RK NEWZ ‘মীরাক্কেল’-এর প্রত্যাবর্তনের খবরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস! স্ট্যান্ড আপ কমেডি শোয়ের দর্শকের জন্য দুর্দান্ত খবর। উৎসবের আমেজে রিয়ালিটি শোয়ের দর্শকের জন্য এসে গেল জবর খবর। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দায় ফিরছে হাস্যকৌতুকে ভরপুর ‘মীরাক্কেল’। শোয়ের প্রথম ঝলক আসতেই উচ্ছ্বসিত ‘মীরাক্কেল’-এর দর্শক। খোলনলচে বদলে নতুন সিজন অর্থাৎ ‘মীরাক্কেল ১১’-এ নতুন বিন্যাসে সাজানো হচ্ছে। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের মুখে বলা জোকস ভিডিও করে পাঠিয়ে অ়ডিশনে অংশগ্রহণ করতে পারে। অডিশনের প্রোমো প্রকাশ্যে আসতেই সম্প্রচারের দিনক্ষণ জানতে অত্যুৎসাহী ‘মীরাক্কেল’-এর দর্শক।

জোকসের ভিডিও জমা পড়ার পর শুরু হবে বাছাই পর্ব। তারপর মূল পর্বের জন্য লড়াই। যতদূর জানা যাচ্ছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন পর্বের সম্প্রচার শুরু হতে পারে। জানুয়ারির শেষের দিকেই শুটিং শুরুর সম্ভবনা রয়েছে। তবে পুরো বিষয়টাই যোগ্য প্রতিযোগী চূড়ান্ত হওয়ার উপর নির্ভর করছে। বিচারকের আসনে কারা থাকছেন সেটাও এখনও চূড়ান্ত হয়নি। ২০২১ সালে শেষ বার ‘মীরাক্কেল’-এর সম্প্রচার শুরু হয়েছিল। মাঝে পাঁচ বছরের লম্বা বিরতি। ভাতৃদ্বিতীয়ার দিন ‘মীরাক্কেল’-এর নতুন সিজনের ঘোষণা নিঃসন্দেহে দর্শকের কাছে অপ্রত্যাশিত। এ যেন মেঘ না চাইতেই জল! সাম্প্রতিক সময়ে ‘সেন্সরশিপ’ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নানাবিধ বিধি নিষেধ রয়েছে। তাই কৌতুক শোয়ের ক্ষেত্রে তাই অনেকটাই সাবধানী হতে হবে টিম ‘মীরাক্কেল’কে। মীর, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ে নতুন ফরম্যাটে আসন্ন ‘মীরাক্কেল ১১’-এ দেখা যাবে কিনা সেটা অবশ্য প্রশ্ন চিহ্নের মুখে। প্রোমো প্রকাশ্যে আসতেই পুরনো টিমকে ফিরিয়ে আনার দাবি নেটপাড়ার মীরাক্কেলপ্রেমীদের। দর্শকদের একাংশের মতে, ‘মীরাক্কেল’-এর প্রকৃত আকর্ষণই ছিল এই পুরনো টিম। মীরের সঞ্চালনা, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিচারকের আসনে থাকা। সব মিলিয়ে হাস্যকৌতুকে জমজমাট হয়ে উঠত এই রিয়ালিটি শো। চ্যানেলের তরফে পোস্টের কমেন্ট বক্সে রয়েছে একের পর এক অনুরোধ। ছোট পর্দায় ‘মীরাক্কেল’-এর প্রত্যাবর্তনের খবরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও পুরনো টিম নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে বই কী! ‘মীরাক্কেল’ আর মীর পরস্পরের সমার্থক। কিন্তু, মীর সাম্প্রতিক অতীতেই জানিয়েছিলেন আর কখনও তাঁকে এই রিয়ালিটি শোয়ের সঞ্চালকের আসনে দেখা যাবে না। পুরনো টিমকে বাদ দিয়ে অনুষ্ঠান কতটা দর্শকের মন জয় করতে পারবে সেটা তো সময় বলবে।




