RK NEWZ ক্রন্দনরত অর্ধেক আকাশে ভোরের সুবাতাস দিকে দিকে ছড়িয়ে দিল শান্তির হিমধারা। তরুণীকে ধর্ষন ও খুন। ক্রোধে ধিকিধিকি জ্বলছে পুঞ্জীভূত ঘৃণা ও ক্ষোভের আগুন। পুলিশের বিশাল কনভয় অভিযুক্তকে নিয়ে উপস্থিত অকুস্থলে ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যে। অভিযোগ, ওই সময়ে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশের উপরে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার উদ্দেশ্যে পুলিশের পাল্টা এনকাউন্টারে নিহত অভিযুক্ত খুনি-ধর্ষক। পুলিশি নিরাপত্তার ঢিলেঢালা ও ঔদাসীন্যের চিত্রটা যখন প্রতীয়মান হয়েছিল, তখন তা জনমানসে পুলিশের প্রতি বিস্তর ক্ষোভের সঞ্চার। আত্মরক্ষার জন্য পুলিশের গুলি চালানোর অধিকার একেবারেই আইনসিদ্ধ। সুতরাং, যাঁরা এনকাউন্টার আইনবিরুদ্ধ বলে গলা ফাটাচ্ছেন তাঁদের যুক্তি এখানে খাটে না। কিন্তু প্রশ্ন হল,নিরস্ত্র যুবক কী করে পুলিশের বিশাল বাহিনীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালাতে পারে? এটাকে কি পুলিশের সাফল্য বলা চলে? না কি একরাশ ব্যর্থতার চিত্র বহন করে? আর একটি বড় প্রশ্ন সঙ্গত কারণেই মনে আসছে— যদি এটি প্রকৃত এনকাউন্টার না হয়ে এনকাউন্টারের নাটক সাজিয়ে সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন হয়, তা হলে সেটি হবে ভারতীয় সংবিধান প্রদত্ত বিচারব্যবস্থার উপর চরম অনাস্থার নিদর্শন। তদন্ত প্রক্রিয়া এগোল না, চার্জশিট পেশ হল না, শুনানির পর্যায়ক্রম বা রায়দান ব্যতিরেকে অর্থাৎ দেশের বিচার ব্যবস্থাকে ড্রেসিংরুমে বসিয়ে রেখে রেফারিহীন খেলায় সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করে পুলিশ কি করে ‘সাজা’ নামক ‘গোল’টির (‘গোল’ অর্থ এখানে ‘মিশন’) স্কোরার হয়ে উঠতে পারে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে পারে এবং গুরুতর অপরাধে পুলিশকে কড়া পদক্ষেপের ছাড় দেওয়া হয়েছে। গাইঘাটার ঘটনার প্রেক্ষিতে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এনকাউন্টারের পক্ষে মত প্রকাশ করেন। অন্যদিকে, গণমাধ্যমের বিশ্লেষণ ও নাগরিক মহলে বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা এবং আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিয়ে প্রশ্নও উঠেছে।
এনকাউন্টারের প্রক্রিয়া পুরোটাই ‘স্বচ্ছ’? প্রশ্ন উঠছে! কোন মামলায় পুলিশ ১৩ নভেম্বর রতনকে গ্রেফতার করতে গিয়েছিল তা নিয়ে স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও, পুলিশ সুপারের বলা বাকি ঘটনাক্রম অনুসারে গুলি চালানো ছাড়া রবিবার বিকেলে পুলিশের অন্য কোনও উপায় ছিল না। বোলপুর সংশোধনাগারের বাইরে রতন শেখের জন্য অপেক্ষা করছিলেন তাঁর কয়েক জন শাগরেদ। জামিনে জেলমুক্তির পরেই সেই সঙ্গীদের নিয়ে ‘সেলিব্রেট’ করতে সোজা চলে গিয়েছিলেন বোলপুরের লায়েকবাজারের ডেরায়। পুলিশের দাবি সেখানেই ‘পার্টি’ করার পরে এক সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন রতন। সেই আগ্নেয়াস্ত্র দিয়েই সন্ধ্যায় শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করেন। জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ রতনের ‘এনকাউন্টার’-এর ঘটনাক্রম নিয়ে সংবাদমাধ্যমকে বিবৃতিতে ‘পার্টি’র কথা বললেও, জামিন পাওয়ার দিনেই রতন কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন, তার উল্লেখ করেননি। তবে বীরভূম জেলা পুলিশের একটি সূত্রের দাবি, সঙ্গী নূর হোসেন শেখের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন রতন। বীরভূমের পুলিশ সুপার একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি রতন-পর্বের ঘটনাক্রম উল্লেখ করেন। শুরু করেন গত শুক্রবার (১৩ নভেম্বর) রতনকে লায়েকবাজারে পুলিশের ধরতে যাওয়ার সময় থেকে। তার পর একে একে পুলিশ সুপার উল্লেখ করেন, কী ভাবে রতনের গুলিতে বিশ্বজিৎ আহত হন, কী ভাবে রতনের খোঁজ শুরু করে পুলিশ, কোথায় রতনের সন্ধান পাওয়া যায়, নানুরের উচকরণের ইটভাঁটায় রতনকে নিয়ে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করার সময় পুলিশকে লক্ষ্য করে রতনের গুলি চালানো, ‘আত্মরক্ষার্থে’ পাল্টা পুলিশের গুলি, রতনকে নিয়ে কাছের চিকিৎসাকেন্দ্রে যাওয়া এবং রতনের মৃত্যু— সবিস্তারে বর্ণনা করেন।
প্রশ্ন ১ : শুক্রবারই জামিন পাওয়ার পর কোন মামলায় ফের রতনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ? বার বার প্রশ্ন করার পরেও পুলিশ সুপারের কাছ থেকে এর জবাব মেলেনি। পুলিশ সুপার শুধু বলেন, ‘‘আমরা সূত্র মারফৎ খবর পাই, রতন-সহ দু’জন কুখ্যাত দুষ্কৃতী ফের অপরাধ করার উদ্দেশ্যে লায়েকবাজারের কাছে ঘোরাঘুরি করছে। তাই এক অ্যাসিন্টান্ট সাব ইনস্পেক্টরের নেতৃত্বে তিন পুলিশকর্মীর দল তড়িঘড়ি দুষ্কৃতীদের পাকড়াও করতে যান।’’ জেলা পুলিশের একটি অংশের দাবি, পুরনো একটি মামলায় রতনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানেও প্রশ্ন, বর্ধমানের হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছিলেন, ‘‘পুজোর সময়ে কী করে একসঙ্গে ৩৬টি মামলাতেই জামিন পেয়ে গেল (রতন), তা খতিয়ে দেখব। এর পিছনে কী গন্ধ আছে, ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে।’’ তিনি সরকারি আইনজীবীর ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, রতনের বিরুদ্ধে এমন কোনও মামলা ছিল না, যার প্রেক্ষিতে পুলিশ তাঁকে খুঁজছিল।
প্রশ্ন ২ : রতনের মতো এক জন ‘অপরাধী’কে যদি ধরতেই হয়, তা হলে পুলিশ কেন প্রথম দিন নিরস্ত্র অবস্থায় গিয়েছিল? পুলিশ সুপার বলেন, ‘‘রতনের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল সেটা প্রথমে বোঝা যায়নি, কারণ লুকিয়ে রাখা ছিল।’’ যে পুলিশকর্মীরা তাঁকে ধরতে গিয়েছিলেন, তাঁরা নিরস্ত্র ছিলেন বলেই জানিয়েছেন পুলিশ সুপার। প্রথমে তাকে ভালো করে পরিক্ষা করে পুলিশের করায়ত্ত করা হয়নি কেন? পুলিশি ঘেরাটোপে থাকার পরও কিভাবে অস্ত্র থাকে বা অস্ত্র সংযোগ হয় আসামীর সঙ্গে?
প্রশ্ন ৩ : কোন মামলায় পুলিশ ১৩ নভেম্বর রতনকে গ্রেফতার করতে গিয়েছিল তা নিয়ে স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও, পুলিশ সুপারের বক্তব্যে বাকি ঘটনাক্রম অনুসারে গুলি চালানো ছাড়়া রবিবার বিকেলে পুলিশের অন্য কোনও উপায় ছিল না। বিদিত রাজ জানান, শুক্রবারের গুলি চালানোর ঘটনা ঘটার পরেই রতন এবং তার সঙ্গী রমেশ লোহারকে পাকড়াও করার জন্য ছোট ছোট দল তৈরি করে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। শেষপর্যন্ত রবিবার খবর মেলে বর্ধমান শহরের কাছে লুকিয়ে রতন। পুলিশ সেখান থেকে তাঁকে পাকড়াও করে আইনি প্রক্রিয়া মেনে গ্রেফতার করে। জেরার মুখে রতন শুক্রবারের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার পরেই জানা যায়, নানুরের ইটভাঁটায় লুকিয়ে রাখা আছে সেই আগ্নেয়াস্ত্র। অস্ত্র উদ্ধার করতে পুলিশ তাঁকে সেখানে নিয়ে গেলে, অস্ত্র বার করার অছিলায় নিচু হয়ে একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন। এক বার নয়, একের বেশি গুলি চালানো হয়। তখন ‘উপায়ান্তর’ না থাকায় ‘আত্মরক্ষা’র জন্য পাল্টা গুলি চালায় পুলিশ এবং গুলিবিদ্ধ রতনকে বাঁচানোর জন্য দ্রুত নানুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রশ্ন ৪ : কুখ্যাত আসামীকে ধরার পর থেকেই কেন ভিডিয়োগ্রাফি শুরু হয় না? পুলিশ সুপারের দাবি, নিয়ম মেনে অস্ত্র উদ্ধারের ভিডিয়োগ্রাফি শুরু করার ঠিক আগেই ঘটনাটি ঘটেছে। এসপির দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হলে জাতীয় মানবাধিকার কমিশন এবং শীর্ষ আদালতের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং সেই সময়ের ভিডিয়োগ্রাফি হয়েছে। ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হিসাবে সিআইডি ‘এনকাউন্টার’-এর তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে নমুনা পরীক্ষা করতে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞেরাও। পুলিশ সুপার জানিয়েছিলেন, রতনের ছোড়া একটি গুলি পুলিশের গাড়িতে লেগেছে। সোমবার নমুনা সংগ্রহের সময় ফরেনসিক বিশেষজ্ঞরা সেই গুলি উদ্ধার করেছেন ঘটনাস্থলে রতনকে নিয়ে যাওয়া পুলিশের গাড়ি থেকে। রতনের সঙ্গী রমেশ লোহার এবং নুর হোসেন শেখকেও গ্রেফতার করা হয়েছে। রমেশও রতনের মতোই কুখ্যাত অপরাধী, অন্তত ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অস্ত্র, বোমা, ডাকাতি ছেড়ে মাদক ব্যবসায় হাত পাকাচ্ছিল রতন এবং তাঁর সঙ্গীরা।
প্রশ্ন ৪ : ‘কুখ্যাত অপরাধী’র দুহাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? যদি না হয়, তাহলে কেন? দুহাতে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে নিয়ে গেলে, অপরাধীর পালানোর কোনও প্রশ্নই ওঠে না? রতন যে জেলায় কতটা ‘কুখ্যাত অপরাধী’ সেটা জেলা পুলিশ সুপারের বয়ানে বার বার উঠে এসেছে। সেই ‘অপরাধী’কে অস্ত্র উদ্ধারের সময় কি হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? পুলিশ সুপার এ নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। তবে নানুর প্রাথমিক স্বাস্থকেন্দ্রে যেখানে তাঁকে প্রথম নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কেউ রতনের হাতে হাতকড়া দেখেননি। প্রাক্তন পুলিশ কর্মীদের একাংশ একটি বিষয়ে অবাক হয়েছেন, কী ভাবে দু’দিন আগে ফেলে রাখা অস্ত্র তুলেই এক ঝটকায় রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালালেন? এ রকম কয়েকটা প্রশ্নের উত্তর না-মিললেও, পুলিশ সুপারের আশ্বাস, রতনের এনকাউন্টারের প্রক্রিয়া পুরোটাই ‘স্বচ্ছ’। প্রাক্তন দুঁদে পুলিশ আধিকারীকদের কপালেও বিষ্ময়ের ভাঁজ?
যদিও আইন ও বিচার প্রক্রিয়া বিলম্বিত লয়ে অতি শ্লথতার সঙ্গে চলতে থাকে, শুধু শুনানির ‘তারিখ পে তারিখ’ এ ভাবেই এগিয়ে যায় বছরের পর বছর, বিচারপ্রত্যাশী নিগৃহীতার পরিবার পায় না সঠিক বিচার। অনেক ক্ষেত্রেই দেখা যায় আবার আইনের যাঁতাকলে পড়ে ছাড়া পেয়ে যায় কেউ কেউ। যেমনটি হয়েছিল নির্ভয়া ধর্ষণকাণ্ডে মাত্র কয়েক মাসের জন্য নাবালক প্রতিপন্ন হওয়া সব চেয়ে নৃশংস খুনি ধর্ষকটির ক্ষেত্রে। জনগণের ক্ষোভের আঁচ থেকে বাঁচাতে তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়। বাকি অভিযুক্তদের মধ্যে এক জন আত্মহত্যা করেছে, অন্যদের চরমসাজা এখনও হয়নি। স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহলে দাবি উঠতে শুরু করেছে যে, এই ধরনের ঘৃণ্যতম নারকীয় অপরাধের ক্ষেত্রে চটজলদি কঠোরতম সাজা দেওয়ার জন্য প্রয়োজন নতুন আইন প্রণয়ন। কলকাতার চিকিৎসক ধর্ষন ও খুন কাণ্ডেও একই প্রতিফলন। আজও বিচার নেই? সন্দীপ জামিন পেয়ে গেলেন। যেখানে সারা দেশে প্রতি পনেরো মিনিটে এক জন নারী ধর্ষিতা হন, সেখানে কত জন ধর্ষক সাজা পায়? ক’টি ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ পুলিশের খাতায় নথিভুক্ত করানো যায়? রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা ধর্ষণে অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করতে পুলিশ অনীহা প্রকাশ করে কেন? ধর্ষকের লোলুপ দৃষ্টি এড়িয়ে কবে নিরাপদ ও নিশ্চিন্ত জীবন যাপন করতে পারবে ভারতীয় নারীরা? কবে সুনিশ্চিত হবে দেশের মেয়েদের নিরাপত্তা? অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের দ্বারা ধর্ষিতার পরিবারকে হুমকির মুখে পড়তে হয় কেন— এই প্রশ্নগুলো তোলার এখনই উপযুক্ত সময়।
ঘটে যাওয়া ঘটনাগুলির একটিও প্রচারের আলোকপ্রাপ্তি ঘটেনি, তাই আমাদের বিবেকও এখানে থেকে গিয়েছে নিষ্প্রভ এবং স্বাভাবিক ভাবেই মোমবাতির শিখাও জ্বলেনি পথে পথে। দেশজুড়ে ধর্ষণ বৃত্তের পরিধি ক্রমশ বাড়তেই থাকছে। ধর্ষণবৃত্তের পরিধিস্থ এক একটি বিন্দু যদি হয়,তা হলে বৃত্তের কেন্দ্রবিন্দুতে অনিবার্য ভাবেই অবস্থান করে ধর্ষক-নরখাদকের দল। এই বৃত্তের পরিধিতে প্রায় প্রতি দিনই সংযোজিত হয়ে চলেছে নতুন নতুন ধর্ষণের ঘটনা। কত ঘটনা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। অর্ধেক আকাশের গুমরে ওঠা বোবা কান্নায় নীরবে শেষ হয়ে যায় কত-শত নারীর অবশিষ্ট জীবন, তার ইয়ত্তা নেই। বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকে কবে উপযুক্ত সাজা পাবে অপরাধীরা? কারও জানা নেই তার সঠিক উত্তর। অভিযুক্তদের এনকাউন্টারের দাবি। তা হলে দেশের আইনকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শাস্তিপ্রদানের ক্ষেত্রে পুলিশই কি হয়ে উঠবে দণ্ডমুণ্ডের কর্তা? এই এনকাউন্টারই কি ধর্ষকদের শাস্তিদানের ক্ষেত্রে নিদর্শন হয়ে উঠবে, না কি আমরা ভরসা রাখব ভারতীয় বিচারব্যবস্থার উপর? আমরা কি দাবি তুলতে পারি না, ধর্ষণের ক্ষেত্রে অতি দ্রুততার সঙ্গে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে কঠোরতম শাস্তিপ্রদানের জন্য নতুন আইন প্রবর্তন করা হোক। ধর্ষণ একপ্রকার সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিকে দেশ থেকে নির্মূল করতে হলে বিকৃতকাম ধর্ষকদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নিদর্শন রাখতে হবে। যা প্রত্যক্ষ করে যাতে ভয়ে হাড় হিম হয়ে যায় মানুষরূপী পশুদের। ভয়ঙ্কর অন্তিম পরিণতির কথা ভেবে কোনও নারীর উপরে এই ধরনের পাশবিক নির্যাতন করার আগে অন্তত যাতে শতসহস্র বার ভাবে নরখাদকের দল। তবেই হয়তো এই ব্যাধির শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে সমাজের বুক থেকে চিরতরে। আগামীতে পথে-ঘাটে-প্রান্তরে নরখাদকরূপী শ্বাপদ সঙ্কুল বিবর্জিত এক সুন্দর চিত্রিত দেশের স্বপ্ন কি দেখতে পারি না আমরা?





