নেতাজিজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠান আয়োজন। সেখানেই উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের উপস্থিতি। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্যে সিপি রাধাকৃষ্ণন। ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সেখানে তাঁর যোগ দেওয়ার কথা। নেতাজিজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন রাধাকৃষ্ণন। ১২ সেপ্টেম্বর ভারতের ৫০তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন রাধাকৃষ্ণন। তার পর এই প্রথম রাজ্যে আসতে চলেছেন।

কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সিজিওতে! কলকাতায় যে সমস্ত ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন রাহুল। কোন মামলার কী অবস্থা, তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট ডিরেক্টরকে দেওয়া হতে পারে। ইডি সূত্রে খবর, শুক্রবারের বৈঠকে সংস্থার কর্তাদের থাকতে বলা হয়েছে। কলকাতায় যে সমস্ত ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন রাহুল। কোন মামলার কী অবস্থা, তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট ডিরেক্টরকে দেওয়া হতে পারে। উঠতে পারে আইপ্যাক-কাণ্ডের প্রসঙ্গও। ৮ জানুয়ারি কলকাতার দু’টি জায়গায় হানা দিয়েছিল ইডি। তৃণমূল এবং রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে বেআইনি কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান চালানো হয়। ইডির তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের বাড়িতে এবং সল্টলেকের দফতরে যান। বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন তিনি। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তৃণমূলের নির্বাচনী কৌশল চুরি করার অভিযোগ তোলেন। পাল্টা আদালতে গিয়েছিল ইডিও। সুপ্রিম কোর্ট ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয়। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এও স্থগিতাদেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে রাহুলের কলকাতা সফর আলাদা মাত্রা পেয়েছে। শনিবারই দিল্লিতে ফিরে যাবেন রাহুল। শনিবার পর্যন্ত ইডি আধিকারিকদের সিজিওতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ২০২৪ সালের ৯ জানুয়ারি রাজ্যে এসেছিলেন রাহুল। তার ঠিক চার দিন আগে সন্দেশখালিতে বহিষ্কৃত তৃণমূল নেতা শাহাজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। আইপ্যাক-কাণ্ডের আবহে তাঁর সফর।

দীর্ঘ ১৪ বছর পরে ১ এপ্রিল থেকে শুরু হবে দেশের ষোড়শ জনগণনা (২০২৭)-এর প্রথম পর্যায়। তার জন্য ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট থেকে সাইকেল-বাইক সম্পর্কিত প্রশ্নও। মূলত কী ধরনের খাদ্যশস্য ঘরে আনা হয়, জানতে চাওয়া হবে তা নিয়েও। জ্বালানি থেকে পানীয় জলের পর্যাপ্ত সুবিধা আছে কি না, সেই সংক্রান্ত প্রশ্নও রয়েছে। জানা যাচ্ছে, জনগণনার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পেতে কর্মী ও তত্ত্বাবধায়ক নিয়োগ করে সকলকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। এই কাজের জন্য সাহায্য নেওয়া হবে জেলা ও রাজ্য প্রশাসনের। মোট দু’টি ধাপে গণনা হবে। প্রথম পর্যায়ে মূলত বাড়ির তালিকা, তার অবস্থা ও প্রতিটি পরিবারের সম্পত্তি-সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে। সেই ধাপে জনগণের আর্থ-সামাজিক অবস্থা, সংস্কৃতি-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষোড়শ জনগণনা হলেও স্বাধীনতার পর থেকে হিসাব করলে এই আদমশুমারির বয়স অষ্টম।





