Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আসন্ন রঞ্জি ট্রফিতে নজরে উঠতি তারকারা? ১৫ অক্টোবর থেকে শুরু এই মরশুমের রঞ্জি ট্রফি

১৫ অক্টোবর থেকে শুরু এই মরশুমের রঞ্জি ট্রফি। লাল বলের ফরম্যাটে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এটি। জাতীয় দলে ফেরার মঞ্চ কিংবা ভবিষ্যতে দলে ডাক পাওয়া, অনেক কিছুই নির্ভর করে এই টুর্নামেন্টে পারফরম্যান্সের উপরে। বোর্ডের নতুন নির্দেশের পরে তারকা ক্রিকেটারদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। সেই কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরাও অংশ নেবেন। আসন্ন রঞ্জি ট্রফিতে নজর কাদের দিকে?

ঈশান কিষাণ :‌ ইংল্যান্ড সফরে চোটের জন্য জাতীয় দলে সুযোগ পাননি। এখন সেই দৌড়ে তাঁকে পিছনে ফেলেছেন নারায়ণ জগদীশন। তাই রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে ভালো পারফর্ম করে লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরাই লক্ষ্য। নেতৃত্বও দেবেন দলকে।

মহম্মদ সামি :‌ অস্ট্রেলিয়া সফরে সামির বাদ পড়া নিয়ে বিতর্ক চলছে এখনও। নিজেকে সম্পূর্ণ ফিট বলে দাবি করে নির্বাচকদের তোপ দেগেছেন এই পেসার। জাতীয় দলে ফেরার জন্য রঞ্জিতে বাংলার হয়ে ভালো পারফর্ম করতে মরিয়া তিনি।

রজত পতিদার :‌ আইপিএল-এ ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতিয়েছিলেন বেঙ্গালুরুকে। দলীপ ট্রফি ও ইরানি কাপেও নেতৃত্ব দিয়েছেন। এ বার রঞ্জিতে মধ্যপ্রদেশের দায়িত্বে তিনি। টেস্ট দলে ফেরার জন্য এই মঞ্চকে কাজে লাগাতে চাইছেন রজত।

করুণ নায়ার :‌ ইংল্যান্ড সফরে সুযোগ পেলেও ভারতের জার্সিতে নজর কাড়তে পারেননি। এ বার রঞ্জিতে পুরোনো দল কর্নাটকে ফিরেছেন তিনি। গত দুই মরশুমের মতো নজরকাড়া পারফর্ম করে ফের জাতীয় দলে ডাক পাওয়াও তাঁর লক্ষ্য।

অভিমন্যু ইশ্বরন :‌ রঞ্জিতে বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু। ভারতের এ দল ও ঘরোয়া ক্রিকেটে একটানা ভালো পারফর্ম করেও জাতীয় দলে অভিষেক হয়নি। আরও একবার নিজেকে প্রমাণ করে নির্বাচকদের বার্তা দিতে চান।

পৃথ্বী শ :‌ চোট, বিতর্ক কাটিয়ে ফের ক্রিকেট কেরিয়ার বাঁচানোই এখন চ্যালেঞ্জ পৃথ্বীর সামনে। প্রস্তুতি ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন। এখন দেখার মহারাষ্ট্রের হয়ে কেমন পারফর্ম করেন রঞ্জিতে। রঞ্জি ট্রফি শুরুর আগে প্রাক্তন দল মুম্বইয়ের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পৃথ্বী শ। অবাধ্য ব্যাটার এ বার আবেগঘন বার্তা দিলেন ভক্তদের উদ্দেশে। আট বছর মুম্বইয়ের হয়ে খেলার পর এ বার মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন পৃথ্বী। গত দু’বছর ধরে নানা বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। ফর্মে না থাকা, অনুশীলন না করা, ফিটনেসের সমস্যা, বিশৃঙ্খলার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েও বিতর্কে জড়িয়েছেন ওপেনিং ব্যাটার। ফর্মে না থাকা এবং বিশৃঙ্খলার অভিযোগে গত মরসুমে একাধিক বার মুম্বই দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। পৃথ্বীকে নিয়ে অসন্তোষ গোপন করেননি মুম্বইয়ের কোচ, নির্বাচকেরাও। নিজের দলে কোণঠাসা পৃথ্বী এ বার নিজেকে নথিভুক্ত করেছেন মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার ক্রিকেটার হিসাবে। কয়েক দিন আগেই মহারাষ্ট্রের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সফল হয়েছেন পৃথ্বী। ১৮৬ রানের ইনিংস খেলে মরসুমের শুরুতেই ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও সেই ম্যাচেও বিতর্কে জড়ান। মুশির খানের সঙ্গে মাঠে বাগ্‌যুদ্ধে জড়ান। পরে ক্ষিপ্ত পৃথ্বী প্রাক্তন সতীর্থের গলাও চেপে ধরতে যান। পরে সেই ঘটনার জন্য অবশ্য ক্ষমা চান। সেই বিতর্কের পর সমাজমাধ্যমে ভক্তদের কাছে আসন্ন মরসুমের জন্য শুভেচ্ছা চাইলেন ২৫ বছরের ব্যাটার। সমাজমাধ্যমে পুজো করার ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘‘প্রার্থনা আমার হৃদয়কে শান্ত করে এবং আমাকে পথ দেখায়।’’ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য মহারাষ্ট্র ১৬ জনের যে দল ঘোষণা করেছে, তাতে রয়েছেন পৃথ্বী। আগামী ১৫ অক্টোবর থেকে মহারাষ্ট্রের প্রথম ম্যাচ কেরালার বিরুদ্ধে। আশা করা হচ্ছে, মহারাষ্ট্রের ইনিংস শুরু করবেন পৃথ্বীই।

১৫ অক্টোবর চলতি মরসুমের রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে বাংলা দল। প্রথম ম্যাচে ইডেনে উত্তরাখণ্ডের মুখোমুখি হবে টিম বেঙ্গল। বাংলার গ্রুপে উত্তরাখন্ড ছাড়াও আছে গুজরাত, ত্রিপুরার মত দল। দীর্ঘ ৩ দশকের উপর বাংলায় নেই রঞ্জি ট্রফি। তবে এবারে সেই খরা কাটাতে মরিয়া বঙ্গ ব্রিগেড। বাংলার অনুশীলনে এসে দলের সঙ্গে কথা বলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, ইতিবাচকভাবে, ভালো মানসিকতা নিয়ে মরসুম শুরু করা গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের ম্যাচের জন্য শুভ কামনা জানাই এবং আমি নিশ্চিত যে তাঁরা মাঠে তাঁদের সেরাটা উজাড় করে দেবেন। মহম্মদ সামি আর আকাশদীপকেও পাবে বাংলা। দিদির ক্যানসার থাকা সত্ত্বেও বাংলার হয়ে খেলবেন বলে টানা ৯ ঘন্টা গাড়ি চালিয়ে কলকাতায় এলেন আকাশ। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে বাংলার অন্যতম সেরা বোলিং লাইন-আপ রয়েছে। আমরা ইতিবাচকভাবে মরসুম শুরু করতে আত্মবিশ্বাসী এবং বাংলার জন্য গৌরব অর্জন করতে আমরা আমাদের সেরাটা দেব। আমি মহম্মদ শামির সঙ্গে বোলিং করার এবং তাঁর থেকে শেখার অপেক্ষায় আছি। রঞ্জি ট্রফিকেই এখন গুরুত্ব দিচ্ছি। বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে। দুবার খুব কাছ থেকে ট্রফি হাতছাড়া হয়েছে। এবার সেটা চাই না। ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না। যা দল আছে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles