন প্রাক্তন ফুটবলার সই করেছেন চিঠিতে। তুলে ধরা হয়েছে গত তিন বছরে ফেডারেশনের ব্যর্থতার নানা দিক। কল্যাণের বদলে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবিও জানানো হয়েছে। কল্যাণের নেতৃত্বাধীন ফেডারেশনের কাজে যে প্রাক্তন ফুটবলারেরা খুশি নন, তা চিঠির শুরুতেই জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে। তাঁরা লিখেছেন, ‘‘দেশের ফুটবলের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় এবং আমাদের মতো মর্যাদাপূর্ণ দেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। আমাদের ফেডারেশনের সভাপতি এবং পরিচালন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে ফিফা ক্রমতালিকায় আমরা ৯৫ থেকে ১৩৮-এ নেমে গিয়েছি। আমরা যখন অলিম্পিক্স আয়োজনের কথা ভাবছি, তখন ক্রমতালিকায় এই পতন উদ্বেগের।’’ মাণ্ডবীয়কে লেখা চিঠিতে ভাইচুংয়েরা আইএসএলের দুর্দশার কথাও তুলে ধরেছেন। দেশের সেরা ফুটবল লিগ যথাযথ ভাবে আয়োজন করার ক্ষেত্রে ব্যর্থতা, জামশেদপুর এফসির মতো ক্লাব বন্ধ হয়ে যাওয়া বা টাটা গোষ্ঠীর আগ্রহ হারানোর কথা বলা হয়েছে। ভাইচুংদের অভিযোগ, ফেডারেশনের ব্যর্থতার জন্য ফুটবলারদের আয় এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচ আয়োজন করার জন্য বিপুল খরচের কথাও বলা হয়েছে। ভাইচুংদের অভিযোগ, ‘‘ফেডারেশনের আর্থিক বেহাল অবস্থার মধ্যেও ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে এনে বিপুল খরচ করা হয়েছে। তাঁদের মতে, এই ধরনের ম্যাচ খেলে ভারতীয় ফুটবলের অতি সামান্য উন্নতি হতে পারে। অথচ এই ম্যাচগুলি খেলার জন্য ফিফা অনুমোদিত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’’ ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচগুলিকে ফেডারেশনের প্রচারের কৌশল হিসেবে দেখছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। প্রশ্ন তোলা হয়েছে, প্রায় ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন নিয়েও। ভাইচুংদের বক্তব্য, ‘‘কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। সেই কলকাতায় ব্রাজিল, উরুগুয়ের মতো দল খেলেছে। অথচ গ্যালারির অধিকাংশ খালি ছিল। কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের ফুটবল নিয়ে আগ্রহ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার কারণ ফেডারেশনের ব্যর্থতা।’’অভিযোগ করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে সঠিক প্রস্তুতি ছাড়া দায়সারা মনোভাব নিয়ে দল পাঠানো নিয়েও। প্রতিযোগিতার আগে কেন একটা প্রস্তুতি শিবির আয়োজন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে ভাইচুংয়েরা চিঠির শেষে লিখেছেন, ‘‘আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ফেডারেশনের বর্তমান পরিস্থিতি শুধু দেশে খেলাটির উন্নয়নেই বাধা সৃষ্টি করছে না। বরং আমাদের জাতির একটি নেতিবাচক ভাবমূর্তিও তৈরি করছে। আমরা, প্রাক্তন ভারতীয় খেলোয়াড়। অত্যন্ত গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছি। আপনাকে বিনীত অনুরোধ, অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং আগামী মেয়াদে ফেডারেশনকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য এবং প্রমাণিত কাউকে মনোনীত করুন। অন্যথায়, বর্তমান অবস্থায় খেলাটির পুনরুজ্জীবনে অন্ততপক্ষে কয়েক দশক সময় লেগে যাবে।’’ ১৭ নভেম্বর লেখা চিঠিতে ভাইচুং ছাড়াও সই করেছেন দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিংহ, আনোয়ার আলি, ধনচন্দ্র সিংহ, অ্যালভিটো ডি কুনহা, সতীশ ভারতী, মনজিৎ সিংহ, বলবন্ত সিংহ, করণজিৎ সিংহ, সেহনাজ সিংহ, হরপ্রীত সিংহ, বলদীপ সিংহ এবং হরমোনজ্যোৎ সিংহ খাবড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles