রবিবার আবার দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর সেতুতে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। এ কথা জানিয়েছে কলকাতা পুলিশ। তাদের বিজ্ঞপ্তি অনুসারে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল। তার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে। বিদ্যাসাগর সেতুর বদলে রবিবার রাতে যানবাহন কোন বিকল্প পথে চলবে, তা-ও জানানো হয়েছে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে। দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করছে।
দীর্ঘদিন ধরে মেরামতির কাজ চলছিল সোদপুর রেলওয়ে ফ্লাইওভারে। তবে আংশিকভাবে খোলা রাখা হচ্ছিল সেতু। এবার মেরামতের কাজে প্রয়োজনে ৫ দিন পুরোপুরি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষের পর অর্থাৎ ২৮ জানুয়ারি সম্পূর্ণভাবে আমজনতার জন্য খুলে দেওয়া হবে সেতু। তবে এই কয়েকটা দিন ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যে। সোদপুরের এই ফ্লাইওভারের মোট ২৮টি গার্ডারের ৫৬টি বিয়ারিং পরিবর্তন ও এক্সপানশান জয়েন্টের কাজ শুরু হয়েছে পুজোর আগে। এতদিন সপ্তাহে দু’দিন সেতু বন্ধ রেখে চলছিল সংস্কারের কাজ। সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার শুরু হবে ফ্লাইওভারের রাস্তা সংস্কারের কাজ। এই সময়কালে বিকল্প পথ হিসাবে বিটি রোডের গির্জা মোড় থেকে আট নম্বর রেল গেট, রাসমণি মোড়, আর এন এভিনিউ ও কেয়া মোড় হয়ে মধ্যমগ্রাম-সোদপুর রাস্তার কাঁচকল মোড় হয়ে ভারি ও বড় গাড়ি চলাচল করবে। রামচন্দ্রপুর রোড হয়ে বিটি রোডে পাঠানো হবে ছোট গাড়ি। এপ্রসঙ্গে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, “এখন পুরো রাস্তা বিটুমিনাস করে ম্যাস্টিং করা হবে। এরজন্য সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করতে চাইছে পিডব্লিউডি। সেইমত ২২তারিখ রাত ১২টা থেকে ২৭তারিখ রাত ১২টা পর্যন্ত ৫ দিন ফ্লাইওভার বন্ধ থাকবে। ২৮তারিখ থেকে ব্রিজ সম্পূর্ণ খুলে দেওয়া হবে।”





