RK NEWZ দেশ মাতৃকা ও জাতীয় সংস্কৃতি রক্ষায় মা-বোনেদের বীরাঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়ে ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ‘অন্নপূর্ণা যোজনা’ ও একাধিক নারীকল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরে তিনি বলেন, যে অপশক্তি বা ‘টুকরে টুকরে গ্যাং’ দেশের অভ্যন্তরে থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা-বোনেদের নিয়ে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ বা একটি সামাজিক গোষ্ঠী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যা নারী অধিকার রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে। একই সঙ্গে, স্কিমে স্বচ্ছতা বজায় রাখতে আগামী ২০ অগস্ট থেকে একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে। কোনও উপযুক্ত মহিলা অর্থ না পেলে কিংবা কোনও অনুপযুক্ত মহিলা অর্থ পেয়ে থাকলে সেখানে সরাসরি আপত্তি ও আবেদন জানানো যাবে। স্বচ্ছতা বজায় রাখতে বিত্তশালী মহিলাদের এই সুবিধা ত্যাগ করে অন্য দুস্থ বোনদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ৫০০ টাকা, লোকসভা ভোটের আগে ১,০০০ টাকা এবং ভোটের ঠিক দু মাস আগে ১,৫০০ টাকা দেওয়া হয়েছিল। সেই তালিকায় পুরুষ, অ-ভারতীয় (এসআইআর-এ নাম কাটা যাওয়া) এবং মৃত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত ছিল। নতুন বিজেপি সরকার রাজকোষের শৃঙ্খলা মেনে সরলীকৃত ফর্মে আবেদন গ্রহণ করেছে এবং প্রকৃত যোগ্যদের হাতেই সরকারি সহায়তার অর্থ তুলে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছে।
নারী সুরক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানমূলক একাধিক পদক্ষেপ
উত্তর কলকাতার সভার পর দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার আয়োজনে ধনধান্য স্টেডিয়ামের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নে সরকারের একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, বারুইপুরের মর্মান্তিক ঘটনা ও আরজি করের ‘আরজি কর’ কাণ্ডে নতুন করে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘কন্যারত্ন দিবসে’ ছাত্রীদের বার্ষিক ১,০০০ টাকার অনুদান আগামী বছর থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হচ্ছে।
শুভেন্দু বলেন, আইসিডিএস ও আশা কর্মীদের বেতন এক ধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রে গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। নারী নিরাপত্তায় বিশেষ ‘দুর্গা স্কোয়াড’ গঠনের পাশাপাশি পুলিশের দুটি নতুন মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। রাজ্যের ৬৫০টিরও বেশি থানায় চালু করা হয়েছে ‘মহিলা হেল্প ডেস্ক’। এছাড়াও আগামী মহালয়ার দিন থেকে চালু হচ্ছে সমন্বিত জরুরি নম্বর ‘১১২’। উত্তরপ্রদেশ বা গুজরাতের মতো ৬ মিনিটে পুলিশি রেসপন্স সুনিশ্চিত করতে প্রতিটি থানায় নতুন গাড়ি দেওয়া হচ্ছে, যাতে কোনও বিপদে মহিলারা দ্রুত প্রশাসনিক সহায়তা পান।



