RK NEWZ ২০০৬ সালে নৈনিতালে প্রণব মুখোপাধ্যায়কে উপপ্রধানমন্ত্রী করার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন সনিয়া গান্ধী। চার বছর পরে সেই প্রণবই তাঁর কাছে সরকারের শীর্ষে বদলের কথা তোলেন। সনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে সেই কথোপকথন। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর, নৈনিতাল। কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দু’দিনের সম্মেলন শেষে যৌথ সাংবাদিক বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে কি এবার উপপ্রধানমন্ত্রী করা হবে? মনমোহনকে উত্তর দিতে না দিয়ে মাইক কেড়ে নিয়েছিলেন সনিয়া। যেন তাঁর জানাই ছিল, এই প্রশ্নটা আসবে। তৎকালীন কংগ্রেস সভানেত্রী সপাটে জবাব দিয়েছিলেন, “কোনও উপ প্রধানমন্ত্রী থাকবে না, আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি।” ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকার গঠনের পর দু’বছর কাটতে না কাটতেই সর্বভারতীয় রাজনীতিতে একটা ধারণা স্পষ্ট হয়ে গেছিল। তা হল, সরকার চালাচ্ছেন প্রণবই। তিনিই সরকারের অলিখিত নম্বর টু। তাই নৈনিতালে মনমোহন-সনিয়ার সামনে এই প্রশ্নটা অবধারিতই ছিল। সনিয়া এবার জানালেন, চার বছর পরে সরকারের শীর্ষে বদলের কথাটা তুলেছিলেন প্রণব নিজেই। মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এ সনিয়া লিখেছেন, “উনি (প্রণব মুখোপাধ্যায়) বলেন, হয়তো সরকারের শীর্ষে বদলের সময় এসেছে। তাঁর কথায় চমকে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছা থেকেই তিনি এ কথা বলছেন। আমি আলতো করে প্রসঙ্গ ঘুরিয়ে দিই। উনি হয়তো হতাশ হয়েছিলেন, কিন্তু সে জন্য আমার প্রতি তাঁর কোনও ক্ষোভ ছিল বলে কখনও বুঝতে দেননি।”সনিয়ার বয়ানে ‘আমার মনে হয়েছিল’ কথাটা জরুরি। প্রণব সরাসরি নিজেকে প্রধানমন্ত্রী করার কথা বলেছিলেন, এমন দাবি তিনি করেননি। প্রস্তাবটির যে অর্থ তিনি করেছিলেন, বইয়ে সেটাই লিখেছেন। প্রণব ঘনিষ্ঠদের মতে, তাঁর ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্খা ছিল তা নিয়ে সন্দেহ নেই। তা অমূলকও নয়। বরং সঙ্গত। তবে তাঁর মাথায় আরও একটি প্রশ্ন ছিল। দ্বিতীয় ইউপিএ সরকার যে দিকে যাচ্ছিল, নেতৃত্ব বদলে তার গতিপথ ফেরানো সম্ভব কি না।
সনিয়া যে সময়ের কথা লিখেছেন, সেটা ২০১০। প্রণব তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নর্থ ব্লকে তাঁর দফতর। কিন্তু তাঁর কাজের পরিধি কতটা ছিল তা বুঝতে শুধু অর্থ মন্ত্রকের দিকে তাকালে চলবে না। তিনি ছিলেন লোকসভার নেতা। শরিকদের সঙ্গে সরকারের সমন্বয় রাখার অন্যতম প্রধান মুখ। একের পর এক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের চেয়ারম্যানও ছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ৯৫টিরও বেশি মন্ত্রিগোষ্ঠীর সভাপতিত্ব করেছিলেন প্রণব। মমতা বন্দ্যোপাধ্যায়, করুণানিধি কিংবা শরদ পাওয়ারের সঙ্গে কোনও বিষয়ে সরকারের মতের অমিল হলে সমাধানের রাস্তা খোঁজার দায়িত্ব প্রায়ই পড়ত প্রণবেরই উপর। মনমোহন প্রধানমন্ত্রী। কিন্তু জোট চালানোর দৈনন্দিন দরকষাকষি এবং সংসদে সরকারের হয়ে জট ছাড়ানোর বড় অংশটা সামলাতেন তিনিই। ঘটনা হল, ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস ২০৬টি আসন জেতার পর দশ জনপথের ওজন বেড়েছিল। সেই জয়ের স্বস্তি অবশ্য বেশিদিন টেকেনি। ২০১০ সাল থেকে একের পর এক দুর্নীতির অভিযোগে সরকার চাপে পড়তে শুরু করে। বিরোধীদের আক্রমণে সংসদ চালানো কঠিন হচ্ছিল, সংসদের বাইরেও সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই চাপ সামলাতে মনমোহনের সরকার ক্রমেই বেশি করে নির্ভর করছিল প্রণবের রাজনৈতিক দক্ষতার উপর। নেতৃত্ব বদলের কথাটা প্রণব তুলেছিলেন এই পটভূমিতেই।
প্রণবের দক্ষতায় ভরসা ছিল। আস্থার প্রশ্নে ২০০৪ সালে কেন মনমোহনকে বেছে নিয়েছিলেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন সনিয়া। বামেদের বাইরের সমর্থনে তখন ইউপিএ সরকার গঠিত হয়েছে। আর্থিক উদারীকরণের মুখ হিসেবে পরিচিত মনমোহন প্রধানমন্ত্রী হলে শিল্পমহলের আস্থা বজায় থাকবে বলে মনে করেছিলেন তিনি। প্রণবের কর্মদক্ষতার উপর সনিয়ার ভরসা ছিল। কিন্তু সরকারের সর্বোচ্চ পদের প্রশ্নে সেই ভরসা কত দূর রাখা যায়, সেই সংশয় আসলে গান্ধী পরিবারের মজ্জায় ছিল বলে অনেকের মত। এর পিছনে ছিল পুরনো ইতিহাস। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের অন্দরে ধারণা তৈরি হয়েছিল, প্রণব প্রধানমন্ত্রী হতে চান। তখনও তিনি অর্থমন্ত্রী, সরকারের অলিখিত দ্বিতীয় ব্যক্তি। সেই ধারণা কতটা ন্যায্য ছিল, তা নিয়ে বিতর্ক আছে। তবে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়েছিল। প্রণব কংগ্রেস ছেড়েছিলেন। পরে রাজীবের আমলেই দলে ফেরেন। সনিয়ার সঙ্গে প্রণবের কাজের সম্পর্ক মজবুত হতে শুরু করে পাঁচমারির কংগ্রেস অধিবেশনের সময়। আর্থিক প্রস্তাবের খসড়া তৈরির ভার সনিয়া দিয়েছিলেন প্রণব ও মণিশঙ্কর আইয়ারকে। কিন্তু প্রথম ইউপিএ সরকারের দফতর বণ্টনে প্রণব অন্য একটি সংকেত দেখেছিলেন। লোকসভা ভোটে হেরেও স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শিবরাজ পাটিল। পরে তাঁকে রাজ্যসভায় আনা হয়। প্রণব পেলেন প্রতিরক্ষা। প্রণববাবুর ঘনিষ্ঠদের মতে, সনিয়ার সেই সিদ্ধান্তকেও আস্থার সীমা হিসেবেই দেখেছিলেন। নৈনিতালে উপপ্রধানমন্ত্রী পদের জল্পনার যে ভাবে ইতি টেনেছিলেন সনিয়া, তাতেও সেই সীমারেখাটা প্রকাশ্যে এসেছিল।
২০০৭-এ যাঁকে ছাড়া যায়নি, ২০১২-য় তিনিই রাষ্ট্রপতি
বস্তুত এই কারণেই প্রথম ইউপিএ আমলেই রাষ্ট্রপতি পদে যাওয়ার আগ্রহ ছিল প্রণবের। ২০০৭ সালে তাঁর নামও উঠেছিল। নিজের স্মৃতিকথা দ্য কোয়ালিশন ইয়ার্স-এ প্রণব লিখেছেন, বামেরাই প্রথম তাঁর নাম প্রস্তাব করেছিল বলে তিনি জানতে পারেন। প্রকাশ কারাট পরে তাঁর বাড়িতে এসে জানান, সনিয়া রাজি নন। লোকসভায় প্রণবের বিকল্প নেই, মন্ত্রিসভা থেকেও তাঁকে ছাড়া কঠিন। অর্থাৎ, সে বার রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথে প্রণবের বাধা হয়ে দাঁড়িয়েছিল সরকারের কাছে তাঁর প্রয়োজনীয়তাই। পাঁচ বছর পরে পরিস্থিতি বদলাল। প্রণবও তত দিনে এমন ভাবে রাজনৈতিক জমি তৈরি করেছিলেন যে, তাঁর নামেই সবচেয়ে বিস্তৃত সমর্থন জোগাড় করার সম্ভাবনা ছিল। গোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল। তা সত্ত্বেও ইউপিএ প্রণবকেই প্রার্থী করে। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দ্রুত সমর্থন জানায়। শেষ পর্যন্ত ২০১২ সালের জুলাইয়ে রাষ্ট্রপতি ভবনে যান প্রণব। প্রণববাবু ঘনিষ্ঠদের কথায়, তাঁর আক্ষেপটা শুধু প্রধানমন্ত্রী হতে না পারার ছিল না। তিনি মনে করতেন, দ্বিতীয় ইউপিএর মাঝপথে সনিয়া যদি মনমোহনকে সরিয়ে নেতৃত্বে বদল আনতেন, তা হলে বিজেপির উত্থান ঠেকানোর একটা সুযোগ হয়তো থাকত। ২০১৪-র ফল তাতে বদলাত কি না, জানার উপায় নেই। কিন্তু প্রণবের বিচারে, সময় থাকতে সেই সুযোগটা না নেওয়ার দায় সনিয়ারও ছিল।




