Tuesday, August 4, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

এবার লক্ষ্য এশিয়ান গেমস!‌ একটাই পদক জেতা বাকি :‌ মীরাবাই চানু

RK NEWZ গ্লাসগোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছেন চানু। পর পর তিন বার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছেন তিনি। ২০১৪ সালে জিতেছিলেন রুপো। কমনওয়েলথের ইতিহাসে ভারোত্তোলনে সবচেয়ে সফল ক্রীড়াবিদ। অলিম্পিক্সে পদক জেতা হয়ে গিয়েছে। কমনওয়েলথে তো সোনার হ্যাটট্রিক করে ফেলেছেন। বাকি আর একটিই প্রতিযোগিতা। মীরাবাই চানু জানিয়ে দিয়েছেন, সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এখনও পর্যন্ত একটি প্রতিযোগিতায় পদক জিততে পারেননি চানু। তা হল এশিয়ান গেমস। সামনেই সেই প্রতিযোগিতা রয়েছে। এ বার পদক জিততে চান তিনি। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মণিপুরের মেয়ে। চানু বলেন, “সোনা জেতার পরের দিন থেকে আমি এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমার লক্ষ্য এশিয়ান গেমস।” কোনও না কোনও কারণে প্রতি বার এশিয়ান গেমসে ব্যর্থ হয়েছেন চানু। এ বার আর লক্ষ্যভ্রষ্ট হতে চাইছেন না। তিনি বলেন, “জাপানে এ বারের এশিয়ান গেমস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এশিয়াডে আমার একটাও পদক নেই। প্রত্যেক বার এশিয়াডের আগে হয় চোট পেয়েছি, নয় প্রতিযোগিতার মাঝে চোট পেয়েছি। ফলে পদক জিততে পারিনি। এই পদকটা এ বার জিততেই হবে।” আর কত দিন খেলা চালিয়ে যেতে পারবেন জানেন না ৩২ বছরের ভারোত্তোলক। বার বার চোট তাঁকে সমস্যায় ফেলেছে। তাই এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। চানু বলেন, “এটাই আমার শেষ এশিয়াড কি না সেটা এখন ভাবছি না। কিন্তু আমি জানি, এটাই আমার সবচেয়ে বড় সুযোগ। ফর্মে রয়েছি। কমনওয়েলথে সফল হয়েছি। ভবিষ্যতে কী হবে জানি না। তবে এ বারের এশিয়াড শেষ সুযোগ। সেটা কাজে লাগাতে চাই।” অলিম্পিক্সে একটি রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও দু’টি রুপো, এশিয়ান চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ, কমনওয়েলথ গেমসে তিনটি সোনা ও একটি রুপো, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে চারটি সোনা ও একটি রুপো এবং সাউথ এশিয়ান গেমসে একটি সোনা জিতেছেন তিনি। অর্থাৎ, কেরিয়ারে আন্তর্জাতিক স্তরে ন’টি সোনা, পাঁচটি রুপো ও একটি ব্রোঞ্জ রয়েছে তাঁর। শুধু নেই এশিয়াডে পদক। সেই অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া চানু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles