Top 5 This Week

spot_img

Related Posts

বডি পেন্টিংয়ে কালীর অবয়ব! ভিন্ন শিল্পচর্চায় রানাঘাটের তরুণ শিল্পী গৌরব

RK NEWZ ক্যানভাসে রং-তুলির মাধ্যমে ছবি আঁকাই ছিল অভ্যাস। সেই শিল্পচর্চা থেকেই ধীরে ধীরে অন্য ধারায় পা রাখা। এবার মানুষের অবয়বকে ব্যবহার করে দেবী তারার রূপ ফুটিয়ে তুললেন রানাঘাটের মাহুতপাড়ার তরুণ শিল্পী গৌরব সরকার। সহজ কথায় বডি পেন্টিংয়ের মাধ্যমে কালী প্রতিমা তৈরি করেছেন গৌরব। তাঁর এই অভিনব শিল্পকর্ম দেখতে কালীপুজোর আগে থেকেই ভিড় জমাচ্ছে স্থানীয়রা। নৈহাটির বড়মাকে নিয়েও বডি পেন্টিংয়ের কাজ করেছিলেন গৌরব। তা প্রশংসাও পেয়েছিল। সেই সাফল্য থেকে প্রতি বছর কালীপুজোর আগে নিজের শিল্পভাবনায় নতুন কিছু করার চেষ্টা চালান রানাঘাটের এই শিল্পী। তাঁর এই শিল্পকর্ম তৈরির পিছনে রয়েছে একটি বিশেষ ভাবনা। গৌরব জানান, আগে কখনও বডি পেইন্টিং বা মেকআপের কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট নন। খাতায় ও ক্যানভাসে ছবি আঁকাই ছিল তাঁর চর্চা। একদিন হঠাৎই নৈহাটির বড়মাকে মানুষের অবয়বে ফুটিয়ে তোলার ভাবনা মাথায় আসে। প্রথমবার সেই কাজ শুরু করেন। তা মানুষের কাছে পৌঁছতেই প্রচুর প্রশংসা পান। গৌরবের কথায়, ‘‘বড়মার আশীর্বাদ এবং মানুষের ভালোবাসাই আমাকে পরবর্তী সময়ে এই কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।” প্রতি বছর কালীপুজোর আগে নতুন কোনও পৌরাণিক চরিত্র বা দেবদেবীর রূপকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। এবছর সেই ভাবনারই প্রকাশ ঘটেছে মা তারার রূপে। মানুষের অবয়বের মধ্যে কালীর রূপ ফুটিয়ে তুলতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা প্রায় ১০ ঘণ্টা সময় দিয়েছেন গৌরব। কম্বাইন্ড কোর্সে পড়াশোনা করেন গৌরব। সেইসঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পকর্ম তৈরির কাজেও। ভবিষ্যতে এই কাজ আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে চান গৌরব। বলছেন, আগামী দিনেও দর্শকদের জন্য নতুন নতুন কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন। মানুষের ভালোবাসা পাওয়া এবং তাঁদের মন জয় করাই গৌরবের লক্ষ্য। নতুন প্রজন্মের উদ্দেশে গৌরবের বার্তা, ‘‘যে কাজ মন থেকে ভালো লাগে, সেই কাজকেই ভালোবেসে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। নিষ্ঠার সঙ্গে নিজের পছন্দের কাজ করে গেলে সাফল্য একদিন আসবেই।” ক্যানভাসের চেনা গণ্ডি পেরিয়ে মানুষের অবয়বে দেবদেবীর রূপ ফুটিয়ে তোলার মধ্য দিয়ে সেই পথেই এগিয়ে চলেছেন রানাঘাটের এই তরুণ শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles