RK NEWZ গুকেশের দুঃসময় কাটছেই না। নরওয়ে চেজে কার্লসেনকে কিস্তিমাত প্রজ্ঞানন্দের! অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের পতন থামছেই না। দাবার বোর্ডে এই ঐতিহাসিক জয় ও নাটক। ম্যাগনাস কার্লসেনকে হারানো বিশ্বদাবায় বিরাট ঘটনা। আর সেটা যদি ক্লাসিক্যাল ফরম্যাটে হয়, তাহলে তো কথাই নেই। নরওয়ে চেজে সেই দুঃসাধ্যের কাজ করে দেখালেন আর প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে টুর্নামেন্টে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার। যদিও ভারতীয় প্রতিযোগীদের সবার জন্য দিনটা ভাল যায়নি। যেমন, বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। তাঁর দুঃসময় যেন কাটছেই না! দীর্ঘ লড়াইয়ের পর ক্লাসিক্যাল গেম ড্র করলেও আর্মাগেডনে আলিরেজা ফিরোজার কাছে হার মেনেছেন। বুধবারের শুরু থেকেই মাথা ঠান্ডা রেখে একটার পর একটা চাল দিতে থাকেন প্রজ্ঞানন্দ। যদিও খেলার মাঝপথে কার্লসেন আবার ম্যাচে ফেরার রাস্তা তৈরি করেছিলেন। এমনকি একসময় জেতার পরিস্থিতিও তৈরি হয়! কিন্তু সবাইকে চমকে দিয়ে হঠাৎ ভেঙে পড়েন নরওয়ের মহাতারকা। একটার পর একটা ভুলে আকস্মিকভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া! প্রজ্ঞানন্দ সুযোগ নষ্ট করেননি। ঠান্ডা মাথায় খেলা শেষ করে পুরো পয়েন্ট তুলে নেন। ম্যাচের পর ভারতীয় দাবাড়ুর প্রতিক্রিয়া, ‘এটা আমার জন্য সত্যিই বড় জয়!’ যোগ করেন, ‘যদিও আমি একটু ভাগ্যবান ছিলাম।’ জয়ের সুবাদে প্রজ্ঞানন্দের পয়েন্ট দাঁড়াল ৪.৫। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এককভাবে। শীর্ষে ফিরোজা। তাঁর সংগ্রহ ৭.৫ পয়েন্ট। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের নরওয়ে চেজেও প্রথমবার ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারান প্রজ্ঞানন্দ। যার অর্থ, এই সাফল্য আকস্মিক নয়। বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে বড় মঞ্চে ধারাবাহিকভাবে ভাল ফল করছেন ভারতীয় তরুণ। সম্প্রতি রোমানিয়ার সুপারবেট চেজ ক্লাসিকেও দুর্দান্ত খেলেছিলেন। ফর্মের রেশ নরওয়েতেও টেনে আনলেন
।
অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে গুকেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা। নরওয়ে চেসেও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ফিরোজার বিরুদ্ধে প্রায় পাঁচ ঘণ্টার ক্লাসিক্যাল ম্যাচ ড্র। তারপর টাইব্রেক ধরনের আর্মাগেডন গেমে হারতে হয় ভারতীয় তারকাকে। ম্যাচের পর গুকেশের প্রতিক্রিয়া, ‘পুরো ম্যাচজুড়েই ও জেতার অবস্থায় ছিল!’ এই মুহূর্তে তাঁর পয়েন্ট ৩.৫। ছ’জনের ওপেন বিভাগে চার নম্বরে রয়েছেন। এই মুহূর্তে ছবিটা খুব পরিষ্কার। একদিকে ১৯ বছরের প্রজ্ঞানন্দ বারবার বিশ্বের সেরা খেলোয়াড়দের হারিয়ে নিজের জায়গা আরও শক্ত করছেন। অন্যদিকে গুকেশ বিশ্বচ্যাম্পিয়নের চাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ! টুর্নামেন্ট এখনও বাকি। ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। যদিও প্রজ্ঞানন্দ ছুটে চলেছেন। কার্লসেনকে হারিয়ে তিনি আবার মনে করিয়ে দিলেন, কড়া চ্যালেঞ্জারের বিরুদ্ধে এখন আর শুধু ‘ভাল টক্কর’ নয়, লড়াই জিততে শিখে গিয়েছেন।
কার্লসেনকে কিস্তিমাত প্রজ্ঞানন্দের! বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের পতন থামছেই না





