RK NEWZ বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অবশেষে জট কাটতে চলেছে বলেই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক। অবশেষে সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অবশেষে জট কাটতে চলেছে বলেই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। শনিবার তিনি জানিয়েছেন এ কথা। মেগা টুর্নামেন্টের সম্প্রচার কোথায় হবে? জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে। দু’দিন আগেই প্রসার ভারতীর সিদ্ধান্তে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সমস্যা বাড়ে। তারা সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নিতে বাধ্য নয় দূরদর্শন। আদালতেও এই কথা জানিয়ে দিয় প্রসার ভারতী। ফলে প্রশ্ন ওঠে, ভারতে বসে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে আদৌ? তবে অবশেষে সেই জটিলতা কাটতে চলেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর আসতে চলেছে। তিনি লেখেন, ‘ভারতের ফুটবলভক্তদের জন্য বড় খবর! দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রচার নিয়ে সব আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতে পারে।’ তাঁর সংযোজন, ‘অনেক মাস ধরে অনিশ্চয়তা চলছিল। সমর্থকরা এবার নিশ্চিন্ত থাকতে পারেন। ভারতে বসেই বিশ্বকাপ দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত হয়ে যান।’ উল্লেখ্য, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। ভারতে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি। ফলে প্রভাকরণের কথায় বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

তিন বছর আগেও এশিয়ার সেরা টুর্নামেন্টে খেলত ভারতের ক্লাবগুলো। কিন্তু সাম্প্রতিক সময়ে আইএসএল নিয়ে যে ডামাডোল চলেছে, তার প্রভাব পড়ল এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্ষেত্রে। ২০২৭-২৮ মরশুমে এএফসি’র তৃতীয় তথা শেষ পর্যায়ের টুর্নামেন্ট, এএফসি চ্যালেঞ্জ লিগের স্লট পেল ভারতীয় ক্লাবগুলো। তাও প্লেঅফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। আগামী মরশুমে, অর্থাৎ ২০২৬-২৭ মরশুমে অবশ্য এসিএল ২ খেলতে পারবে ভারতের ক্লাবগুলো। এবছর আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কিন্তু লিগ হয়েছে সংক্ষিপ্ত আকারে। মাত্র ১৩টি করে ম্যাচ খেলেছে দলগুলো। অন্যদিকে এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন। দু’টো দলই আগামী মরশুমে এশিয়া পর্যায়ে খেলবে। তবে সেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে প্লেঅফে। সেখানে যোগ্যতা অর্জন করতে পারলে তবে মূল পর্বে খেলবে। আগে চ্যাম্পিয়ন দল সরাসরি গ্রুপ পর্বে খেলত। এবার ন্যূনতম ২৪টি ম্যাচ বা আট মাসের হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলা হয়নি। পরের মরশুমের অবস্থা আরও খারাপ। তৃতীয় পর্যায় অর্থাৎ এএফসি চ্যালেঞ্জ লিগে একটিমাত্র প্লেঅফ স্লট দেওয়া হয়েছে। সেটা শুধুমাত্র আইএসএল জয়ীদের জন্য। এই অধঃপতন নিয়ে পিটিআইকে এক ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা বলেছেন, ‘আমরা এসিএলের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে নেমেছি। এবার তৃতীয় পর্যায়ে খেলতে হবে। যেখানে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটানের মতো দেশের ক্লাবগুলো খেলে। তাও সেটা সরাসরি গ্রুপ স্টেজ নয়। প্লেঅফ খেলতে হবে। আমাদের ফুটবল পরিকাঠামো ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।” কেন এই অবস্থা? আইএসএল নিয়ে ডামাডোল চলছে। লিগের ভবিষ্যৎ কী, তা এখনও ঠিক করে উঠতে ব্যর্থ ভারতীয় ফুটবল ফেডারেশন। ক্লাব পর্যায়ে পশ্চিম এশিয়ায় ভারত নেমে গিয়েছে ১৫তম স্থানে। সার্বিকভাবে এশিয়ায় অবস্থান ২৬তম স্থানে। তার মধ্যে গতবার এফসি গোয়া এসিএল টু-তে গ্রুপ পর্বে সব ম্যাচ হেরেছে। নিরাপত্তা জনিত কারণে মোহনবাগান টানা দু’বছরে ইরানে যায়নি। ভারতের অধঃপতনে এই সব কিছুর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।





