Top 5 This Week

spot_img

Related Posts

জেলায় জেলায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে শুভেন্দু!‌ সিঙ্গুরে তো কিছু একটা করবই, পরিকল্পনা রয়েছে সরকারের’!

RK NEWZ ‘‘সিঙ্গুরের পাশেই রয়েছে জাতীয় সড়ক, ডানকুনি শিল্পতালুক। কাছেই রয়েছে কলকাতা। গঙ্গা। আগামী দিনে বিরাট শিল্প সম্ভাবনা রয়েছে এই সিঙ্গুর থেকেই।’’ হুগলির সেই সিঙ্গুর। সিঙ্গুরের জমি আন্দোলন বাম জমানায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মাটি শক্ত করেছিল। তার পর রাজ্যে দু’বার পালাবদল হয়। তৃণমূল জমানার পর এখন রাজ্যে বিজেপির শাসন। নেতৃত্বে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সরকার সেই সিঙ্গুরে শিল্প ফেরাতে সচেষ্ট। মঙ্গলবার জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে সিঙ্গুরে দাঁড়িয়ে সেখানকার ‘উজ্জ্বল সম্ভাবনা’র কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জেলায় জেলায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধন করেছেন শুভেন্দু। মঙ্গলবার অষ্টমী। আর সেই দিন তিনি পৌঁছে যান সিঙ্গুরের রতনপুর উদয় সংঘের জগদ্ধাত্রী পুজোয়। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ দাস, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ-সহ অনেকে। সেই মঞ্চ থেকে সিঙ্গুরবাসীর বঞ্চনা এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা শোনান শুভেন্দু। তাঁর মতে, সিঙ্গুরে যেমন রয়েছে ফসলি জমি, তেমনই রয়েছে এমন জমি যেখানে আর চাষের সম্ভাবনা নেই। সেই সব জমিতে ‘বিরাট শিল্প’ গড়ে তোলার কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, ‘‘সিঙ্গুরের পাশেই রয়েছে জাতীয় সড়ক, ডানকুনি শিল্পতালুক। কাছেই রয়েছে কলকাতা। গঙ্গা।

আগামী দিনে বিরাট শিল্প সম্ভাবনা রয়েছে এই সিঙ্গুর থেকেই।’’ তাঁর সংযোজন, ‘‘সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল যে এখানে কারখানা তৈরি হবে। কারখানার জমিগুলি সব নষ্ট হয়ে গিয়েছে।’’ সিঙ্গুর নিয়ে তৃণমূল সরকারের পরিকল্পনাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘এখানে সর্ষের বীজ ছড়িয়েও সর্ষে হয়নি। হয়নি মাছচাষও। এই সব জমিতে রড সিমেন্ট ঢুকে আছে। জমির চরিত্র বদলে গিয়েছে। সিঙ্গুরের বেকার যুবকেরা কাজ চান, পরিবেশবান্ধব শিল্প চান। আমি নিশ্চিত একটা কিছু তো করব সিঙ্গুরে। রাজ্য সরকারের পরিকল্পনা আছে। আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করব।’’ শুধু শিল্প নয়, সিঙ্গুরের কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আমরা সিঙ্গুরের ধানচাষি, আলুচাষিদের পাশে দাঁড়ানোর কথা বলেছি। সব সময় ওঁদের পাশে থাকব। আমরা আগেই বলেছি , কুইন্টালে ১১২০ টাকার নীচে আলু দাম নেমে গেলে সরকার ভর্তুকি দিয়ে আলু কিনবে। চাষিদের কোনও সমস্যা হবে না। শুধু আলু বা ধানচাষ নয়, আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং এখানে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক করা হবে। সিঙ্গুরের স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা খুবই ন্যূনতম। এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নতিকরণ করা হবে। এই সব কাজে আমি স্থানীয় বিধায়ককে সাহায্য করব।’’ কোনও ধর্মালম্বীর নিজের ধর্ম পালনে কোনও বাধা থাকবে না বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘‘আমরা সব ধর্মকে সমর্থন করি। শ্রাবণী মেলা থেকে ছটপুজো— ঘাটগুলিকে সংস্কারের উদ্যোগী হয়েছি। যে ঐতিহ্যবাহী মন্দির রয়েছে সেগুলিকে তীর্থ সার্কিটের অন্তর্গত করব। আগামী দু’বছরের মধ্যে এক হাজার কোটি টাকার কাজ হবে।’’

সিঙ্গুরের যে রতনপুর উদয়ন সংঘ ক্লাবের পুজোয় গিয়েছিলেন শুভেন্দু, গত বছর পর্যন্ত সেই পুজো কমিটির সভাপতি ছিলেন প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না। রাজ্যে পালাবদল হতেই সেই পুজোতেও বদল হয়েছে। আর সেই বেচারামের এলাকায় দাঁড়িয়ে সিঙ্গুর নিয়ে সরকারের ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যের নতুন শিল্পনীতির ঘোষণা করেছে শুভেন্দুর সরকার। সেই শিল্পনীতিতে জায়গা পেয়েছে সিঙ্গুরও। শুভেন্দুই জানিয়েছিলেন, সিঙ্গুরে শিল্প ফেরাতে ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক ভাবে কথাও হয়েছে। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় আগেই জানিয়েছিলেন, সিঙ্গুর নিয়ে তাঁদের বিশেষ পরিকল্পনা রয়েছে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনের পর সিঙ্গুরে শিল্প গড়তে উদ্যোগী হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা গোষ্ঠীর ‘ন্যানো’ প্রকল্পের হাত ধরে সেই শিল্পায়নের সূচনা হয়েছিল। কিন্তু তিন ফসলি জমি অধিগ্রহণের অভিযোগে আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আন্দোলনের জেরে শেষপর্যন্ত সিঙ্গুর থেকে ‘পাততাড়ি গোটায়’ টাটা গোষ্ঠী। ২০১১ সালে ক্ষমতায় এসে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেন মমতা। সিঙ্গুরের মাটিতে নেমে ধানের বীজ ছড়িয়ে কৃষকদের জমি ফেরানোর বার্তাও দিয়েছিলেন তিনি। তবে বিজেপি জমানায় সেই সিঙ্গুরে আবার শিল্প ফেরানোর ভাবনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles