RK NEWZ এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে সর্বকালের সেরা ফল করেছে ভারত। এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে ১১৪টি পদক জিতে সর্বকালের সেরা ফল করেছে ভারত। অভূতপূর্ব সাফল্যের পর উচ্ছ্বসিত দেশবাসী। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দেশের প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২০২২ সালে হাংঝৌ প্যারা এশিয়ান গেমসে ২৯ সোনা, ৩১ রুপো, ৫১ ব্রোঞ্জ-সহ ১১১ পদক নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল ভারত। এবার চার বছর আগের সাফল্যকে পিছনে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘অসাধারণ সাফল্য! ১১৪টি পদক জিতে এশিয়ান প্যারা গেমসে এবার ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। গোটা দেশের কাছে যা অত্যন্ত গর্বের ও আনন্দঘন মুহূর্ত।’ দেশের পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আমাদের দলের প্রত্যেক সদস্যকে তাঁদের অসাধারণ সংকল্প ও লড়াইয়ের জন্য অভিনন্দন জানাই। এই ঐতিহাসিক সাফল্যে প্রত্যেক অ্যাথলিটের অবদান রয়েছে। তাঁদের কৃতিত্ব অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছে।’ উল্লেখ্য, নাগোয়ায় এবার মোট ৩০ সোনা, ৩৫ রুপো এবং ৪৯ ব্রোঞ্জ-সহ মোট ১১৪ পদক নিয়ে ভারত শেষ করেছে চতুর্থ স্থানে। ৪২৭ পদক নিয়ে চিন প্রথম স্থানে। ২০৪টি স্বর্ণপদক পেয়েছে ‘রেড ড্রাগনে’র দেশ। দ্বিতীয় স্থানে থাকা জাপানের পদক সংখ্যা ১৮৫। তৃতীয় স্থানে উজবেকিস্তান। তাদের পদকসংখ্যা ১৪৫। ভারতের পর রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের হাতে ২৮ সোনা-সহ ৯৭টি পদক। ইরান ৮৭টি পদক নিয়ে পঞ্চম স্থানে। এবারের সাফল্যের তাৎপর্য আলাদা। কারণ, আগের প্রতিযোগিতার তুলনায় প্রায় অর্ধেক, মাত্র ১৬৮ জনের দল নিয়ে নাগোয়ায় গিয়েছিল ভারত। তবু একের পর এক বিভাগে নজরকাড়া পারফরম্যান্স করে পদক তালিকায় নতুন নজির গড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতের সাফল্যে সবচেয়ে বড় অবদান প্যারা অ্যাথলেটিক্সের। এই বিভাগ থেকে এসেছে ৬৫টি পদক। যার মধ্যে ২২টি সোনা, ১৯টি রুপো ও ২৪টি ব্রোঞ্জ। প্যারা ব্যাডমিন্টনে ১৬টি এবং প্যারা সাঁতারে ১১টি পদক জিতেছে ভারত। প্যারা আর্চারিতে ৩টি সোনা-সহ ছ’টি পদক এসেছে। প্যারা শুটিংয়ে পাঁচটি পদকের মধ্যে দু’টি সোনা। এছাড়াও প্যারা টেবল টেনিস, প্যারা জুডো ও প্যারা পাওয়ারলিফটিংয়ে পদক জিতেছেন ভারতীয়রা। প্রতিযোগিতার শেষ দিনেও ভারতের ভাগ্যাকাশে পদকের বন্যা অব্যাহত ছিল। শেষ দিনে ৯টি সোনা জিতে ভারতের মোট পদকসংখ্যা আগের নজিরকে অনেকটাই পিছনে ফেলে দেয়।





