RK NEWZ ভিকি ঘরনি ক্যাটরিনা কাইফ। বলিউড ইন্ডাস্ট্রির অলিন্দে এই নামটাই যথেষ্ট। সাবলীল অভিনয় থেকে নৃত্যশৈলীতে শারীরিক বিভঙ্গ, সবতেই ছক্কা হাঁকান ক্যাটরিনা। তবে পুত্র সন্তানের জন্মের পর লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে আপাতত দূরে রেখেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও বিজনেস ওম্যান তথা ব্যবসায়ী মহিলা হিসেবে এক ইঞ্চি জায়গা ছাড়েননি ক্যাটরিনা কাইফ। কাজের মধ্যে এতটাই মগ্ন থাকেন যে মাঝেমধ্যেই ভিকি কৌশলকে হস্তক্ষেপ করতে হয়। মনে করিয়ে দিতে হয়, এবার কর্মজগৎ থেকে বেরতে হবে, ফোনটারও বিশ্রামের প্রয়োজন। এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে কথা বললেন ভিকি ঘরনি। ক্যাটরিনা কাইফের নিজস্ব একটি প্রসাধনী ব্র্যান্ড রয়েছে। সময়ের মাপকাঠিতে ব্যবসা করা কখনই সম্ভব নয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট সময় মেনে চলা যে সবসময় সম্ভব হয় না তা অকপটেই স্বীকার করেছেন ক্যাটরিনা। এমনকী রবিবারেও কাজের আলোচনা হয় বলে জানান। কাজের মধ্যে ডুবে থাকলে সময়ের হিসেবও ভুলে যান ক্যাটরিনা। “কত ঘণ্টা কাজ করছি তা গুনে রাখা সম্ভব নয়। তবে একজন রয়েছেন যিনি সেই হিসেবটা ঠিকই রাখেন। আর তিনি আমার স্বামী। বারবার আমাকে ফোনটা সরিয়ে রাখতে বলেন। কিন্তু কোনও কাজের প্রতি যখন আপনার সত্যিকারের ভালোবাসা থাকে তখন আর ঘণ্টার হিসেব বা ঘড়ির দিকে নজর থাকে না। এমন অনেক দিন হয়েছে যখন রবিবারেও আমরা কাজ নিয়ে আলোচনা করেছি।” ব্যবসার পাশাপাশি অভিনয় ও সংসার সামলানো যে সহজ নয় তা স্বীকার করেছেন ক্যাটরিনা। সেই সঙ্গে বিয়ে, মাতৃত্ব এবং পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে ক্যাটরিনার মত, “নিজের প্রতি একটু সদয় হতে হবে। নিজেকে সময় দিতে হবে, একটু স্বস্তির জায়গা দিতে হবে। জীবনের প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। তা সে আপনি একজন অভিনেত্রী হন বা ব্যবসায়ী কিংবা স্ত্রী , মা—সবকিছুর মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, তা বুঝে নেওয়ার জন্য নিজেকে সময় দিতে হবে।”





