RK NEWZ খারাপ থেকে খারাপতর হচ্ছে রাজধানীর বাতাস। রবিবার দিনভর ‘অত্যন্ত খারাপ’ ছিল দিল্লির বাতাস। দিওয়ালি উদযাপনের পর পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দিনের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৭৬। ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা শহর। ব্যাপকভাবে কমে গিয়েছে দৃশ্যমানতাও। দিওয়ালি উদযাপনের জেরেভ সোমবার বাতাসের মান ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে পৌঁছতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৯টি মনিটরিং স্টেশনের থেকে যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে, ১২টি স্টেশনে বাতাসের মান ছিল ‘সিভিয়ার’ অর্থাৎ গুরুতর এবং ২২টি স্টেশনে ‘ভেরি পুওর’ বা খুব খারাপ। সবচেয়ে খারাপ অবস্থা ছিল জাহাঙ্গিরপুরীতে, যেখানে একিউআই রেকর্ড করা হয় ৪৬৩। শনিবার শহরের গড় একিউআই যেখানে ছিল ৩৬৯, সেটাই রবিবার বেড়ে দাঁড়ায় ৩৭৬। অর্থাৎ সিভিয়ার বা গুরুতর পর্যায়ের সীমা ৪০০ থেকে বেশি দূরে নেই রাজধানী। বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যেই সেই সীমা ছাড়িয়ে গিয়েছে। দিল্লির এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) জানিয়েছে, ৯ নভেম্বর থেকে কয়েক দিন বাতাসের মান ‘সিভিয়ার’ বিভাগেই থাকতে পারে। আবহাওয়া এবং বায়ুদূষণ বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল আবহাওয়া, দীপাবলি উদযাপন, যানবাহনের ধোঁয়া এবং প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে। ঘণ্টায় ১০ কিলোমিটারের নিচে বাতাস থাকলে দূষণ আরও গুরুতর আকার নেবে। উল্লেখ্য, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর মাপকাঠি অনুযায়ী, একিউআই ০-৫০ হলে ‘ভালো’, ৫১-১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১-২০০ হলে ‘মাঝারি’, ২০১-৩০০ হলে ‘খারাপ’, ৩০১-৪০০ হলে ‘অত্যন্ত খারাপ’ এবং ৪০১-৫০০ হলে ‘গুরুতর’ বলে ধরা হয়।





