Top 5 This Week

spot_img

Related Posts

বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়!‌ মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দেন

RK NEWZ ‘ভেট্টি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালুর পর চেন্নাইয়ের একটি সরকারি বাসে বিজয়কে যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং টিকিট বিতরণ করতে দেখা যায়। রাজ্যের বাসিন্দাদের সুবিধার জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কর্মসূচি উপলক্ষে তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকাও পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই কন্ডাক্টর-সুলভআচরণ উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে এবং যাত্রীরা তাঁদের ফোনে ভিডিও তুলতে শুরু করেন। বাসে থাকা কলেজ পড়ুয়ারাও বিজয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁকে চকোলেট উপহার দেন। এর আগে তামিলনাডুতে মহিলারা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। ‘ভেট্টি পায়ানাম’ প্রকল্পের আওতায় এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস এবং ডিলাক্স বাসেও বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের (ঘাট) সাধারণ বাসও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তামিলনাড়ু সরকারের দাবি, রাজ্যের সাতটি পরিবহণ সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রতিদিন প্রায় ৮৪.৩ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন। পরিবহণ মন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, এই সম্প্রসারণের লক্ষ্য হল গণপরিবহণ পরিষেবার সুযোগ আরও বাড়ানো। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী পড়ুয়া এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মহিলাদের জন্য উন্নত পরিষেবা দেওয়া হবে। বিনামূল্যে ভ্রমণের হিসাব রাখার জন্য বাসে থাকা ইলেকট্রনিক টিকেটিং মেশিনগুলোকেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles