RK NEWZ অভিনয় ছেড়ে ফুটবলে জ্যাকি শ্রফের পুত্র! সিনেমার পর্দায় তাঁকে দেখতে অভ্যস্ত সকলে। সেই টাইগার শ্রফকে এ বার দেখা যাবে ফুটবল মাঠে। ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির হয়ে খেলবেন। এ বার কি তবে অভিনয় ছেড়ে খেলার মাঠে ঢুকে পড়লেন টাইগার শ্রফ? সিনেমার পর্দায় তাঁকে দেখতে অভ্যস্ত সকলে। সেই টাইগারকে এ বার দেখা যাবে ফুটবল মাঠে। ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির হয়ে খেলবেন তিনি। ডুরান্ডে মুম্বই সিটির দলে রাখা হয়েছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের পুত্রকে। তবে অভিনয় নিশ্চয় ছাড়বেন না তিনি। অভিনয়ের পাশাপাশি পেশাদার ফুটবল খেলতে চান বলিউড অভিনেতা। মুম্বই সিটির অন্যতম মালিক জ়োহেব আমরানি জানিয়েছেন, ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে টাইগারের। দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। শিলংয়ে গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচে খেলতে পারেন। জোহেব বলেন়, “দলে ওর নামের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তবে টাইগারের মতো এক তারকার নিরাপত্তার বিষয়টাও গুরুত্ব দিয়ে দেখতে হয়। আমরা সব রকম চেষ্টা করছি, যাতে কোনও রকম সমস্যা না হয়। সমাজমাধ্যমে সব কিছু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেটা মাথায় রেখেই ওর সঙ্গে কথা হচ্ছে। যদি সব ঠিক থাকে তো অবশ্যই ও একটা ম্যাচে খেলবে।” এই প্রথম নয়, ২০২৪ সাল থেকে মুম্বই সিটির সঙ্গে যুক্ত টাইগার। মুম্বই ডিস্ট্রিক্ট লিগের ম্যাচে খেলেছেন তিনি। তবে শুধুমাত্র ক্লাবের তারকা মুখ হয়েই থাকতে চান না টাইগার। তিনি এ বার খেলতেও চান। টাইগার ফুটবল ভালই খেলেন। প্রতি সপ্তাহে অনুশীলন করেন। শখে নয়, ভালবেসে ফুটবল খেলেন। এ বার পেশাদার ফুটবলার হিসাবে দেখা যাবে। ২০২৩ সালে তারকাদের একটি ফুটবল ম্যাচে প্রথম বার টাইগারকে দেখেছিলেন জ়োহেব। সেই কথা এখনও মনে আছে। তিনি বলেন, “২০২৩ সালে প্রথম বার টাইগারকে দেখেছিলাম। ওর খেলা দেখে বুঝেছিলাম, ফুটবলের টেকনিক্যাল বিষয়গুলো ও খুব ভাল বোঝে।” তার পর থেকে মুম্বইয়ের অনুশীলনের মাঠে সপ্তাহান্তে প্রায়ই খেলতে যেতেন টাইগার। তিনি নিজেই ক্লাবে যুক্ত হতে চেয়েছিলেন। সেই অনুরোধ রেখেছে ক্লাব। শিলংয়ে ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মুম্বই সিটি। ৩ আগস্ট লাংসনিং এফসির বিরুদ্ধে তাদের খেলা। তার পর ৮ অগস্ট শিলং লাজং এফসি ও ১১ অগস্ট নংকসেহর বিরুদ্ধে খেলা তাদের। সেই তিন ম্যাচের একটিতেই খেলতে দেখা যেতে পারে টাইগারকে।



