RK NEWZ তিনি ক্রিকেট-ঈশ্বর শচীন তেণ্ডুলকরের মেয়ে। সেই পরিচিতি তো রয়েছেই। তবে বাবার পরিচয়ের বাইরে নিজেরও আলাদা জায়গা তৈরি করেছেন সারা তেণ্ডুলকর। জীবনযাপন থেকে ফিটনেস চর্চার নিত্যদিনের রুটিন, সোশাল মিডিয়ায় সর্বক্ষেত্রেই তাঁর জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাই এখন বিপুল অর্থ উপার্জনের পথ খুলে দিয়েছে তাঁর সামনে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি স্পনসরড পোস্টের জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পান সারা। ২৮ বছর বয়সেই দেশের অন্যতম পরিচিত ইনফ্লুয়েন্সর হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে সারার ফলোয়ার ৮৭ লক্ষের বেশি। ফিটনেস চর্চার নানা মুহূর্ত, ভ্রমণের ছবি থেকে শুরু করে ফ্যাশন– তাঁর প্রতিটি পোস্টেই নজর থাকে নেটিজেনদের। স্বাভাবিক ভাবেই দেশি-বিদেশি একাধিক নামী সংস্থার পছন্দের মুখ হয়ে উঠেছেন শচীনকন্যা। সূত্রমতে, সারার মোট সম্পত্তির পরিমাণ ১ থেকে দেড় কোটি টাকার মধ্যে। ব্র্যান্ডের প্রচার, মডেলিংয়ের কাজের পাশাপাশি রয়েছে তাঁর নিজস্ব ব্যবসাও। ‘সারা প্ল্যানার্স’ নামে একটি অনলাইন বিপণি রয়েছে তাঁর। সেখানে বিক্রি হয় পছন্দমতো নকশা করা ডায়েরি এবং প্ল্যানার। অর্থাৎ, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তাকে কাজে লাগানোর পাশাপাশি ব্যবসায়িক দুনিয়াতেও কদম জোরালো করছেন। বিজ্ঞাপনের দুনিয়াতেও সারার পরিচিতি কম নয়। ২০২১ সালে ‘আজিয়ো লাক্স’-এর হাত ধরে মডেলিংয়ে আত্মপ্রকাশ করেন তিনি। পরে যুক্ত হন কোরীয় প্রসাধনী সংস্থা ‘লেনেইজ’-এর সঙ্গেও। একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ডের সঙ্গে কাজের সুবাদে তাঁর পরিচিতি এখন দেশের গণ্ডি ছাড়িয়েছে। অস্ট্রেলিয়া টুরিজমের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শচীনকন্যা।

‘কাম অ্যান্ড সে গুড ডে’ ক্যাম্পেইনের অংশ হিসাবে গুরুদায়িত্ব পেয়েছেন সারা। এই আন্তর্জাতিক প্রকল্পের মূল্য হাজার কোটি টাকারও বেশি। এর সঙ্গে যুক্ত হওয়া সারার আন্তর্জাতিক পরিচিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। মডেলিং এবং ব্র্যান্ড প্রচারের দুনিয়ায় তাঁর গ্রহণযোগ্যতাও বেড়েছে। কেবল ফ্যাশন বা মডেলিং নয়, পড়াশোনাতেও উজ্জ্বল সারা। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন রেজিস্টার্ড নিউট্রিশন অ্যাসোসিয়েট। পুষ্টিবিদ্যার প্রতি আগ্রহের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছেন শচীনকন্যা। শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসাবেও দায়িত্ব সামলাচ্ছেন সারা। স্বাস্থ্য, খেলাধুলো এবং শিক্ষার প্রসারে কাজ করে এই সংস্থা। ফলে তাঁর কর্মকাণ্ড কেবল ফ্যাশন বা বিজ্ঞাপনের জগতেই সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার কাজেও যুক্ত। শচীনের কন্যা হওয়ায় পরিচিতির আলোয় আসা সহজ হয়েছিল ঠিকই, কিন্তু সেই পরিচিতিকে পুঁজি করে স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন সারা। তাঁর স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ ফ্যাশনিয়েস্তারা। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফ্যাশন কিংবা লাইফস্টাইলেই আটকে নেই সারার পরিচিতি, শিক্ষা এবং সমাজসেবামূলক কাজেও রয়েছে তাঁর আগ্রহ। তরুণ প্রজন্মের অন্যতম মুখ সারা। বাবার তারকাখ্যাতির ছায়া থেকে বেরিয়ে নিজ পরিচিতি তৈরির পথে বেশ সফল শচীনকন্যা।





