RK NEWZ চলতি প্যারা এশিয়ান গেমসে সবচেয়ে ভাল দিন কাটল ভারতের। এক দিনে এল ২৬ পদক। তার মধ্যে সাতটি সোনা। এ দিনের পর পদক তালিকায় চিন, জাপান ও উজবেকিস্তানের পর চার নম্বরে উঠে এল ভারত। তাদের মোট পদকের সংখ্যা ৮৮। তার মধ্যে ২১ সোনা, ২৬ রুপো ও ৪১ ব্রোঞ্জ। জোড়া সোনা জিতলেন তিরন্দাজ শীতল দেবী। হাত নেই তাঁর। পা দিয়ে ছোড়েন তির। সে ভাবেই মাত্র দু’ঘণ্টার মধ্যে দু’টি ইভেন্টে সোনা জিতলেন তিনি। প্রথমে মিক্সড দলগত কমপাউন্ড ইভেন্ডে তোমান কুমারের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন তিনি। পরে ব্যক্তিগত মহিলাদের কমপাউন্ড ইভেন্টেও জেতেন সোনা। নজর কাড়লেন ভারতের অ্যাথলিটেরা। পুরুষদের লং জাম্পে টি৪৪/টি৬২/টি৬৪ সোনা জিতলেন ধর্মরাজ সোলাইরাজ। ৭.১৫ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ডও গড়েন তিনি। পুরুষদের হাই জাম্পের টি৬৩ ইভেন্টে সোনা জিতেছেন শৈলেশ কুমার। সেই ইভেন্টেই রুপো জিতেছেন ভারতের বরুণ ভাটি ও ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই রাহুল। মহিলাদের ৪০০ মিটার টি৪৭ ইভেন্টে সোনা জিতেছেন অঞ্জনাবেন বুম্বাদিয়া। ৫৯.৯৭ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। পুরুষদের ৪০০ মিটার টি৪৭ ইভেন্টে সোনা জিতেছেন দিলীপ গাভিত। ৪৮.২৭ সেকেন্ডে দৌড় শেষ করেন। ভারতের হয়ে দিনের সপ্তম সোনা আনেন সুবর্ণা রাজ। মহিলাদের ডিসকাস থ্রোয়ের এফ৫৪ ইভেন্টে সোনা জেতেন তিনি। ১৫.৬৬ মিটার দূরে ডিসকাস ছোড়েন সুবর্ণা।
তবে তার মাঝেই রুপো জেতার পরেও তা কেড়ে নেওয়া হয় ভারতের ভাবিকুমার ভারওয়াদের কাছ থেকে। যে ইভেন্টে দিলীপ সোনা জিতেছেন সেই ৪০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন ভাবিকুমার। ৪৯.৩১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। কিন্তু বাকি প্রতিযোগীরা অভিযোগ করেন, দৌড়ানোর সময় অন্য লেনে চলে গিয়েছিলেন ভাবিকুমার। রিপ্লে-তে তা দেখা যায়। লেন ভুল করায় রুপো কেড়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। নইলে আরও একটি পদক বেশি হত ভারতের।




