Top 5 This Week

spot_img

Related Posts

ছটে রাতভর শব্দবাজিতে উদ্বিগ্ন পরিবেশবিদরা!‌ দূষণে কলকাতাকে টেক্কা দিল গঙ্গাপাড়ের শহর হাওড়া!

পরিসংখ্যান বলছে, গঙ্গাপাড়ের শহরের দূষণের মাত্রা ২৭৫! পিছিয়ে ছিল না বেলুড়, বারাকপুরও। কালীপুজো ও দীপাবলির পর ছটপুজোতেও শব্দবাজির দাপট রোখা গেল না। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠল। তার জেরে শীত আগমনের প্রাক্কালে ফের বাড়ল বায়ুদূষণ। দূষণমাত্রায় কলকাতাকেও ছাপিয়ে গেল হাওড়া! পরিসংখ্যান বলছে, রবিবার রাত ১টার মধ্যে হাওড়ার বায়ুমান সূচক (একিউআই) পৌঁছে যায় ২৭৫-এ। পিছিয়ে ছিল না কলকাতাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বাতাসও হয়ে ওঠে বিষাক্ত। সোমবার সকাল ৭টাতেই সল্টলেকে পিএম ২.৫, ধূলিকণায় দূষণের মাত্রা ১৩০ ছাড়িয়ে গিয়েছিল। বেলুড় মঠে ১৬২ এবং বারাকপুরে ২৩০ ছিল পিএম ২.৫ এর মাত্রা ছিল। পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, “পুলিশের সামনেই তারস্বরে যেমন সাউন্ড বক্স বেজেছে, তেমনই প্রচুর শব্দবাজি পুড়েছে। দূষণের যাবতীয় উপকরণ ছড়িয়ে গেলেও রোখার কোনও প্রয়াস ছিল না।” কালীপুজো ও দীপাবলিতে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল হাওড়ায়। গত বছরের তুলনায় এবার ছটপুজোতেও দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন পরিবেশবিদরা। সেই আশঙ্কাই সত্যি হল। ছটপুজো উপলক্ষে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দু’ঘণ্টা সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে পথে নেমেছিল পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। চলেছে ধরপাকড়ও। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি বাজির দৌরাত্ম্য। নির্ধারিত সময়ের আগেই বহু এলাকায় বাজি ফাটানো শুরু হয়ে যায়। এমনকী ছটপুজো দিতে আসা পূর্ণ্যার্থীদের সঙ্গে থাকা প্রচুর যুবক ঘাট চত্বরেও দেদার বাজি ফাটিয়েছেন বলে অভিযোগ। এছাড়া কোথাও কোথাও পুকুরপাড় ও রাস্তার উপরও শব্দবাজি ফেটেছে। তাতে যেমন পথচলতি মানুষজন সমস্যায় পড়েছেন, তেমনই দূষণও বেড়েছে ব্যাপক হারে। বঙ্গে শীত প্রায় আগত। কিন্তু এই হারে বায়ুদূষণে শীতের অনুকূল পরিবেশ ব্যাহত হচ্ছে বলে মত আবহাওয়াবিদদের একাংশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles