Top 5 This Week

spot_img

Related Posts

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু ষষ্ঠী থেকে!‌ ঐতিহ্যবাহী পুজো কৃষ্ণনগরে, আছে রিষড়াও

RK NEWZ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, কার্তিকপুজো শেষ হতে না হতেই শুরু জগদ্ধাত্রী পুজো। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে জগদ্ধাত্রীর আরাধনা হলেও, চন্দননগরবাসীর কাছে তা দুর্গাপুজোর মতোই গুরুত্বপূর্ণ। রবিবার ষষ্ঠী। ইতিমধ্যেই আলোয় সেজেছে ফরাসডাঙা। এই বছর বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা হয়েছে স্ট্র্যান্ড রোডে। জগদ্ধাত্রীর নাম উঠলে চন্দননগরের নাম সর্বাগ্রে এলেও, পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগরে। নদিয়ার এই শহরের খ্যাতিও জগদ্ধাত্রী পুজোর জন্য। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। নবাব আলিবর্দী খানকে বকেয়া রাজস্ব (১২ লক্ষ টাকা) না দেওয়ার কারণে রাজা কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদের কারাগারে বন্দি থাকতে হয়েছিল। যখন তিনি ছাড়া পেয়ে কৃষ্ণনগরে ফিরে আসেন, ততদিনে দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছিল। এতে রাজা দারুণ মনোকষ্টে পড়েন। কথিত আছে, সেই রাতেই দেবী দুর্গা তাঁকে স্বপ্নাদেশ দেন এবং তাঁকে স্বর্ণবর্ণা জগদ্ধাত্রী রূপে পুজো করার নির্দেশ দেন। ১৭৬২ সালে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সেই পুজোকে বর্তমানে আলো-জৌলুসে, মণ্ডপসজ্জায় ছাপিয়ে যায় চন্দননগর। কৃষ্ণনগরে নবমীতে পুজো হয়, দশমীতে বিসর্জন। তবে চন্দননগরে পুজো হয় ষষ্ঠী থেকেই। চার দিন পুজোর পরে দশমীতে বিশাল শোভযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হয়। কৃষ্ণনগর এবং সংলগ্ন এলাকায় প্রায় ২৫০টিরও বেশি জগদ্ধাত্রী পুজো হয়। দেবী এখানে ত্রিনয়না, চতুর্ভুজা এবং সিংহবাহিনী। তাঁর চার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ থাকে এবং তিনি হস্তীসুর (করীন্দ্রাসুর) মর্দনকারিণী, সিংহবাহিনী। কৃষ্ণনগরের প্রতিমার ঐতিহ্যবাহী সাজে শোলার কাজের বিশেষ প্রাধান্য থাকে। নবমীতে পুজো শুরু হয়। একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হয় একসঙ্গে। দশমীতে বিসর্জন। সকাল থেকে শুরু হয় ঘট ভাসান। সে-ও এক উৎসব! সুসজ্জিত ট্যাবলো, ঘট প্রদর্শন করে নদী পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তবে বিসর্জনের অন্যতম আকর্ষণ বাঁশের কাঠামোয় করে করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে শহর পরিক্রমা। অসংখ্য বেহারা কাঁধে করে নিয়ে জলঙ্গীতে প্রতিমা নিয়ে যান বিসর্জনের জন্য। একে বলে সাং বিসর্জন। বিশেষ কায়দায় ঠাকুর ঘোরানো হয় রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময়, তা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বহু লোকজন কৃষ্ণননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো দেখতে আসেন। ঠাকুর এবং শোভাযাত্রা, দু’টিই দেখার জন্য এখানে থেকে যাওয়া ভাল। কৃষ্ণননগর খুব ছোট জায়গা, খুব বেশি থাকার জায়গা নেই এখানে। তবে হাই স্ট্রিট, পোস্ট অফিস মোড়, এভি স্কুল মোড় (নেদের পাড়া) এলাকায় কিছু লজ এবং ছোটখাটো হোটেল রয়েছে। বিসর্জন দেখতে হলে এই জায়গাগুলিতে ঘর নেওয়া ভাল, কারণ, এই রাস্তাগুলি দিয়েই সাং বিসর্জন হয়। বাসস্ট্যান্ড এলাকাতেও বেশ কয়েকটি থাকার লজ রয়েছে। তবে দুর্গাপুজোর পর থেকেই তা বুকিং হয়ে যায়। শেষ মুহূর্তে থাকার জায়গা পাওয়া কঠিন। শান্তিপুরে থাকতে পারেন। সেখানে কয়েকটি রিসর্ট আছে। জগদ্ধাত্রী পুজোর সময় শহরে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হয় না।

গাড়ি নিয়ে গেলে বা কৃষ্ণনগরের বাইরে থাকলে নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে, কিছুটা রাস্তা টোটোয় গিয়ে শহরের মধ্যে হেঁটেই ঠাকুর দেখতে হবে। অনলাইন ট্রাভেল পোর্টাল বা সরাসরি ফোন করে ঘর বুক করা যায়। রেলপথে এলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। কলকাতা ধর্মতলা থেকে বাসে করেও কৃষ্ণনগর পৌঁছোতে পারেন। সরাসরি গাড়ি নিয়েও কৃষ্ণনগর আসা যায়। কলকাতা থেকে যশোর রোড বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বারাসত হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে সরাসরি কৃষ্ণনগর পৌঁছোনো যায়। দূরত্ব প্রায় ১১০-১১৫ কিলোমিটার। পুজোর দিনগুলিতে কৃষ্ণনগর শহরের ভিতরে প্রচণ্ড ভিড় থাকে এবং অধিকাংশ রাস্তায় ‘নো এন্ট্রি’ থাকে। তাই নিজের গাড়ি নিয়ে গেলে শহরের বাইরের দিকের নির্ধারিত পার্কিং জোনে গাড়ি রেখে হেঁটে বা টোটোতে ঘোরাই ভাল। কৃষ্ণনগর থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে চন্দননগর। এখানে পুজোর প্রচলন নিয়ে দুই ধরনের মত রয়েছে। কথিত আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে অনুপ্রাণিত হয়ে এখানে পুজো শুরু করেন। চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টিতে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়, যা আজ ‘আদি মা’ পুজো নামে পরিচিত। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা সুউচ্চ। কোনও কোনও মূর্তি ২৫-৩৫ ফুট পর্যন্ত উঁচু হয়। শতাধিক পুজো হয় মানকুণ্ডু-চন্দননগর জুড়ে। এই পুজোর অন্যতম আকর্ষণ আলোকসজ্জা। মানকুণ্ডু বা চন্দননগর স্টেশনের রাস্তা ধরে ঠাকুর দেখা শুরু করতে পারেন। বিশাল বড় এলাকা। এক দিনে সব ঠাকুর দেখা কার্যত অসম্ভব। চার দিনে পরিকল্পনা করে ঘুরতে হবে। পুজোর সময় টোটো-অটো বিকেল থেকে বন্ধ হয়ে যায়। তাই হেঁটেই ঘুরতে হবে। বরাত ভাল থাকলে বেশি রাতের দিকে, ভিতরের রাস্তায় টোটোর দেখা মিলতে পারে। তাঁরা ভিতরের রাস্তা দিয়ে কখনও কখনও যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে দেন। আধুনিক থিমের চেয়ে এখানে সাবেকিয়ানার কদর বেশি। শোলার সূক্ষ্ম কারুকাজ এবং ‘ডাকের সাজ’-এ (রুপোলি রাংতা ও চুমকির কাজ) সাজানো হয় প্রতিমা। চন্দননগরের এলইডি আলোর জাদু বিশ্বজুড়ে সমাদৃত। আলোকসজ্জায় বিভিন্ন গল্পের দৃশ্য (যেমন—পৌরাণিক কাহিনি, সামাজিক বার্তা বা সমসাময়িক ঘটনা) ফুটিয়ে তোলা হয়। দশমীর বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দননগরের জগদ্ধাত্রীপুজোর অন্যতম আকর্ষণ। বড় বড় ট্রাক ও লরিতে বিশাল প্রতিমা রকমারি আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে। শোভাযাত্রার আগে স্ট্র্যান্ড রোডে সার দিয়ে প্রতিমা দাঁড় করানো থাকে। সে-ও এক দেখার মতোই দৃশ্য। চন্দননগর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে রিষ়ড়াতেও ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। আলোর রোশনাই, থিমের মণ্ডপ আর কিছুটা চন্দননগরের আদলেই প্রতিমা হয়। থাকে থিমের প্রতিমাও। শতাধিক পুজো হয় এই শহরেও। নবমী থেকে পুজো শুরু হলেও, চার দিন ধরে উৎসব হয়। পঞ্চম দিনে আলো এবং প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে বিসর্জন পর্ব চলে মধ্যরাত পর্যন্ত। শোনা যায়, রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন মূলত শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে হোড় পরিবারের হাত ধারে। তবে বাড়ির পুজো এখানে হাতে গোনা, বহু দিন ধরেই পুজো ছড়িয়ে পড়েছে সমগ্র শহরে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার জাঁক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles