Top 5 This Week

spot_img

Related Posts

বাদ পড়া ভোটারদের আবেদনে অগ্রাধিকার! সিইও-র আপত্তির শুনানি স্থগিত সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনাল বৃদ্ধির নির্দেশ

RK NEWZ পশ্চিমবঙ্গে এসআইআর-কে কেন্দ্র করে দায়ের হওয়া বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তিতে ঢিলেমি নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিকে (Tribunal) তাঁদের আবেদনগুলিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগে শুনতে হবে। পাশাপাশি, কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিক -এর দফতরের তরফে যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলির শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের নির্দেশনামায় বলা হয়েছে, আবেদনগুলিকে দু’টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে থাকবে সেই সব ভোটারদের আবেদন, যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে থাকবে নির্দিষ্ট কিছু ভোটারের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে ক্ষুব্ধ পক্ষের আবেদন। আদালতের পর্যবেক্ষণ, দ্বিতীয় শ্রেণির আবেদনগুলিতে কোনও জরুরি পরিস্থিতি নেই, তাই আপাতত সেগুলি মুলতুবি রাখা যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাম অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি বা নিষ্পত্তি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে বেঞ্চ। আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনের কথা মাথায় রেখে পুর-এলাকার অন্তর্গত কেন্দ্রগুলির আবেদন দ্রুত শোনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এ ছাড়া, আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির স্বার্থে কলকাতার কেন্দ্রীয় কোনও জায়গায় অথবা শহরের বিভিন্ন প্রান্তে অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলির জন্য উপযুক্ত বিকল্প জায়গা চিহ্নিত করার নির্দেশও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত আবেদন শোনার জন্য ১৯টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল। কমিশন জানায়, ট্রাইব্যুনালগুলিতে মোট ৩৮ লক্ষ ৩১ হাজার আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২২ লক্ষ ২১ হাজার আবেদন বাদ পড়া নাম ফেরানোর জন্য, আর ১৬ লক্ষ ১০ হাজার আবেদন নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে করা হয়েছে। এ দিন মামলাকারীদের তরফে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, ট্রাইব্যুনালগুলি এখন পর্যন্ত মাত্র ১ লক্ষের মতো আবেদনের নিষ্পত্তি করেছে এবং তার মধ্যে ৯৩ শতাংশ আবেদনকারীই ভোটার তালিকায় নাম তোলার যোগ্য বলে প্রমাণিত হয়েছেন। তাঁর সওয়াল, “এটি কোনও ছোট নমুনা নয়, অনেক বড় পরিসংখ্যান। এখনও ২২ লক্ষের বেশি এমন আবেদন পড়ে রয়েছে। পুরভোটের আগে যাঁদের আবেদনের নিষ্পত্তি হবে না, তাঁদের ভোটদানের অনুমতি দেওয়া উচিত। না হলে তা গণতান্ত্রিক অধিকার থেকে চরম বঞ্চনা হবে।” কলকাতা পুর-এলাকায় দুই লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে উল্লেখ করে ওই আবেদনগুলি দ্রুত শোনার আর্জি জানান তিনি। বিচারপতি বাগচীও জানান, যেখানে নির্বাচন আসন্ন বা বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলছে, সেখানকার আবেদনগুলিকে অগ্রাধিকার দিতে হবে। নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে আবেদন জানানোকে বিধিভঙ্গ বলে দাবি করেন প্রশান্ত। তাঁর যুক্তি, নির্বাচনী বিধির ২৩ নম্বর ধারা অনুযায়ী ইআরও-র সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনের নিযুক্ত আধিকারিকের কাছেই আবেদন করা যায়। ফলে কমিশন নিজেই নিজের নিযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারে না, এর কোনও আইনি ভিত্তি নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে যাঁদের সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাঁরা উপযুক্ত আদালতে যেতে পারেন বলে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বাগচী মন্তব্য করেন, “কোনও রাজনৈতিক ব্যক্তির বক্তব্য এক বিষয়, কিন্তু বাস্তবে যদি কোনও ব্যক্তি বঞ্চিত হন, তবে তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।” গণবণ্টন ব্যবস্থা বা রেশন তালিকা থেকে এই ধরনের উপভোক্তাদের নাম যাচাই ও বাদ দেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles