RK NEWZ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ১২-০ গোলে গুয়ামকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন রাজ সিংহ ওয়াহেংবাম এবং ডালালমুয়োন গাংতে। এ দিকে, সাফ কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। সাফ কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। তারা ভুটানকে হারিয়েছে ২-১ গোলে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় জয় পেল ভারত। রাজ মোট চারটি গোল করেছে, যথাক্রমে ৫৫, ৭৩, ৮৩ এবং ৮৪ মিনিটে। গাংতে গোল করেছে ১৩, ২৭ এবং ৩২ মিনিটে। এ ছাড়াও ভারতের গোলদাতা লিয়ো থোংবাম (৫ মিনিট), হৃষিকেশ মানবতী (২০), ডেভিড মাংগান ইরোম (৫৩), ফেলিক্স মিতেই (৫৬) এবং রিস্তিক মাইতি (৮৭)।
পাঁচ মিনিটে লিয়োর গোলে এগিয়ে যায় ভারত। এর পর অধিনায়ক গাংতে প্রথমার্ধে হ্যাটট্রিক করে। পঞ্চম গোল হৃষিকেশের। প্রথমার্ধে ৫-০ এগিয়ে ছিল ভারত। বিরতির পর মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা বিপক্ষের উপর আক্রমণ আরও বাড়িয়ে দেয়। সাতটি গোল করে তারা। রাজ, ডেভিড, ফেলিক্স এবং রিস্তিক পর পর গোল করে যায়। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ১৯৮৪ এবং ২০২৪ সালে তারা ম্যাকাউ এবং ব্রুনেইকে ১৩-০ গোলে হারিয়েছিল। ছ’পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত। গোলপার্থক্যে এগিয়ে প্যালেস্তাইনের চেয়ে, যারা মঙ্গলবার খেলবে ভারতের বিরুদ্ধে। সিঙ্গাপুরের তিন পয়েন্ট। মালয়েশিয়া এবং গুয়াম এখনও পয়েন্ট পায়নি। গ্রুপ বিজয়ীরাই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে। ঢাকায় সাফ কাপে পিভি বিষ্ণু এবং চিংলেনসানা সিংহের গোলে ভুটানকে হারিয়েছে ভারত। অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন বিষ্ণু। লম্বা বল বাঁ পায়ে রিসিভ করে ডান পায়ের শটে গোল করেন তিনি। ২৭ মিনিটে গোল চিংলেনসানার। তিনি কর্নার থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন। ৪৮ মিনিটে টোবডেন ভুটানের হয়ে একটি গোল শোধ করেন। লাইন্সম্যান অফসাইড দিলেও ভার প্রযুক্তি প্রয়োগ করে গোল দেওয়া হয়। সাফে এই প্রথম ভার ব্যবহৃত হল।





