মাঠে এখন হার্দিক পাণ্ডিয়ার ছায়াসঙ্গী মাহিকা শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠেই হার্দিককে চুমু খেলেন মাহিকা। না, এখন আর শুধু বান্ধবী নন। মাহিকা এখন তাঁর ‘স্ত্রী’। বিশ্বকাপ ফাইনালের পর মাঠেই তাঁকে ‘মিসেস’-এর মর্যাদা দিলেন ভারতীয় অলরাউন্ডার। ২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। তারপর জীবনে বহু উত্থানপতন এসেছে। তারপর তাঁর হাত ধরেছেন মাহিকা। এমনকী ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট ‘ভাব’ মাহিকার। হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকাকে দেখা যাওয়াটাই নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। সেমিফাইনালেও প্রেমিকের পুত্রকে কোলে নিয়ে ম্যাচ দেখেন মাহিকা। একসঙ্গে টেনশন করলেন, একসঙ্গে সেলিব্রেশনও করলেন। একযোগে গলা ফাটান হার্দিকের ভালোবাসার দু’জন মানুষ। এবার আরও এক পা এগোলেন হার্দিক। ফের বিশ্বকাপ জিতে ট্রফির সামনে হাত ছড়িয়ে চেনা ভঙ্গিতে ‘পোজ’ দিলেন তিনি। আর ধরা পড়লেন প্রেমিকার বাহুডোরে। মাহিকাও ভালোবাসায় ভরিয়ে দিলেন হার্দিককে। জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দিলেন তিনি। তারপর হার্দিক বললেন, “যেদিন থেকে মাহিকা আমার জীবনে এসেছে, তারপর থেকে আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে। আমি শুধু সামনের দিকে এগিয়ে চলেছি। মাহিকার কথা তো আলাদা করে বলতেই হয়। আমার স্ত্রী পাশে ছিল বলেই সম্ভব হল। আমি আরও দশ বছর খেলতে পারব। আমি আরও ১০টা ট্রফি জিততে চাই। এই জয়টা আমার জন্য খুব আবেগের। কারণ দেশের লোকের সামনে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা দারুণ। আমি কাল থেকেই জানতাম, আমরা চ্যাম্পিয়ন হব। আমার আত্মবিশ্বাস ছিল, এর থেকে অন্য কোনও ফল হতেই পারে না। ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন। চুপ করে নিজের কাজ করে যাও। তাহলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে।”

ভারত যখন বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে তখন মাঝেমধ্যেই ক্যামেরায় ধরা পড়ছিলেন তিনি। গ্যালারিতে লাল রঙের পোশাক পরে বসে এক তরুণী। উল্লাস করছেন। পরে যখন বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটারেরা উল্লাসে মত্ত, তখনও দেখা গেল তাঁকে। তবে এ বার গ্যালারিতে নয়। মাঠে। কে এই রহস্যময়ী নারী? তাঁকে ঘিরে উত্তাল সমাজমাধ্যম। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা যাচ্ছিল সেই তরুণীকে। কখনও সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, তো কখনও ঈশান কিশনকে জড়িয়ে ধরছেন। এক বার দেখা গেল, হার্দিক পাণ্ড্য ও ঈশানের নাচের সময় পাশে দাঁড়িয়ে তিনি। সেখানে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। লাল পোশাক পরা তরুণীর ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সকলের প্রশ্ন, কে তিনি? জানা গিয়েছে তাঁর পরিচয়। তরুণীর নাম অদিতি হুন্ডিয়া। ভারতীয় ক্রিকেটার ঈশানের প্রেমিকা তিনি। ভারতের খেলা দেখতে গিয়েছিলেন। বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে উল্লাসেও মাতেন। সেই কারণেই ঈশানের সঙ্গে দেখা যাচ্ছিল তাঁকে। বিশ্বকাপের মাঝেই ঈশানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছিলেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। তিনি জানান, দুই পরিবারই এই সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেন, ‘‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমরা খুশি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিতে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি। ও একজন মডেল।’’ কে এই অদিতি? জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছোন অদিতি। ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব অদিতির। একটা সময় পর্যন্ত তাঁদের যোগাযোগ ছিল শুধু সমাজমাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তাঁরা। ঈশান-অদিতির সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনও পরিবারেরই। বিয়ের আগে বিশ্বজয়ের মঞ্চে একসঙ্গে উল্লাসে মাতলেন ঈশান-অদিতি।





