RK NEWZ আগামী ২০ ডিসেম্বর ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। বর্তমান সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে সরব হলেও ভাইচুং ভুটিয়া নিজে সভাপতি পদে লড়বেন না। সদ্য সিকিমের গোয়েচ লা থেকে ট্রেকিং করে ফিরেছেন। কিছুটা ক্লান্ত ভাইচুং ভুটিয়া। কিন্তু মাথায় রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন। তিনি নিজে দায়িত্বে আসতে চাইছেন না। তার কারণও রয়েছে। নির্বাচন, ভারতীয় ফুটবল নিয়ে আর কে নিউজের ক্রীড়াসাংবাদিকের সামনে খুল্লামখুল্লা বাইচুং।
ব্রাজ়িল এবং উরুগুয়ের ম্যাচ আয়োজন করে এআইএফএফ-এর প্রায় ৪৫ কোটি টাকা লোকসান প্রসঙ্গে বাইচুং বলেন, হয়তো ক্ষতির পরিমাণ আরও বেশি। এআইএফএফ নিজেরাই বলছে, তাদের ক্ষতি হয়েছে। স্পনসরদের ক্ষতি হয়েছে। টিকিট বিক্রি করে ক্ষতি হয়েছে। তা হলে লাভ কার হয়েছে? কোনও সন্দেহ নেই, কারও না কারও তো পকেট ভরেছে। তা হলে কাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে? নির্বাচনে জিতে যিনিই ক্ষমতায় আসুন, নতুন যে কমিটিই তৈরি হোক, সকলের আগে উচিত কল্যাণ চৌবেদের (বর্তমান এআইএফএফ সভাপতি) বিরুদ্ধে তদন্ত করা। সত্যিটা সকলের সামনে আসা খুব দরকার। কল্যাণই কাঠগড়ায়? কারণ উনিই তো ভারতীয় ফুটবলের মাথায় বসে রয়েছেন। ব্রাজ়িল এবং উরুগুয়ে দল এখনও পুরো টাকা পায়নি। ভারতীয় ফুটবলের নাম কলঙ্কিত করেছেন উনি। শুধু ফুটবল নয়, গোটা দেশের বদনাম করে দিয়েছেন। এ বার যদি ব্রাজ়িল এবং উরুগুয়ে ভারতের বিরুদ্ধে ফিফায় যায় বা আন্তর্জাতিক আদালতে মামলা করে, তা হলে কী অবস্থাটা হবে ভাবতে পারছেন? এই বদনাম নিয়ে এ দেশের ফুটবল আর কোনও দিন ঘুরে দাঁড়াতে পারবে? ফেডারেশনের ফিক্সড ডিপোজ়িট ভাঙার কথা বলেছেন সভাপতি। এটা তো কোনও সমাধান হতে পারে না। এটা ফেডারেশনের দীর্ঘদিনের পুঁজি। এক জনের অপদার্থতার জন্য সেখানে কেন হাত দেওয়া হবে? সেটা হলে তো আর একটা কেলেঙ্কারি হবে। তাই আবার বলছি, কল্যাণের বিরুদ্ধে তদন্ত হোক। কল্যাণের জায়গায় যিনিই আসুন, ভারতীয় ফুটবলের ভাল হবে। যিনিই নতুন সভাপতি হোন, কল্যাণের চেয়ে ভাল কাজ করবেন। প্রফুল পটেল আগেও ফেডারেশনের সভাপতির দায়িত্ব সামলেছেন। ওঁর বিশাল অভিজ্ঞতা। ওঁর সময়ে ভারতীয় ফুটবলের উন্নতি হয়েছে। উনি ভাল কাজ করেছেন। অরবিন্দ মেনন উত্তরপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সামলাচ্ছেন। উনিও ওখানে খুব ভাল কাজ করছেন। বলছি তো, যাঁর আমলে ভারতীয় ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে নেমে গিয়েছে, যাঁর হাত ধরে ফেডারেশনের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, তাঁর চেয়ে যে কেউ ভাল কাজ করবেন। আইএসএল শুরু হয়েছে ১৩ বছর হয়ে গেল। এটিই এখন ভারতের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা। আইএসএল-এর দৌলতে ভারতীয় ফুটবল কি এগোতে পেরেছে একটুও। ভারতীয় ফুটবল এগোলে ফিফা র্যাঙ্কিং কি ১৩৮ হয়? গত বছর তো প্রতিযোগিতাটা ঠিকমতো করাই যায়নি। অর্ধেক লিগ হয়েছিল। স্পনসর পেতে, ব্রডকাস্টার (সম্প্রচারকারী চ্যানেল) পেতে ফেডারেশনের কালঘাম ছুটে গিয়েছিল। ভারতীয় ফুটবল এগিয়েছে না পিছিয়েছে সেটা কি আমার বলার অপেক্ষা রাখে? আইএসএল যদি দেশের এক নম্বর প্রতিযোগিতা হয়, তাকে বাঁচাতে হবে। অবসরের পর ১৬ বছর হয়ে গিয়েছে। তার পর থেকে আমরা ভারতীয় দলে বলার মতো মাত্র একজন ফরোয়ার্ড পেয়েছি। তিনি সুনীল ছেত্রী। এটা ফুটবল প্রশাসনের ব্যর্থতা। তৃণমূল স্তরে আমূল পরিবর্তন দরকার। পরিকাঠামোর ব্যাপক উন্নতি প্রয়োজন। আপনি বলেছেন, ফেডারেশনের পরবর্তী সভাপতি উত্তর-পূর্বাঞ্চল থেকে হওয়া উচিত। ফেডারেশনের ৭৫ বছরের ইতিহাসে সেখান থেকে কেউ সভাপতি হননি। তা হলেও এই পদে লড়ার আমার কোনও ইচ্ছে নেই। আমি ‘স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) বিভাগ থেকে ফেডারেশনের কমিটিতে থাকতে চাই। ২৩ নভেম্বর এসওএম-এর নির্বাচন। আমি সভাপতি হতে চাই না। দেনার দায়ে ডুবে রয়েছে ফেডারেশন। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলের বরোটা বাজিয়ে দিয়েছেন। এই ফেডারেশনের সভাপতি হওয়ার কোনও ইচ্ছে আমার নেই।
অন্য এক প্রসঙ্গে বাইচুং ভুটিয়া বলেনস খানিকটা হঠাৎই সাত দিনে ১০০ কিলোমিটার ট্রেক করতে হয়েছে। আসলে গোয়েচ লা হচ্ছে ভারতের কঠিনতম ট্রেকিং রুট। প্রতি পদে পদে চ্যালেঞ্জ। আমার মেয়ে কেইশা আমাকে জোর করল। বলল, বাবা তুমি পারবে। ওর জোরাজুরিতেই গোয়েচ লায় যাওয়া। তাই মেয়েকে ধন্যবাদ দিচ্ছি। ও না বললে হয়তো ওখানে যাওয়া হত না। এত চ্যালেঞ্জ সামলানো, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।





