Top 5 This Week

spot_img

Related Posts

হাওড়া পুরসভা ভোট নিয়েও এ বার আইনি জটিলতা!‌ স্থগিতাদেশ না দিলেও হাওড়া পুরসভার ভোটঘোষণা নিয়ে কমিশনকে সতর্ক করে দিল হাই কোর্ট

RK NEWZ হাওড়া পুরসভা ভোট নিয়েও এ বার আইনি জটিলতা। ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালত জানায়, পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, সে ক্ষেত্রেও মামলার ভবিষ্যতের উপর বিষয়টি নির্ভর করবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও মামলায় যা নির্দেশ হবে, তা মানতে হবে কমিশনকে। হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চে। শুনানিপর্ব শেষে ভোটঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। তার আগে ভোটের দিনক্ষণ যদি ঘোষণা হয়ে যায়, তার পরেও এই মামলার ভবিষ্যতের উপর তা নির্ভর করবে। সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তোলেন মামলাকারী। তাঁর দাবি, এর ফলে কলকাতা পুরসভার মতো হাওড়াতেও আইনি জটিলতা তৈরি হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলায় কলকাতা হাই কোর্ট ভোটঘোষণার উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। সেই শুনানিতে একাধিক প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্ন, কলকাতা পুরসভায় এখন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ভেঙে দেওয়া হয়েছে পুরসভা। যেখানে নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, সে ক্ষেত্রে ওই সংস্থার সুপারিশের ভিত্তিতে কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা যায়? সম্প্রতি কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তাতে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ বিষয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। তার পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এ বার হাওড়া পুরসভা ভোট ঘোষণা নিয়েও আইনি জটিলতা দেখা দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles