RK NEWZ কলকাতা শহরের পার্কিং সমস্যা নিয়ে উদ্বিগ্ন হাই কোর্ট। দক্ষিণ কলকাতার আলিপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের পার্কিং সমস্যায় পাশের আবাসনের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে মুম্বইয়ের উদাহরণ তুলে ধরে ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব দিয়ে বলেন, মুম্বইতেও একই সমস্যা ছিল। সেখানে লীলাবতী, টাটা ক্যানসার হাসপাতালের সামনে পার্কোম্যাট তৈরি করে তার উপর দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কলকাতাতেও পুরনিগম ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন কিছু ভাবতে পারে। হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের পার্কিংয়ের জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। শুনানিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পার্কিং সমস্যা অত্যন্ত গুরুতর। মোটর ভেহিকেল আইন অনুযায়ী গাড়ি কিনলে গ্যারেজ থাকতে হবে, রাস্তায় গাড়ি রাখা যায় না। কিন্তু রাতে রাস্তার দুই ধারে গাড়ি, বাস, লরি পার্কিং করে রাখা হয়। বহুতল পার্কিং জোন করলে যানজট কমবে। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সমস্যার কথা স্বীকার করে জানান, পুরনিগম পরিকল্পনা করছে। পরবর্তী শুনানি আগামী বছরের ১৮ জানুয়ারি। কলকাতার এই পার্কিং সমস্যা নতুন কিছু নয়। বহুবছর ধরেই শহরে যত্রতত্র গাড়ি পার্ক করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই সরকার ক্ষমতায় আসার পর সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া গাড়ি পার্কিং করা যাবে না বলে আগেই ঘোষণা করেছেন পুরমন্ত্রী। তবে সমস্যা যে রাতারাতি মেটার নয়, সেটাও একপ্রকার মেনে নিয়েছে সরকার।





