RK NEWZ খড়গপুরে রেলযাত্রীদের রেলের টিকিট পরীক্ষক ধোনি কখন যে গাভাসকার, কপিল, আজহারউদ্দিন, শচীন, সৌরভদের নেতৃত্বকে পরীক্ষায় বসিয়ে দিয়েছেন, তা নিজেও জানেন না! লক্ষ্য নিয়ে, ফলের আশায় খেলেননি কখনও। প্রোফাইলে একটা ২০ ওভারের বিশ্বকাপ। একটা ৫০ ওভারের বিশ্বকাপ। একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। সঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতকে বিশ্বের এক নম্বর দল করা। পাঁচটি আইপিএল ট্রফিও রয়েছে অধিনায়ক ধোনির। আর অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির দু’টি ট্রফি। কুল! ক্যাপ্টেন কুল। এ ভাবেই একের পর এক সাফল্য এনে দিয়েছেন দলকে। নেতৃত্বের ‘গ্যালারি শো’ নেই। আমিত্বের বিজ্ঞাপন নেই। মাঠে মাথাগরম নেই। সতীর্থদের বকাঝকা নেই। ভাল খেলার জন্য চাপ দেওয়া নেই। চাপের মুখে সিদ্ধান্তহীনতা নেই। দলের বাসে উঠে সামনের আসন দখল করে নেওয়া নেই। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার আকাঙ্ক্ষা নেই। এমন নেইয়ের শেষ নেই। কী আছে? মুঠো মুঠো সাফল্য। যা নেই দেশের অন্য কোনও ক্রিকেট অধিনায়কের। একটি বিজ্ঞাপনের ক্যাচলাইন হয়তো অনেকের মনে আছে। ‘কর লো দুনিয়া মুঠ্ঠি মে।’ ধোনি সেটাই করেছেন। ৯০টি টেস্ট আর ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে যিনি কৃষিকাজে মন দেন, তাঁর মাথায় এত ‘রেকর্ড’-এর জটিলতা আসবে কোথা থেকে? রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে নিজে ভাবেননি। সতীর্থদের ঘাড়েও চাপিয়ে দেননি। সোজা পথে যা এসেছে, অর্জন করেছেন। সিংহের মতো কেশর (ঘাড় পর্যন্ত লম্বা চুল) নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিলেন। রাঁচী থেকে। ভারতীয় ক্রিকেটের সম্ভ্রান্ত সম্প্রদায়ের একাংশ শহরের নাম শুনে ভ্রু কুঁচকেছিলেন। বিহারের (রাঁচী এক সময় বিহারের অংশ ছিল) ক্রিকেটার ভারতীয় দলে! ভার সইতে পারলে হয়। সিংহের গর্জন তখনও শোনেনি বিশ্ব ক্রিকেট। ভারতীয় ক্রিকেটও। গর্জন আজও শোনেননি কেউ। তবে সিংহ গা-ঝাড়া দিয়ে নড়াচড়া শুরু করতেই সমালোচকেরা একে একে গা-ঢাকা দিতে বাধ্য হয়েছেন। ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।’ কিন্তু ধোনি কখনও তারকাও হতে চাননি। তবু গৌতম গম্ভীর, যুবরাজ সিং, জাহির খান, সুরেশ রায়নার মতো তারকারা তাঁকে মহাতারকা করে দিয়েছেন। ধোনি কি খুব ভাল ক্রিকেটার? রক্ষণশীল ক্রিকেট বিশেষজ্ঞেরা হয়তো খুব বেশি নম্বর দেবেন না। টেকনিক্যাল দিক থেকে ব্যাট বা উইকেটরক্ষকের দস্তানা হাতে ততটা দড় নন ধোনি। তাতে কী? ধোনি নিজেই তাঁর ক্রিকেট গড়েপিটে নিয়েছেন। নিষ্ঠা, একাগ্রতা, সময়জ্ঞান, ক্রিকেট বোধ, সততা, প্যাশন একসঙ্গে যোগ করলেই বোধ হয় ধোনি হয়। নিখুঁত ব্যাটার না হয়েও প্রতিপক্ষ বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছেন। শেষ দিকে ব্যাট করতে নেমে ম্যাচের রং বদলে দিয়েছেন অসংখ্য বার। নিখুঁত উইকেটরক্ষক না হয়েও প্রতিপক্ষ ব্যাটারদের ক্রিজ়ের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছেন। পা সামান্য বাইরে গেলেই আর রক্ষে নেই। স্টাম্পড আউট হওয়া নিশ্চিত। ৪৩ বছর বয়সেও চেন্নাইয়ের জার্সি গায়ে সূর্যকুমার যাদবকে আউট করেছেন ০.১২ সেকেন্ডে। ফিল সল্টকে আউট করেছেন ০.০৯ সেকেন্ডে! কী করে পারেন? ধোনিই জানেন। ক্রিকেটার ধোনির সব থেকে বড় শক্তি ছিল ক্রিকেট-মস্তিষ্ক। মুহূর্তে পড়ে ফেলতে পারতেন ম্যাচের ভাগ্য। ব্যাটারদের মৃত্যুফাঁদ থাকত মুখস্থ। সতীর্থদের কাছে ইশারায় চলে যেত নির্দেশ। অধিনায়ক ধোনি যেন অভিজ্ঞ শিকারি! ধোনির প্রতিভা কম, পরিশ্রম বেশি। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ‘‘ধোনি আমার নায়ক। গ্যারি কারস্টেন বলেছিলেন, ‘‘একমাত্র ধোনি পাশে থাকলেই আমি যুদ্ধে যেতে রাজি।’’ কতটা সৎ এবং বিশ্বস্ত হলে এমন প্রশংসা পাওয়া যায়? গ্লেন ম্যাকগ্রা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, ‘‘এমন কোনও ক্রিকেটীয় দেশ নেই, যেখানে ধোনিকে মানুষ শ্রদ্ধা করে না। ওর মতো নেতা দ্বিতীয় দেখিনি।’’ ওয়াসিম আক্রম বলেছেন, ‘‘ধোনি নিঃসন্দেহে বড় ক্রিকেটার। তার থেকেও বড় অধিনায়ক।’’ সমালোচনায় কখনও কান দেননি ধোনি। এক বার পরিষ্কার বলেছিলেন, ‘‘কে কী বলল, তার পরোয়া করি না। আমি শুধু মাঠে নিজের কাজ করতে চাই।’’ টেনিস বল ক্রিকেটের ভক্ত ধোনি হঠাৎ করে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। কেন? ধোনি বলেছিলেন, ‘‘আমার মনে হয়েছে আর অধিনায়ক থাকা ঠিক হবে না। ২০১৯ বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ককে তৈরি হওয়ার পর্যাপ্ত সময় দেওয়া উচিত।’’ আগামীর কথা ভেবেই বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। না হলে আর ১০টি টেস্ট আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারতেন না! কে বাদ দিত ফর্মে থাকা ধোনিকে। অন্তত টেস্টে ৫০০০ রানের মাইলফলক থেকে ১২৪ রান দূরে না থামলেও পারতেন। উইকেটরক্ষক হিসাবে টেস্টে ৩০০ শিকারের মাইলফলক থেকে ৬টি দূরে বা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০ শিকারের মাইলফলক থেকে ৯টি দূরে কেউ থেমে যায়! ওই যে ক্রিকেটজীবনে কোনও লক্ষ্য ছিল না। লক্ষ্যহীন ধূমকেতুর মতো ছুটেছেন। ধোনির জীবনের পরতে পরতে বিস্ময়। গোলরক্ষক থেকে উইকেটরক্ষক। টিকিট পরীক্ষক থেকে অধিনায়ক। ক্রিকেটার থেকে বিশ্বজয়ী অধিনায়ক। কৃষক থেকে সেনা জওয়ান। আইপিএলের মাঝে বা শেষে অবসর ঘোষণা করেননি। প্রচারের আলো নিজের উপর পড়ুক, চাননি। আইপিএল থেকে অবসরটাও নিজে জানালেন না। জানালেন চেন্নাই কর্তৃপক্ষ। ধোনি সম্পূর্ণ প্রাক্তন হয়ে গেলেন। আগামী আইপিএলে আর ক্রিকেটার ধোনিকে দেখা যাবে না। তবু চেন্নাই তাঁকে ছাড়েনি। ডাগ আউটে থাকবেন মেন্টর ধোনি। চেন্নাইয়ে ধোনির কতটা প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে ধোনিহীন চেন্নাই যে জৌলুস অনেকটাই হারাবে, তা নিশ্চিত।



