RK NEWZ নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির দর্শনে গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভক্তদের সাহায্যে তৈরি হতে থাকা অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারটি সম্পূর্ণ করার জন্য ২ কোটি টাকা এবং শচীমাতা গোশালা সম্প্রসারণের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দের কথা জানান। পাশাপাশি, সেখানে গুরুকুল ও সংস্কৃত টোল গড়ে তোলারও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস দেন। মুখ্যমন্তীরর কথায়, “ব্যবস্থা নেব বলে গেলাম। পরিবহণ দফতরের তরফে এখানে একটি স্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ডিপিআর তৈরি ও অন্যান্য প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। ততদিন সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুবিধার্থে এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত প্রশাসনিক ঘোষণা ও প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ঘাট নির্মাণ সম্পূর্ণ হলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি আবার আসব এবং লঞ্চ ফেরি পরিষেবার উদ্বোধন করব। আমি এখানে দাঁড়িয়ে কোনো রাজনীতি করব না। তবে বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে কোনও নজর দেয়নি। তারা নবদ্বীপ শহরকে একটি দেশি মদের দোকান আর আটটি বিদেশি মদের দোকান দিয়েছে, আর কিচ্ছু করেনি।” রাস উৎসব উপলক্ষে সেজে উঠেছে চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত নবদ্বীপ। উৎসবে যোগ দিতে নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, বেকার ভাতা জানুয়ারি থেকেই! তবে টাকা আপাতত প্রতিশ্রুতিমতো নয়, কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ২১-৪৫ বছর বয়সি বেকারেরা রাজ্য সরকারের এই ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, একটি পরিবারের সর্বোচ্চ দু’জন সদস্য এই বেকার ভাতা পেতে পারবেন। তবে যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পান, তাঁরা এই বেকার ভাতা পাবেন না। নির্বাচনের আগের সঙ্কল্পপত্রেও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলেছিল, কর্মহীন স্নাতকদের মাসে ৩০০০ টাকা করে এবং যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তবে সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতিমতো টাকা এখনই চালু হচ্ছে না। আপাতত ১৫ মাস স্নাতকদের এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে ২০০০ টাকা করে। অন্যদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা করে। সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতিমতো টাকা আপাতত দিতে না-পারার জন্য রাজ্যের কর্মহীনদের ‘সরি’ও বলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি আশ্বাস দেন, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতিমতোই ভাতা দেওয়া হবে। বিজেপির সঙ্কল্পপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই মুহূর্তে পূরণ না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিজেপি সরকারে আসার পরে অনেকগুলি নতুন প্রকল্প চালু করেছে। সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিয়েছে। মহার্ঘভাতার এরিয়ার দিয়েছে। “অনেক অর্থনৈতিক দায়দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা এই মুহূর্তে সঙ্কল্পপত্র রক্ষা করতে পারছি না,” বলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমরা সরি বলে আপনাদের কাছ থেকে ১৫ মাস সময় চেয়ে নিলাম। ৩০০০ টাকা, ২০০০ টাকা এই মুহূর্তে দিতে পারলাম না। ১৫ মাস আপনারা ২০০০ টাকা, আর ১৫০০ টাকা নিন।”
রাজ্যে কোনওভাবেই ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। এবং এ বিষয়ে শীঘ্রই কড়া বিল আনা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি স্পষ্ট জানান, আইন থাকা সত্ত্বেও ‘লুকিয়ে’ যে সব কাজ চলছে, তার ফল ভুগতে হবে। পাশাপাশি, বয়স্ক ও অসুস্থ গরুর সেবাযত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য গোশালা, প্রতিষ্ঠান, পরিবার বা ব্যক্তিবিশেষকে সরকারের তরফে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু বলেন, “এখানে গোমাতাকে হত্যা করতে দেওয়া যাবে না। এবারে পরিষ্কার তার যা ব্যাখ্যা করতে পারেন করবেন। এটা করতে পারবেন না।” তিনি আরও বলেন, প্রতিটি জীবেরই নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে এবং সেই নিয়মেই সকলকে যেতে হয়, কিন্তু বলপূর্বক হত্যার আওতায় গোমাতা পড়ছে না। ১৯৫০ সালের ‘ক্যাটল অ্যাক্ট’-এ এ বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে, পরবর্তীকালে হাইকোর্টেরও নির্দেশ এসেছে এবং বর্তমান সরকারের নীতি ও ইচ্ছাও তাই। মুখ্যমন্ত্রী জানান, বহু গোপালক এবং দুগ্ধপালক দীর্ঘদিন ধরে বয়স্ক ও অসুস্থ গরুদের দেখভালের জন্য সরকারি সাহায্যের দাবি জানাচ্ছিলেন। সেই কথা মাথায় রেখেই এ দিন মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাজ্যে ভারত সরকারের ‘গোকুল মিশন’ চালু করা হল। এর পাশাপাশি, যাঁরা বয়স্ক ও অসুস্থ গরু বা গোমাতাদের সেবাযত্ন এবং রক্ষণাবেক্ষণ করবেন, তাঁদের সরকারি তরফে বাৎসরিক সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাহায্য ব্যক্তি, পরিবার না কি প্রতিষ্ঠানের ভিত্তিতে দেওয়া হবে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান— সব ক্ষেত্রের জন্যই প্রাণিসম্পদ বিকাশ দফতর (এআরডি)-এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট গাইডলাইন ও এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রকাশ করা হবে। সেখানেই খুঁটিনাটি লেখা থাকবে এবং গরু সংখ্যার নিরিখে সাহায্যের অঙ্ক নির্ধারিত হতে পারে।
উৎসবের মরশুমে পশুবলি বা বেআইনি কারবার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান, রাজ্যে ক্যাটল অ্যাক্ট কার্যকর করা হয়েছে এবং লুকিয়ে কেউ বেআইনি কাজ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। হাওড়ার বাঁকড়ার কয়েক জন হড়পপুরে (অন্যত্র) যে ঘটনা ঘটিয়েছিল, সেখানে চারটি গাড়ি ও ৫৫৫ কেজি মাংস বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তারা এখনও জেলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া বারুইপুরেও এমন দু’টি ঘটনার ক্ষেত্রে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ করে অভিযুক্তদের শ্রীঘরে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “লুকিয়ে করলে ধরা পড়বে এবং ভুগবে। আমাদের হাতে আইন রয়েছে, হাইকোর্টের নির্দেশ রয়েছে, ১৯৫০ সালের আইন রয়েছে, সবই রয়েছে। ভেটেরিনারি সার্জনের হাতেও ক্ষমতা রয়েছে। সকলকে আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে। বেআইনি কাজ কোনওভাবেই চলবে না।”
বিজেপিতে ‘বিধায়কের প্রতিনিধি’ পরিচয় নিষিদ্ধ! পুরনো পদও বাতিল? শমীক ভট্টাচার্যের কড়া বার্তা?
ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যেই রাজ্য বিজেপির সংগঠনে একাধিক সমস্যা! ‘বিধায়কের প্রতিনিধি’ কিংবা ‘মন্ত্রীর প্রতিনিধি’ পরিচয় ব্যবহার করা যাবে না। এমনই কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। একইসঙ্গে বাতিল করা হল নির্বাচনের সময় তৈরি হওয়া অস্থায়ী সাংগঠনিক পদগুলির পরিচয় ব্যবহারের সুযোগও। শুক্রবার রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের একাধিক সমস্যা নিয়ে বার্তা দিয়েছেন বনসল। অন্যদিকে, নেতাদের হঠাৎ বিলাসবহুল গাড়ির মালিক হয়ে ওঠা নিয়েও সতর্ক করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কেন এই কড়া বার্তা? বিজেপির অন্দরে কি বাড়ছে গোষ্ঠীকোন্দল ও ক্ষমতার দাপট? পশ্চিমবঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও শমীক ভট্টাচার্য ‘বিধায়কের প্রতিনিধি’ বা ‘মন্ত্রীর প্রতিনিধি’ পরিচয় ব্যবহার নিষিদ্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, এ রাজ্যে ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। এই সংক্রান্ত বিলও আনা হবে। আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ তা চলছে। তবে সেই নিয়ে দ্রুত পদক্ষেপও করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্যে বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে গোমাতাকে হ্ত্যা করতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!’’
পরিচয় ব্যবহারে নিষেধাজ্ঞা: কেউ নিজেকে ‘বিধায়কের প্রতিনিধি’ বা ‘মন্ত্রীর প্রতিনিধি’ বলে পরিচয় দিতে পারবেন না। পুরনো অস্থায়ী পদ বাতিল: বিধানসভা নির্বাচনের সময় তৈরি হওয়া অস্থায়ী সাংগঠনিক পদ, যেমন বিধানসভা ভিত্তিক কনভেনর পদের বর্তমান অস্তিত্ব নেই এবং সেসব পরিচয় ব্যবহার অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। সংগঠনের প্রাধান্য: মন্ত্রী বা বিধায়করা কেউ দলের ঊর্ধ্বে নন এবং তাঁদের সংগঠনের নির্দেশ মেনে চলতে হবে বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে নিয়োগ করা হয়েছিল একজন করে কনভেনর। নির্বাচনের পরও কেউ কেউ সেই পরিচয় ব্যবহার করছেন বলে দলের অভ্যন্তরে অভিযোগ উঠেছে। পাশাপাশি, কিছু নেতা নিজেদের ‘বিধায়কের প্রতিনিধি’ বা ‘মন্ত্রীর প্রতিনিধি’ বলে পরিচয় দিচ্ছেন। বিজেপির সাংগঠনিক কাঠামোয় এমন কোনও পদ নেই—বনসল বৈঠকে তা স্পষ্ট করেছেন বলে দলীয় সূত্রের খবর। তোলাবাজির অভিযোগ এবং গোষ্ঠীদ্বন্দ্বের আবহে এই নির্দেশ এসেছে। দলের নেতাদের কথোপকথনের অডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে পানিহাটিতে গোষ্ঠীকোন্দলের জেরে খুন—একাধিক ঘটনায় অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। প্রতিবেদনে বলা হয়েছে, তোলাবাজির অভিযোগের কথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও স্বীকার করেছেন। শমীক ভট্টাচার্য কয়েকজন নেতার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বলে খবর। দলের নামে গাড়ি চাওয়া বা হঠাৎ এসইউভি কেনার মতো বিষয় নেতৃত্বের নজরে রয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে বলা হয়, বিধায়করা দলের ঊর্ধ্বে নন; সাংগঠনিক নেতাদেরও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। জেলা, মহকুমা বা ব্লকের সমস্যা নিয়ে সরাসরি রাজ্য সভাপতির কাছে না গিয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সংগঠনে জমে ওঠা অসন্তোষ ও অভিযোগ সামলাতে এই বার্তা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
একটাই লক্ষ্য, একটাই অভ্যাস – ‘শৃঙ্খলা’। শাসনক্ষমতায় আসার পর যেন দলীয় শৃঙ্খলা ক্রমশ আলগা হচ্ছে। বিজেপির একেকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক জনবিরোধী কাজের অভিযোগের যেন পাহাড় জমছে। আর সেসব রুখে দলকে কঠোর শৃঙ্খলায় বাঁধতে ততোধিক বদ্ধপরিকর শীর্ষনেতারা। এবার দলের বিধায়ককে পাশে দাঁড় করিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা, বিধায়কের বিচ্যুতি দেখলে যেন তাঁকে জানানো হয়। রবিবার নিউটাউনের ইকো পার্কে উৎসব পরবর্তী মিলন অনুষ্ঠানে বিধায়ক পীযূষ কানোরিয়াকে জনতার সামনেই এভাবে সতর্ক করলেন বিজেপি রাজ্য সভাপতি। ছাব্বিশের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তাপস রায়কে পরাজিত করেন বিজেপির পীযূষ কানোরিয়া। তারপর থেকে অবশ্য তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক তোলাবাজির অভিযোগ ওঠে। তা শীর্ষ নেতৃত্বের কাছেও জমা পড়েছে। আর তাই সুযোগ পেয়ে জনসমক্ষেই বিধায়ককে সতর্ক করলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার ইকো পার্কে বিজয়া ও দীপাবলির মিলন উৎসবের আয়োজন করেছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। আমন্ত্রিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ‘‘এই বিধায়ক আপনাদের পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু এদিক-ওদিক করলে, কোনও বিচ্যুতি দেখতে পেলে আমাকে জানান, আমাদের জানান।” শমীকের এই বক্তব্যেই স্পষ্ট, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিদ্ধ বিধায়কও তাঁর শ্যেন নজরে। ছাড় নেই কারও। গত সপ্তাহে কলকাতায় এসে সল্টলেকের দলীয় কার্যালয়ে পার্টির ‘ক্লাস’ নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলের শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে কঠোর নিয়মের কথা বারবার মনে করিয়েছেন। এমনকী মন্ত্রী-বিধায়কদেরও রেয়াত করা হবে না, সেই বার্তাও দেওয়া হয়েছে। রবিবার বিধায়ক পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়ে শমীক সেই বার্তাই আরও স্পষ্ট করে দিলেন। শাসকদল বলেই যা ইচ্ছে তাই করা যাবে না, জনপ্রতিনিধিকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।




