Top 5 This Week

spot_img

Related Posts

এসএসকেএমে ‘স্বাস্থ্যবিপ্লব’!‌ ২ টাকার চিকিৎসায় মৃত্যুমুখ থেকে ফিরল একরত্তি!

RK NEWZ সাক্ষাৎ ‘মৃত্যু ’ গিলে ফেলেছিল একরত্তি। রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এ ‘মিরাকেল’ অস্ত্রোপচার শেষে আপাতত সুস্থ সে। যে অস্ত্রোপচার করতে বেসরকারি হাসপাতালে মোটা টাকা গচ্চা। এসএসকেএমে তাই হল যৎকিঞ্চিৎ খরচে! মাত্র দু’টাকায়। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ১০ মাসের শিশু খেলতে খেলতে গিলে ফেলেছিল ভাঙা ব্লেড। দ্রুত তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে। প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন সেই ব্লেড বের করার। কিন্তু পাকস্থলীতে তা গেঁথে যাওয়ায় সম্ভব হয়নি। মাঠে নামেন এসএসকেএম এর শিশু শল্য বিভাগের চিকিৎসকরা। তারা অবিশ্বাস্য দক্ষতায় বের করেছেন ব্লেড। শিশু শল্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজয় পালের নেতৃত্বে হয়েছে এই সফল অস্ত্রোপচার। ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. অরিন্দম ঘোষ, বিদিশা বোস। রেসিডেন্ট ডা. ঋজু মণ্ডল। কিভাবে ব্লেড চলে গিয়েছিল পাকস্থলীতে? ডা. সুজয় পাল জানিয়েছেন, খেলতে খেলতে অসাবধানতাবশত শিশু মুখে দিয়েছিল ভাঙা ব্লেডের টুকরো। আর তা গিলে ফেলায় বড়সড় বিপদের মুখে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার শিশুটি। ধারালো ব্লেডটি পাকস্থলীতে ঢুকে গেঁথে যায়। প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকদের মাধ্যমে সেটি বের করার চেষ্টা করা হলেও সফলতা মেলেনি। শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকদের তৎপরতায় বিপদমুক্ত। হাসপাতাল সূত্রে পাওয়া বিবরণ অনুযায়ী, শিশুটিকে নিয়ে চিকিৎসকদের সামনে ছিল মস্ত বড় চ্যালেঞ্জ। খাদ্যনালীতে আটকে থাকা ধারালো ব্লেডটি নিরাপদে বের করে আনা সহজ নয়। কারণ? ধারালো ব্লেড বের করতে গেলেই বিপত্তি। খাদ্যনালীর ভিতরের অংশকে আঘাত করতে পারে এহেন ধারালো ফরেন বডি। এমনকী গুরুত্বপূর্ণ অঙ্গে ছিদ্র তৈরি করে গুরুতর জটিলতাও ঘটাতে পারে।এসএসকেএম-এর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকদের উদ্যোগে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ব্লেডটি বের করে আনা হয়। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সার্জারি টিম। ডা. সুজয় পালের বক্তব্য, প্রান্তিক মানুষের ভিড় লেগেই থাকে সরকারি হাসপাতালে। সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে বর্তমান সরকার সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে নানান অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করছেন। অস্ত্রোপচারে অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. অঞ্জন চট্টোপাধ্যায়। ডা. সুজয় পালের পরামর্শ, ছোট শিশুদের হাতের নাগালে ব্লেড, ছুরি, কাঁচি, পেরেক-সহ ধারালো কোনও বস্তু রাখবেন না। অভিভাবকদের প্রতি চিকিৎসকের বার্তা,ছোট শিশুরা খেলতে খেলতে অজান্তেই নানা জিনিস মুখে দেয়। তাই বাড়িতে শিশুদের আশপাশে কী রয়েছে, সে বিষয়ে অভিভাবকদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles