RK NEWZ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। শুরু হয়ে গেল ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি। জানা গিয়েছে, একজন ব্যাক্তি সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন। কোথায় পাওয়া যাচ্ছে টিকিট? কীভাবে কিনবেন? ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। এই অ্যাপে টিকিটের জন্য আলাদা উইন্ডো রয়েছে। সেখানে গেলেই সহজেই কাটা যাবে টিকিট। তবে সেদিন স্টেডিয়ামে ঢুকতে পকেট থেকে মোটা অঙ্কের টাকা খসাতে হবে সমর্থকদের। দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। আর সর্বোচ্চ টিকিটের দাম ১৫ হাজার টাকা। রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকার টিকিটও। তালিকা অনুযায়ী, A1 ব্লকের বাঁ ও ডান দিকে গোল্ড আসনের দাম ৪,৫০০ টাকা। A2-এর দুই পাশের আসন ৯,০০০ এবং A3-র দুই পাশের আসন ৭,০০০ টাকা। B1 গোল্ড আসনের দাম ২,৫০০, B2 ৬,০০০ এবং B3 ৪,৫০০ টাকা। C1-এর বাঁ ও ডান দিকে গোল্ড আসন ৩,৫০০ করে। C2-এর দুই পাশে ৭,০০০ এবং C3-এর দুই পাশে ৬,০০০ টাকা। D1 গোল্ড ২,৫০০, D2 ৬,০০০ টাকা এবং D3 ৪,৫০০ টাকা। সবচেয়ে বেশি দাম ভিআইপি আসনের। বাঁ ও ডান, দুই ক্ষেত্রেই ১৫ হাজার টাকা। অন্যদিকে, সিলভার আসনের মধ্যে A1-এর দুই পাশের দাম ৩,৫০০ করে। B1-এ ৯৯৯ থেকে ১,৫০০ টাকা। C1-এর দুই পাশের মূল্য ২,০০০ টাকা। D1-এর দাম ৯৯৯ টাকা থেকে ১,৫০০ টাকা। ইতিমধ্যেই ব্রাজিল, উরুগুয়ে, পানামা ফিফা ফ্রেন্ডলির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির শুরু হবে ১৪ সেপ্টেম্বর। পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে। ব্রাজিল ম্যাচ নিয়ে বিতর্কের অন্ত নেই। বহু প্রাক্তন তারকা এই ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতীয় ফুটবল যেখানে ধুঁকছে, সেখানে এই ম্যাচে প্রয়োজনীয়তা নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। ‘পাহাড়ি বিছে’র প্রশ্ন, ব্রাজিল ফুটবল সংস্থা থেকে এআইএফএফের অ্যাকাউন্টে যে অর্থ আসার কথা বলা হয়েছিল, তা কি ইতিমধ্যেই এসেছে? এসে থাকলে, কত টাকা এসেছে? সেই টাকা ভবিষ্যতে কে কীভাবে এআইএফএফকে ফেরত দেবে? যদিও সেই উত্তর এখনও পাওয়া যায়নি। আপাতত টিকিট বিক্রির খবর আসতে অনলাইন প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। যা পরিস্থিতি, তাতে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হওয়ার সম্ভাবনা।
৩ অক্টোবর যুবভারতীতে মেগা ম্যাচ! কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু!



