Wednesday, April 29, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সন্দীপকে তীব্র অপমান অস্কারের!‌ শিল্ড হারের নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা বঙ্গগোলকিপারের

সুপার কাপ শুরু হওয়ার ঠিক আগে কোচ অস্কার ব্রজোঁ ও গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর মধ্যে ধুন্ধুমার লেগে গেল। যার পরিণতি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করলেন বহুযুদ্ধের সৈনিক সন্দীপ। গোয়ায় পৌঁছিয়েই আবার তিনি কলকাতা ফিরে আসার বিমান ধরার জন্য ছুটলেন। লাল-হলুদের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হয়ে গেল আশিয়ান জয়ী গোলকিপারের। সন্দীপ মানেই ইস্টবেঙ্গলে রূপকথা। লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব তাঁর যৌবনের উপবন। সুভাষ ভৌমিক, ট্রেভর জেমস মর্গ্যানের জমানায় তিনি ইস্টবেঙ্গলের বারের নীচে ছড়িয়ে দিয়েছিলেন সোনালী রোদ্দুর। আইএসএলের দুনিয়াতেও তাঁর কোচিংয়ে মুগ্ধ হয়েছিলেন বিদেশি কোচরাও। অস্কার ব্রজোঁর দলের গোলকিপিং কোচ হিসেবে এসেছিলেন সন্দীপ। কিন্ত সেই অধ্যায় যে এভাবে কালীপুজোর দিন শেষ হয়ে যাবে, তার আভাস কি প্রথমদিন পেয়েছিলেন তিনি? আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে টাইব্রেকারে হারের পর সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ অস্কার ব্রজোঁর কাছে উড়ে এসেছিল প্রশ্ন, কেন গোলকিপার পরিবর্তন করা হল ঠিক পেনাল্টি শুট আউটের আগের মুহূর্তে? অস্কার উত্তরে বলেছিলেন, ”আমার কোচিং স্টাফদের পরামর্শ শুনেছিলাম। এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্তটা ভুলই ছিল।”

সোমবার কালীপুজো। সুপার কাপ খেলার জন্য ইস্টবেঙ্গল গোয়ায় গিয়েছে। কোচ অস্কারের সঙ্গে সন্দীপের সাক্ষাৎ হয় গোয়ায় নামার পর। সেখান থেকেই বিতর্কের যাবতীয় সূত্রপাত। ফাইনালে ইস্টবেঙ্গলের হারের নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে অস্কারকে ‘সরি’ও বলেন ভারতসেরা গোলকিপার। স্প্যানিশ কোচ সন্দীপের ক্ষমাপ্রার্থনাকে কোনও মর্যাদাই দেননি। ইস্টবেঙ্গল ফুটবলারদের সামনে সন্দীপের উপরে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন স্প্যানিশ কোচ। ছিলেন অন্য মানুষজনও। প্রাক্তন গোলকিপারের কাছে অস্কার জানতে চান, কার প্ররোচনায় সেদিন ফাইনালে গোলকিপার পরিবর্তন করার জন্য পরামর্শ দিয়েছিলেন সন্দীপ। প্রভসুখান গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে নামানোর কারণ অস্কারকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেন সন্দীপ। কিন্তু ক্ষুব্ধ অস্কার সেই সব ব্যাখ্যায় কর্ণপাত করেননি। তিনি সন্দীপকে বলেন, ”তুমি এই কাজের যোগ্য নও। ইউ আর নট ক্যাপেবল।” সন্দীপকে সর্বসমক্ষে অপমান করে বসেন অস্কার। সন্দীপ এতেই আহত হন। স্থির করে নেন ইস্টবেঙ্গলে তিনি আর কাজ করবেন না। তিলে তিলে যে সম্মান-ভালবাসা গোটা দেশের কাছ থেকে তিনি অর্জন করেছেন, সে কথাও অস্কারকে স্মরণ করিয়ে দেন। এমন ব্যবহার তিনি প্রত্যাশা করেন না। আত্মসম্মান-মর্যাদা তাঁর কাছে অনেক আগে। শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের হারের নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সন্দীপ সরে দাঁড়ালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles