Saturday, July 4, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

মেসির মুম্বই ইভেন্টে চাঁদের হাট! রাজধানী হয়ে ভারত ছাড়বেন গোট!‌ সুনীল-‌শচীনের সঙ্গে জার্সি আদানপ্রদান, করিনা-সহ বলি তারকাদের ভিড়?

মুম্বইয়ে লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজার হাজার ফুটবলপ্রেমী, মেসি অনুরাগীরা ছাড়াও বলিউড তারকা থেকে জনপ্রিয় খেলোয়াড়-সহ অনেকেই হাজির ছিলেন। কারা কারা এসেছিলেন? মেসির মুম্বই অনুষ্ঠানে হাজির ছিলেন করিনা কাপুর খান, অজয় দেবগন, টাইগার শ্রফ, জিম সর্ভ, ইব্রাহিম আলি খান, সচিন তেন্ডুলকর প্রমুখ। এদিন ফুটবলের ঈশ্বরের বরপুত্র লিওনেল মেসির সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন জিম, ইব্রাহিমরা। এই ম্যাচের পর বলিউড তারকাদের সঙ্গে হাত মেলান মেসি। উপস্থিত ছিলেন অজয় দেবগন এবং তাঁর ছেলে যুগ, আমন দেবগন, টাইগার শ্রফরাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিশের স্ত্রী অমৃতাকেও তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়। ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীকে তাঁর নামাঙ্কিত জার্সি উপহার দেন মেসি। অন্যদিকে সচিন তেন্ডুলকরও এদিন মাঠে উপস্থিত ছিলেন। তিনি তাঁর নাম লেখা জার্সি দেন মেসিকে। তিনি একটি ফুটবল দেন ক্রিকেটারের ঈশ্বরকে। তাঁরা মাঠে একসঙ্গে অনেকটা সময় কাটান। সুনীল ছেত্রীর সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন মেসি। চলে ছবি তোলার পর্ব। দুই ছেলে, তৈমুর আলি খান এবং জেহ ওরফে জাহাঙ্গির আলি খানকে নিয়ে লিওনেল মেসির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে এসেছিলেন করিনা কাপুর খান। ছবি তোলেন মেসি, লুই সুয়ারেজ, রডরিগো ডি’পলের সঙ্গে। অভিনেত্রীকে ফুটবল তারকার সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় এদিন। করিনা কাপুর খান নিজেও সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ইভেন্টে যাওয়ার। সেখানে দেখা যাচ্ছে দুই ছেলের হাত ধরে তিনি হাঁটছেন তিনজনেই পিছন ফিরে রয়েছেন। তৈমুর পরে রয়েছে মেসির নাম লেখা আর্জেন্টিনার ফুটবল জার্সি। অন্যদিকে জেহর পরনে ১০ লেখা জার্সি। অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি স্যুট, মিডি স্কার্টে দেখা যায়। ১৩ ডিসেম্বর থেকে লিওনেল মেসির ভারত সফর শুরু হয়েছে। প্রথম দিন কলকাতায় তাঁর ঠাসা কর্মসূচি ছিল। ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করে তিনি যুবভারতী স্টেডিয়ামে আসেন। কিন্তু তাঁকে অনেকে ঘিরে থাকায় দর্শকরা তাঁকে দেখতেই পান না। রাগের চোটে তাঁরা জলের বোতল, চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। বাধ্য হয়ে ফুটবলারকে নিয়ে বেরিয়ে যেতে হয়। কিছু সময়ের মধ্যেই তিনি শহর ছাড়েন। শনিবার দুপুরে তিনি হায়দরাবাদ পৌঁছন। সেখানেও একাধিক অনুষ্ঠানে যোগ দেন। রবিবার মুম্বইয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়ে সোমবার দিল্লি যাবেন। সেখান থেকে ফিরে যাবেন লিওনেল মেসি। তিনদিনের সফরের জন্য ভারতে এসেছিলেন।

সোমবার সকালে দিল্লিতে লিয়োনেল মেসি। ভারত সফরে এটাই তাঁর শেষ শহর। সেখানে তাঁর সফরসূচিতে যোগ হল আরও কিছু বিষয়। ফুটবলের রাজপুত্র দেখা করবেন ভারতের প্রধান বিচারপতি এবং সেনাবাহিনীর প্রধানের সঙ্গে। একই সঙ্গে ভারতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গেও দেখা করবেন তিনি। এ দিকে, এ দিনই লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে দিল্লিতে ফিরেছেন কোহলি। ফলে জল্পনা তৈরি হয়েছে যে, সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে কোহলি থাকতে পারেন। মেসির ভারত-সফরে মুম্বইয়ে শচীন তেন্ডুলকর, সুনীল ছেত্রী-সহ বিভিন্ন জগতের খ্যাতনামীরা দেখা করেছেন। বাদ ছিলেন শুধু কোহলিই। তিনি মুম্বইয়ের অনুষ্ঠানে থাকবেন বলে শোনা যাচ্ছিল। তবে নিশ্চিত খবর পাওয়া যায়নি। রবিবার অনুষ্কাকে নিয়ে কোহলি দিল্লি নামায় জল্পনা বেড়েছে। কোহলির ঘনিষ্ঠমহলে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই স্ত্রীকে নিয়ে ভারতে ফিরেছেন তিনি। সোমবার মেসির অনুষ্ঠানে থাকবেন কোহলি। তাঁকে নাকি খোদ প্রধানমন্ত্রীই দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানের সঙ্গে এক সাংসদের বাড়িতে যাবেন মেসি। সেই সাংসদ প্রফুল পটেল হতে পারেন বলে শোনা গিয়েছে। পটেল তিন বার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। রাজধানীতে সকাল ১০.৪৫ নাগাদ নামার কথা মেসির। শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেবেন। এর পর যাবেন প্রধানমন্ত্রীর বাড়ি। সেখানে ২০ মিনিট একান্তে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। এর পর পটেলের সরকারি বাংলোয় গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করবেন। থাকার কথায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউচিনোরও। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান রাহুল নবীনও থাকতে পারেন। ভিভিআইপিদের সঙ্গে দেখা করার পর মেসির কনভয় রওনা দেবে অরুণ জেটলি স্টেডিয়ামের উদ্দেশে। দুপুর ৩.৩০ নাগাদ স্টেডিয়ামে ঢুকবেন মেসি। বাকি তিন শহরের মতোই মাঠ প্রদক্ষিণ, কোচিং ক্লিনিকে অংশ নেবেন। মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন। সেই অ্যাকাডেমির নয় বনাম নয় একটি ফুটবল ম্যাচও দেখার কথা মেসির। মেসি স্টেডিয়ামে ঢোকার পর সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। এর পর খ্যাতনামীদের একটি ম্যাচ হবে। সেটি দেখবেন মেসি। তার পর মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানে ভারতের দুই ক্রিকেটার মেসির হাতে একটি উপহার তুলে দেবেন। তাঁদের একজন হতে পারেন কোহলি। ৩.৫৫ থেকে ৪.১৫ পর্যন্ত কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। এর পর তিনি গাড়িতে দিল্লি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে উড়ে যাবেন মায়ামি। শেষ হবে তাঁর ভারত সফর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles