Wednesday, August 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

নিষিদ্ধ গুটখা?‌ প্লাস্টিকের প্যাকেটে পানমশলা বিক্রি বন্ধ! নীতি সংশোধন করল কেন্দ্র, ব্যবহার করতে হবে কাচ, টিন

RK NEWZ প্লাস্টিকের প্যাকেটে আর বিক্রি করা যাবে না পানমশলা! নীতি সংশোধন করল কেন্দ্র, ব্যবহার করতে হবে কাচ, টিন। এফএসএসএআই জানিয়েছে, সাধারণ মানুষের মতামত বিবেচনা করেই চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে। প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের ফয়েল প্যাকেটে আর বিক্রি করা যাবে না পানমশলা। জানিয়ে দিল ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই)। কী দিয়ে পানমশলার প্যাকেট তৈরি করতে হবে, তা-ও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা। ২০১৮ সালের খাদ্য সুরক্ষা এবং মানক (প্যাকেজিং) নিয়ন্ত্রক নীতি সংশোধন করে তাতে পানমশলা সংক্রান্ত নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য সুরক্ষা এবং মানক (প্যাকেজিং) নিয়ন্ত্রক সংশোধনী নীতি, ২০২৬-এর মাধ্যমে নতুন নিয়মের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এফএসএসএআই। সোমবার সেই নিয়ে গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্লাস্টিক ছাড়া অন্য কোনও জিনিসের তৈরি প্যাকেটে পানমশলা বিক্রি করতে হবে। কী দিয়ে তৈরি করতে হবে পানমশলার প্যাকেট? এফএসএসএআই জানিয়েছে, কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ়ের মতো জিনিস দিয়ে তৈরি করতে হবে পানমশলার প্যাকেট। কোনও মতেই প্যাকেটের উপকরণে প্লাস্টিক রাখা যাবে না। পলিথাইলিন, পলিপ্রপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইডের মতো জিনিস দিয়ে পানমশলার প্যাকেট তৈরি চলবে না। অ্যালুমিনিয়াম ফয়েল বা মেটালাইজড লেয়ারের মতো কিছু দিয়েও পানমশলার প্যাকেট তৈরি করা চলবে না। তবে টিন বা কাচের তৈরি কৌটোয় পানমশলা বিক্রি করা যাবে। সংশোধিত নীতিতে জানানো হয়েছে, ২০১৬ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নীতি, ১৯৮৬ সালের পরিবেশ (রক্ষা) আইন মেনে এ বার থেকে পানমশলা প্যাকেটজাত করতে হবে। নীতি সংশোধনীর খসড়া চলতি বছর ২৮ এপ্রিল প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিল তারা। ৬০ দিন সময় দেওয়া হয়। এফএসএসএআই জানিয়েছে, সাধারণ মানুষের মতামত বিবেচনা করেই চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতেও এ-ও জানানো হয়েছে, দেশে পানমশলা কোনও ভাবেই বন্ধ করা হচ্ছে না। বরং তা কী ভাবে প্যাকেটজাত করা হবে, এ বার সেই সংক্রান্ত নীতিও প্রণয়ন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles