Thursday, August 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? স্বামী সরকারি চাকরি করলে মিলবে না!

RK NEWZ পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। কড়া যাচাইয়ের পর আগামী ১৭ অগস্ট থেকে প্রকৃত যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। নতুন নির্দেশিকায় গ্রামীণ এলাকার তিন ঘরের বাড়ির শর্ত শিথিল করা ছাড়াও জমির পরিমাণে বড় ছাড় দেওয়া হয়েছে। কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কড়া যাচাইয়ের পর আগামী ১৭ অগস্ট থেকে ফের শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা বন্টন। মহিলাদের আর্থিক ক্ষমতায়নের এই প্রকল্পে কারা টাকা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে নিয়মে বড় ছাড় দেওয়া হয়েছে, তা স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্য সরকার।

কারা পাবেন এবং কারা পাবেন না ‘অন্নপূর্ণা যোজনা’?

সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বয়স সীমা। আবেদনকারী মহিলাকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পুরুষ বা ২৫ বছরের কম বয়সীরা এই প্রকল্পের যোগ্য নন। এছাড়াও, সরকারি চাকরি ও পেনশনের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। কেন্দ্র বা রাজ্য সরকার, কোনও বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে) স্থায়ী চাকরি করা ব্যক্তি বা তাঁদের পরিবার এই সুবিধার আওতায় পড়বেন না। ৬০ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীরাও এর বাইরে থাকবেন। রয়েছে আয়কর ও উপার্জন সংক্রান্ত নিয়ম। যে পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি (অর্থাৎ যাঁরা আয়কর দেন) এবং যে মহিলা নিজে মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাঁরা এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন না। তবে পরিবারের পুরুষ সদস্যরা ক্যাজুয়াল বা কন্ট্র্যাকচুয়াল কর্মী হলে সংশ্লিষ্ট পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন। অন্যান্য ভাতা যারা পান তাদের জন্যও রয়েছে নির্দিষ্ট নিয়ম। ২৫ থেকে ৬০ বছর বয়সি যে মহিলারা আগে থেকেই ৩ হাজার টাকার কম কোনও ভাতা, যেমন উইডো পেনশন বা অন্যান্য ভাতা পেতেন, তাঁরা এখন থেকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ৩ হাজার টাকা করে পাবেন।
কোথায় কোথায় ছাড় দেওয়া হচ্ছে?

প্রকৃত যোগ্য মহিলারা যাতে কোনওভাবেই বাদ না পড়েন, তার জন্য নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় বা শিথিলতা আনা হয়েছে। বিশেষ সক্ষম ও পিএম কিষান প্রকল্প যারা পান তাদের জন্য রয়েছে ছাড়। জানা গিয়েছে, দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম মহিলারা দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা, এই দুটি ভাতাই একসঙ্গে পাবেন। এছাড়া পিএম কিষান সম্মান নিধি প্রাপকদের ক্ষেত্রেও এই নিয়ম শিথিল রাখা হয়েছে।

বাড়ির ঘরের শর্তে ছাড় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার ক্ষেত্রে ‘তিন কক্ষ বিশিষ্ট বাড়ি’-র যে কড়াকড়ি নিয়ম আগে ছিল, তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ অঞ্চলের আরও বহু মহিলা এই প্রকল্পের আওতায় চলে আসবেন। এর সঙ্গে রয়েছে জমির পরিমাণ প্রসঙ্গে ছাড়। কর্পোরেশন এলাকায় জমির পরিমাণের ক্ষেত্রে কিছু নিয়ম থাকলেও, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণের শর্তে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ মহিলারা আরও বেশি সংখ্যায় এই সুবিধা পাবেন।

১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন, ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকারি অর্থের নয়ছয় রুখতে এবং ভুয়া নাম বা মৃত ব্যক্তিদের তালিকা থেকে বাদ দিতে বিডিওদের সাহায্যে বাড়ি বাড়ি গিয়ে কঠোর ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ করা হয়েছে। জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। বিগত দিনে ভুল অ্যাকাউন্ট নম্বর বা সেলফ-ডিক্লেয়ারে টাকা দেওয়ার জেরে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

আগামী ১৭ অগস্ট বিকেল থেকে ভেরিফায়েড ও বৈধ প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে শুরু করবে অর্থ দফতর। আগামী দিনেও প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। পাশাপাশি, কেউ বাদ পড়লে বা কোনও অভিযোগ থাকলে তার জন্য একটি বিশেষ ‘অভিযোগ পোর্টাল’ চালু করা হবে, যেখানে শুনানি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও ও শীর্ষ আধিকারিকরা সমস্যার সমাধান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles