RK NEWZ সিএবির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন প্রাঞ্জল পাল। অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে তাঁর স্বার্থের সংঘাতের অভিযোগ খারিজ হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার ও আইনজীবী প্রাঞ্জল সিএবির অ্যাপেক্স কাউন্সিলের এই রায় নিয়ে বলেন, “এটা অত্যন্ত আশ্চর্যজনক যে, একজন অ্যাপেক্স কাউন্সিল সদস্য একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও কোনো ‘স্বার্থের সংঘাত’ খুঁজে পাওয়া যায়নি। এই রায় ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য বিরাট ধাক্কা।” এর পরেই আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমি এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি এবং আইনানুযায়ী উপযুক্ত আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাব। ক্রিকেট প্রশাসনের সততা ও নিরপেক্ষতা রক্ষার জন্য যে আইনি সুরক্ষাগুলো আনা হয়েছিল, সেগুলো কোনও ভাবেই লঘু হতে দেওয়া যায় না।”
বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দল নোভাস পুরুলিয়া রয়্যালসের সঙ্গে যুক্ত রয়েছেন সুরজিৎ। তাই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে সিএবির এথিক্স অফিসার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে চিঠি দেন আইনজীবী প্রাঞ্জল। সুরজিৎকে সিএবির অ্যাপেক্স কমিটি থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা এবং ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার আবেদন জানান। গত ১০ মে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের নিলামে নোভাস পুরুলিয়া রয়্যালসের টেবলে ছিলেন টাউন ক্লাবের কর্তা। বেঙ্গল টি-টোয়েন্টি লিগ চলাকালীনও সুরজিৎ নিয়মিত পুরুলিয়া রয়্যালসের সঙ্গে ছিলেন। তার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন প্রাঞ্জল। কিন্তু প্রমাণের অভাবে সেই অভিযোগ খারিজ হয়ে গিয়েছে। সিএবির এথিক্স অফিসার মনে করছেন, অসৎ উদ্দেশ্য নিয়ে হয়রানি করতেই অভিযোগ আনা হয়েছিল। এখানেই শেষ নয়, যে প্রতিযোগিতা নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছিল, তার সঙ্গে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই অভিযোগকারীর। তাঁর প্রভাবিত হওয়ার বিষয়ও নেই। সে কারণে সুরজিৎকে ক্লিনচিট দিয়েছেন সিএবির এথিক্স অফিসার।



