Top 5 This Week

spot_img

Related Posts

তৃণমূলীকরণ হচ্ছে বিজেপির! বিচলিত শমীক? বদলেছে সরকার, কিন্তু তোলাবাজির অসুখ সারেনি?

বদলেছে সরকার, কিন্তু তোলাবাজির অসুখ? সেটা কি সারেনি? এই প্রশ্নই তুলে দিচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের একের পর এক বার্তা। একদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আবার অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি বা বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ থেকে আর এক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বার্তাকেই কটাক্ষ করছে ‘কালীঘাট তৃণমূল’। ২ আগস্ট সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না।সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে। একটা সহজ, মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল বদল হয়ে গেছে, এরকম নয়। সে পুলিশই হোক, আর সে বিজেপির কোনও নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে। পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না।” রাজনীতির রং পাল্টেছে। সরকার পাল্টেছে। কিন্তু, তোলাবাজি সংস্কৃতি কি পাল্টেছে? তোলাবাজির অসুখ কি সেরেছে? পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে, এমন ভাবার কোনও কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে, এরকম অভিযোগ এলে তাদেরকে গ্রেফতার করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন, যাঁরা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু পার্টিও নজর রেখেছে।” তৃণমূল আমলে প্রায় প্রতিদিনই সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি শব্দগুলো শোনা যেত। নতুন সরকারের আমলে কি তা পরোপুরি বন্ধ হয়েছে? না কি বর্তমান সরকারের অস্বস্তিও বাড়ছে? ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একের পর এক বার্তায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে।

তৃণমূলীকরণ হচ্ছে বিজেপির! ২২ নেতাকে সাসপেনশনের পথে দল

বিভিন্ন জেলার ২২ জন পদাধিকারীকে শোকজ করা হয়েছে। বারবার নরমে-গরমে বুঝিয়ে, সতর্কবার্তা দিয়েও কাজ হচ্ছে না। শাসকদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে দলের অন্দরে। সেসবের জেরে ফের দলের পদাধিকারীদের সাসপেনশনের পথে হাঁটতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন জেলার মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ ২২ জনকে শোকজ করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন একজন জেলা সভাপতিও। তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজ ও দলের নির্দেশ অমান্য করে বলপূর্বক অন্য দলের কার্যালয় দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা বারবার দলীয় কর্মীদের সতর্ক করেছেন। বারবার বার্তা দিয়েছেন, শাসকদল বলে কোনওরকম গা-জোয়ারি করে কিছু করা চলবে না। দলের শৃঙ্খলা মেনেই চলতে হবে। আসলে তৃণমূল জমানার ‘দখল সংস্কৃতি’র পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেই নজর ছিল তাঁদের। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সেসব কথা বিশেষ কানে তোলেননি সংগঠনের নিচুস্তরের নেতারা। মণ্ডল সভাপতি, বুথ সভাপতিরা নানা জায়গায় একাধিক শৃঙ্খলাভঙ্গের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এসব নালিশ কানে গিয়েছে শমীক ভট্টাচার্যদেরও। শুক্রবারই দলের মধ্যে অরাজকতা প্রসঙ্গে এক অনুষ্ঠানে কড়া বার্তা দিয়ে শমীকের সতর্কবার্তা, ‘‘দলের কোনও কোনও মণ্ডল সভাপতি ভাবছেন, তাঁরাই পুলিশমন্ত্রী। আবার কোনও কোনও জেলায় কয়েকজন পুলিশও ভাবছে, তাঁরা যেন মণ্ডল সভাপতি। এসব কোনওটাই চলবে না।” বিজেপিতে শৃঙ্খলাই সবচেয়ে বড় কথা। তা রক্ষা করতে বদ্ধপরিকর শীর্ষ নেতৃত্ব। তাই প্রয়োজনে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে দল।

মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা তোলার অভিযোগ! গ্রেফতার নন্দকুমারের বিজেপি নেতা

রাজ্যে ক্ষমতার পালাবদলের মাত্র ছ’মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠল নন্দকুমারের বিজেপি নেতা অভিজিৎ করণের বিরুদ্ধে। প্রতারিতদের একাংশ দলীয় নেতৃত্বের মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে তুলতেই তৎপর হয় প্রশাসন। পুলিশি অভিযানে অবশেষে গ্রেফতার অভিযুক্ত নেতা । নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ নভেম্বর নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিজিৎ তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগের পরিধি কেবল দলীয় টিকিট দেওয়ার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি চাকরি পাইয়ে দেওয়া এবং ঠিকাদারদের সরকারি কাজের বরাত দেওয়ার নাম করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধৃত নেতা সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ।

পুরভোটের সিদ্ধান্তেএকমত শুভেন্দু-শমীক!‌

২০৯টি ওয়ার্ডের কো-অর্ডিনেটরের দায়িত্বে বিজেপি নেতারাই! কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর। আসন পুনর্বিন্যাসের মামলার জেরে হাই কোর্টের রায়ে পুরভোটের বিজ্ঞপ্তি জারিতে স্থগিতাদেশ। কলকাতা পুরসভায় পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডেই দলীয় পছন্দের লোকদের কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘প্রস্তাব’-এ সিলমোহর দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু জানান, ৩০ নভেম্বরের পর কলকাতা পুরসভায় যদি কো-অর্ডিনেটর নিয়োগ করতে হয়, তা হলে বিজেপির লোকেদেরই ওই পদে বসানো হবে। শমীকের বক্তব্য, “বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন। কো-অর্ডিনেটর বসানোর চিন্তা একদম শেষ পর্যায়ের। সেটা বিজেপির কাম্য নয়। রাজ্য সরকার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে পুরভোট চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করছে। আশা করি শীর্ষ আদালত রায় পুনর্বিবেচনা করবে। তারপর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে প্রার্থীরা জিতে আসবেন। নির্বাচন হওয়া খুব জরুরি। হাওড়ায় ১৩ বছর নির্বাচন হয়নি। যাঁরা চাইছে না নির্বাচন হোক, তাদের ব্যবস্থা মানুষই করবে। ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প চিন্তা করতেই হবে।” শুভেন্দু ও শমীকের এই প্রস্তাবের বিরোধিতা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “কলকাতায় ইতিমধ্যে নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক বসিয়েছেন। নির্বাচনের বদলে পছন্দের মনোনীত লোক পুরসভা চালান- এটাই ওঁরা চান। তাই সময়ে ভোট না করে দলের লোক বসানোর চেষ্টা করছেন।” এটা বিজেপির পিছনের দরজা দিয়ে পুরসভা নিয়ন্ত্রণের ছক বলে মমতা-তৃণমূল মনে করছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ, “ওরা ২০৯টি ওয়ার্ডে প্রার্থী পাচ্ছে না। নিরপেক্ষ ভোট হলে গো হারা হারবে। তাই পিছনের দরজা দিয়ে কো-অর্ডিনেটর বসাবে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি, অবৈজ্ঞানিক ডিলিমিটেশনের পর এবার গায়ের জোরে পুরসভা দখলের ছক কষেছে বিজেপি।

‘শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য’, বাম-কং-মমতা তৃণমূলের ‘জোট প্রস্তাব’কে কটাক্ষ

শূন্যের সঙ্গে শূন‌্য যোগ করলে যোগফল হয় শূন‌্য– সিপিএম, কংগ্রেস, তৃণমূলের মধ্যে জোটের প্রস্তাবের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তাঁর কথায়, “শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন‌্য। এরা সবাই গৃহীত, পরিক্ষীত, পরিত‌্যক্ত‌ শক্তি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির আঙ্গিকে এরা অপাংক্তেয়। তবে চেষ্টা করতে পারে। গণতন্ত্রে সাফল‌্য তখনই আসে যখন একটি শক্তিশালী বিরোধী শক্তি থাকে। সেটা তো এখানে নেই, এটা দুর্ভাগ্যের। ‘তৎকাল’ নেতারা ‘প্রিমিয়াম’ সুবিধা নিতে চাইছে। ওটা ওদের পারিবারিক ব‌্যাপার। এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের জায়গায় মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌলবাদীদের দল হয়ে গিয়েছে।”

‌‘রাজনীতির বাইরের কথা’ আন্তরিক পর্যটনে’, শক্তির সঙ্গে মীনাক্ষীর জীবনসফরের সম্পদ

কবি শক্তি চট্টোপাধ‌্যায় কোনওদিন শক্তি চট্টোপাধ‌্যায় হতেন না যদি মীনাক্ষী তাঁর স্ত্রী না হতেন। কথাটা প্রথম বলেছিলেন শক্তির আমৃত্যু বন্ধু ‘এক সময় রাতের কলকাতা শাসন করা’ আরেক কবি সুনীল গঙ্গোপাধ‌্যায়ের স্ত্রী স্বাতী। পরে বিভিন্ন জায়গায় কবিকে নিয়ে এই কথা ফিরে ফিরে এসেছে। যাঁরা শক্তি চট্টোপাধ‌্যায়কে চেনেন, তাঁর জীবনযাপন জানেন, শক্তি-সুনীল, তারাপদ রায়, সৌমিত্র চট্টোপাধ‌্যায় বা মতি নন্দীদের রসায়ন সম্পর্কে অবহিত, তাঁরা প্রত্যেকে জানতেন শক্তি আর মীনাক্ষী কীরকমভাবে বেঁচে থাকতেন! সেই কবিপত্নীর অসুখে তাঁকে দেখে ফেরার সময় কবির স্মৃতিতে ডুব দিলেন তাঁর প্রিয় ছাত্র শমীক, বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেনও সেই কথাটাই, কবি শক্তি চট্টোপাধ‌্যায় শক্তি চট্টোপাধ‌্যায় হতে পারতেন না যদি মীনাক্ষীদেবী তাঁর স্ত্রী না হতেন। কবির বাড়ি বেলেঘাটায় লেকের কাছে। এই বেলেঘাটাতেই বহু দশক আগে একবার ট‌্যাক্সি করে বাড়ি ফেরার সময় কবিতা নিয়ে তর্ক-বিতর্কের মুখে কবির হাতে চড় খেয়েছিলেন শমীক। হকচকিয়ে যান ট‌্যাক্সিওয়ালা। সেই গল্প শমীক নিজেই বলেছিলেন। সেই কবিপত্নী অসুস্থ শুনে তাঁর ছেলের ডাকে তাঁদের বাড়ি যান সাংসদ। হাতে বই, কবির সঙ্গে জীবনসফর নিয়ে মীনাক্ষীদেবীর লেখা ‘আন্তরিক পর্যটনে’। এতদিন ধরে বলা যে কথাটা শক্তির কবিতার ধর্মের মতো শোনাতো, তা যেন এতদিনে পূর্ণ বৃত্তে ধরা দিল শমীককে দেওয়া কবিপত্নীর উপহারে। সংসদীয় রাজনীতির বাইরে শমীকের কাছে বড় প্রাপ্তি তাঁর সাংস্কৃতিক মনন। আর তাঁর কাছে বাড়তি সম্পদ এইসব মানুষের সঙ্গে এক সময়ের ওঠাবসা, তাঁদের নিয়ে নিবিড় পাঠ। রাজ‌্য রাজনীতির ওঠাপড়ার মধ্যেও ব‌্যক্তি-বৈশিষ্ট্যের জেরে যে কারণে বরাবর আলাদা ছাপ রেখেছেন সাহিত‌্যপ্রেমী শমীক। এদিন প্রথমেই তাই তাঁর অনুরোধ, এসবের মধ্যে রাজনীতি খুঁজবেন না। স্মৃতিতে মশগুল শমীক বলেন, “কবি শক্তি চট্টোপাধ‌্যায়কে একবার এই বাড়ির দরজা পর্যন্ত ছাড়তে এসেছিলাম। ভিতরে ঢোকা হয়নি। এদিন মীনাক্ষীদেবীর সঙ্গে কথা হল। অনেকদিন ধরেই উনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তার মধ্যেই লেখালেখি করেন। ওনারই লেখা একটা বই ‘আন্তরিক পর্যটনে’ আমার কাছে ছিল না, সেটা দিলেন। কবিপত্নী বরাবরই লিখতেন। কবিতার পত্রিকাও বের করেছেন। সুনীল-পত্নী স্বাতী বলেছিলেন মীনাক্ষী খুব গুণি, ব‌্যক্তিত্বময়ী। মীনাক্ষী বিভিন্ন বিখ‌্যাত মানুষের স্কেচও করেছেন। এসব আমার কাছে দুর্লভ, দুর্মূল‌্য প্রাপ্তি। শক্তি চট্টোপাধ‌্যায়ের জীবন তো সাধারণ মানুষের মতো মসৃণ নয়! তাঁকে টলারেট করা, তাঁর সঙ্গ দেওয়া, তাঁর জীবনের উত্থান-পতনকে স্পর্শ করা, তাঁকে সহযোগিতা করা– এই সবটাতেই তিনি। শক্তি চট্টোপাধ‌্যায় শক্তি চট্টোপাধ‌্যায় হয়ে ওঠার পিছনে মীনাক্ষীদেবীর অবদানটা কেউ অস্বীকার করতে পারে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles