Top 5 This Week

spot_img

Related Posts

সংঘর্ষে হত পাক মেজর-সহ চার সেনাকর্মী, ২৪ জঙ্গি! বালোচিস্তানের ঘটনায় ভারতকে দুষে বিবৃতি জারি ইসলামাবাদের

RK NEWZ ২৪ জন জঙ্গি নিহত। মৃত্যু হয়েছে মেজর-সহ চার পাক সেনাকর্মীরও। বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনার সংঘর্ষ চলছে। গত দু’দিনে অন্তত ২৪ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের। তবে জঙ্গিদমন অভিযানে এক মেজর-সহ চার পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার মহম্মদ আদনান খান বালোচিস্তানে সশস্ত্র কোয়াডকপ্টার হামলায় নিহত হন। অন্য দিকে, হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি উত্তর ওয়াজিরিস্তানে সংঘর্ষে নিহত হন। গোটা ঘটনার জন্য ফের ভারতের দিকে আঙুল তুলেছে পড়শি দেশের সরকার। অভিযোগ, ভারতের মদতেই ওই অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা এবং তাতে সাধারণ নাগরিকদের নিশানা করা হচ্ছে। যদিও দাবির সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি ইসলামাবাদ। এমন দাবি আগেও করেছে তারা। ভারত যার তীব্র বিরোধিতা করেছে। পাক সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। শুক্রবার রাতে কোলপুর এলাকায় আট জন জঙ্গির মৃত্যু হয়েছে সেনার সঙ্গে সংঘর্ষে। তাদের মধ্যে এক আত্মঘাতী হামলাকারীও (সুইসাইড বম্বার) ছিল। এর পর শনিবার জঙ্গিরা পাল্টা হামলা করে। পাক সেনার টহলদারি গাড়িগুলিকে নিশানা করেছিল তারা। হামলায় মৃত্যু হয়েছে মেজর পদমর্যাদার আধিকারিক ওমর মিনহাস নাসির এবং হাবিলদার মহম্মদ আদনান খানের। অন্য একটি হামলায় সেনার আরও দুই জওয়ান প্রাণ হারিয়েছেন, তাঁদের নাম আসমত আলি এবং আফতাব আলি। জঙ্গিদের অভিযানের নেপথ্যে ভারতের মদত রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত এবং অন্য শত্রু গোয়েন্দা সংস্থাগুলির মদতে জঙ্গিরা ড্রোন, বিস্ফোরক পদার্থ ব্যবহার করে হামলা চালাচ্ছে। সাধারণ নাগরিক ও আমাদের নিরাপত্তারক্ষীদের নিশানা করা হচ্ছে। এগুলো এলাকার শান্তি নষ্ট করার প্রচেষ্টা। তবে ওদের এই কাপুরুষোচিত আচরণ আমাদের নিরাপত্তা বাহিনীকে পর্যুদস্ত করতে পারেনি। সন্ত্রাসবাদকে নির্মূল করতে এবং এলাকায় শান্তি ফেরাতে আমাদের অভিযান চলবে।’’ সেনা অভিযানকে কুর্নিশ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও। বলেছেন, ‘‘আঞ্চলিক শান্তি নষ্ট করতে শত্রুরা নিরপরাধ নাগরিক এবং নিরাপত্তারক্ষীদের নিশানা করে চলেছে। কিন্তু আমাদের বাহিনী শত্রুর প্রত্যেক পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম। দেশের বাইরে থেকে মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। বীর সেনাদের আত্মত্যাগ বাহিনীকে আরও শক্তিশালী করছে।’’ উল্লেখ্য, অতীতেও বার বার দেশের অভ্যন্তরের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। বার বারই ভারত সরকার সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। যেমন, ২০২৫-এর ২১ মে বালোচিস্তানের খুজদারে একটি স্কুলবাসে আত্মঘাতী হামলার পর ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিল পাকিস্তান। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় অভিযোগ প্রত্যাখ্যান করে সে সময় বলেছিলেন, ‘‘খুজদারের ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়ে পাকিস্তান যে অভিযোগ করেছে, ভারত তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছে।’’ তিনি আরও বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে নিজেদের পরিচিতি থেকে নজর ঘোরাতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলাটা যেন অভ্যাসে পরিণত করেছে পাকিস্তান।

২৮ অক্টোবরই দিল্লি জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী এসসিও-র সকল সদস্য রাষ্ট্রকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান কোনও প্রতিনিধিকে দিল্লিতে পাঠাবে কি না, তা এত দিন স্পষ্ট ছিল না। পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুরের পর দু’দেশের কূটনীতির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে কি তা খুলতে চলেছে? কারণ, চলতি মাসেই ভারতে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজেশন ডায়লগ’। সদস্য রাষ্ট্র হিসাবে সেই সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে ইসলামাবাদও।
পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক এসসিও-র ওই সম্মেলনের জন্য দিল্লিতে পা রাখবেন। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। চারদিনের ওই অভিযানের পর থেকে দু’দেশের সম্পর্কে নয়া শৈত্য তৈরি হয়। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতে আসবেন। এর আগে ২০২৩-এ শেষবার গোয়ায় এসসিও সম্মেলনে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২৮ অক্টোবরই দিল্লি জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী এসসিও-র সকল সদস্য রাষ্ট্রকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান কোনও প্রতিনিধিকে দিল্লিতে পাঠাবে কি না, তা এত দিন স্পষ্ট ছিল না। শনিবার পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘এসসিও-র ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন আলোচনা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ এবারের এসসিও বৈঠক সংস্কৃতি ও বিদেশমন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে। আলোচনার মূল বিষয় হল, সভ্যতাগত সম্পর্ক, সাংস্কৃতিক কূটনীতি, ঐতিহ্য, প্রথাগত জ্ঞান, শিক্ষা ব্যবস্থায় যৌথ কাজ। ভারতের ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে দিল্লির ‘পুরানা কেল্লা’য়। পাকিস্তান ছাড়াও আমন্ত্রণ পাঠানো হয়েছে সদস্য রাষ্ট্র রাশিয়া, চিন, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, বেলারুশ-সহ বাকি দেশের প্রতিনিধিদের। এছাড়া পর্যবেক্ষক দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles