RK NEWZ সিএবির বিবৃতি, সৌরাশিস লাহিড়ির পাল্টা বিবৃতিতে নতুন বিতর্ক বাংলার ক্রিকেটে। সিএবির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিনই তৈরি হল এই নতুন বিতর্ক। রাজ্যের ক্রিকেটে নতুন বিতর্ক। উৎপল চট্টোপাধ্যায়কে সিএবির জীবনকৃতী সম্মান দেওয়া বা মহম্মদ শামিকে সংবর্ধিত করার পাশাপাশি খবরের শিরোনামে বাংলার প্রাক্তন ক্রিকেটার ও অনূর্ধ্ব ১৯ দলের কোচ সৌরাশিস লাহিড়ি। ধনধান্য প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার ঘণ্টা দু’য়েক আগে সিএবি জানায়, সৌরাশিস কোচ নির্বাচন নিয়ে তাদের উপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। বাংলার কোচ নির্বাচন নিয়ে তাঁর আর কোনও অভিযোগ নেই। তিনি বিষয়টি বিস্তারিত ভাবে সিএবির ওম্বুডসম্যানকে জানিয়ে দিয়েছেন এবং বিষয়টি মিটে গিয়েছে। উল্লেখ্য, সৌরাশিসকে এবার বাংলার কোনও স্তরেই কোচের দায়িত্ব দেয়নি সিএবি।
কিন্তু সিএবির অনুষ্ঠান শেষ হওয়া মাত্র সকলকে অবাক করে দিয়ে সৌরাশিস জানিয়ে দেন, সিএবি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করছে। বাংলার প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, সিএবি যা বলছে, তা প্রকৃত সত্য পরিস্থিতি তুলে ধরছে না। সৌরাশিসের বক্তব্য, তিনি কখনোই ওম্বুডসম্যান বা সিএবির কাছে কোনও অভিযোগই দায়ের করেননি। ফলে অভিযোগ প্রত্যাহার করারও কোনও প্রশ্নই ওঠে না। সৌরাশিসের এই বক্তব্য নিয়ে সিএবি কর্তাদের পাল্টা প্রশ্ন, যদি তিনি অভিযোগ না-ই করে থাকেন, তা হলে সিএবির এথিক্স অফিসার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য আট পাতার রায় দিলেন কীসের ভিত্তিতে? সিএবির বক্তব্য, ওই রায়ে তো পরিষ্কার বলাই আছে, কোচ নির্বাচন নিয়ে সৌরাশিসের অভিযোগ সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি হল।
সৌরাশিস বললেন, ‘‘বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য কোথাও কোনও অভিযোগ প্রত্যাহারের কথা বলেননি। সিএবি কর্তারা বোধহয় রায় ভাল করে পড়েননি। ওঁদের ভাল করে পড়ার পর বিজ্ঞপ্তি জারি করা উচিত ছিল। আমি কোনও অভিযোগই করিনি। প্রত্যাহারের প্রশ্নও আসছে না। সিএবি পুরোটাই ভুল ভাবে ব্যাখ্যা করেছে।’’ সৌরাশিসের আইনজীবীর পক্ষ থেকে বিচারপতি ভট্টাচার্যকে তাদের বক্তব্য জানিয়ে চিঠি দওয়া হয়। তাঁকে অনুরোধ জানানো হয়, ‘‘এই ধরনের অসত্য প্রেস বিজ্ঞপ্তি যাতে না দেয়, তার জন্য যেন সিএবিকে যেন নির্দেশ দেওয়া হয়। যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা যেন প্রত্যাহার করা হয়।’’
তাৎপর্যপূর্ণ হল, সোমবার সিএবির অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরাশিস। যেহেতু অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে সিএবি বলেছিল, সৌরাশিস সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে এবং তারপর অনুষ্ঠানে সৌরাশিসকে দেখা গিয়েছিল, তাই অনেকের মনে হয়েছিল, সত্যিই দু’পক্ষের বনিবনা হয়ে গিয়েছে। অনুষ্ঠানে যাওয়া নিয়ে সৌরাশিস বললেন, ‘‘আমি তো পুরস্কার প্রাপকের তালিকায় ছিলাম। সেই হিসাবে গিয়েছিলাম। মেয়েদের টি-টোয়েন্টি লিগে অ্যাডামাস চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের মেন্টর হিসাবে আমি পুরস্কার নিতে গিয়েছিলাম।’’




