RK NEWZ বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হল মিঠুন চক্রবর্তীকে। তবে পদটি পূর্ণমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এ বার রাজ্যের পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন। ওই ছবিতে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাস্তবে পশ্চিমবঙ্গের পূর্ণমন্ত্রীর সমতুল পদ দেওয়া হল রাজনীতিক মিঠুন চক্রবর্তীকে। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে মিঠুনকে। ওই পদ ‘ক্যাবিনেট মন্ত্রী’র সমতুল্য পদমর্যাদার বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে ওই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মিঠুনকে ওই পদ দেওয়া হল।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা যদিও স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে থেকেছেন মিঠুন। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার জন্য তৈরি হওয়া কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্ব আগেই পেয়েছেন। নিউটাউনে তৈরি হতে চলা উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মিঠুনকে ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানিয়েছিলেন, শীঘ্রই আরও বড় ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’কে।
২০২১ সালে বিধানসভার ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেন। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা ভোটপ্রচারে তারকাপ্রচারক ছিলেন এই অভিনেতা-রাজনীতিক।



