RK NEWZ এই তো সেদিনের কথা। তখন তিনি মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান। কালীপুজোর দিনটা হরিশ চ্যাটার্জির স্ট্রিটের তাঁর বাড়ি একেবারে গমগম করত। একবছরের মধ্যেই রাজ্য রাজনীতিতেবদল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের মসনদে বিজেপির সরকার। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি বদলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর ছবিটা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিছু পুলিশের গাড়ির জটলা ছাড়া বাকি রাস্তাটা ফাঁকা। নেই অগনিত অনুগামীদের ভিড়। হাতে গোনা কিছু অন্ধভক্তের দল।

আর রয়েছেন শুধুই নিরাপত্তারক্ষীরা। অন্যান্যবার জনসমাগম যা হত সবই পাড়া প্রতিবেশী আর জেলা থেকে আসা কর্মী আর আম-জনতার। কালীপুজোর দিনটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজা সকলের জন্য থাকত খোলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রত্যেকবার যে ভিভিআইপিরা সবসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে থাকত, তাঁরা উধাও এদিন। নেই পরিচিত মুখ কিংবা টলিউডের ভিড়। ওঁরা আজ কোথায়? বড় বড় সব নাম। দেব-জিৎ-বুম্বা কিংবা প্রসূণ-গৌতম-অরূপরা। কারুর হাজিরা নেই। কারও কারও কথায়, প্রতিমা-ও যেন এবার কিঞ্চিৎ উচ্চতায় কম! এসবের মধ্যেই চেনা আটপৌরে শাড়ির বেশে যারা এদিন বাড়িতে আসছেন, তাঁদের নিজে আপ্যায়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাটার্জি স্ট্রিটের গলিতে পা রাখলে প্রথমেই চোখে পড়বে বাঁদিকের ছোট্ট একটা কালীপুজো। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের অফিসের সামনে অধিষ্ঠিত শিব ও কালী প্রতিমার মূর্তি। এটাই শিবশক্তি সংঘের কালীপুজো। মমতার ছোটো ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৮ বছর ধরে এই পুজো করে আসছেন। মমতার বাড়ি ঢোকার আগে প্রায় প্রত্যেকেই একবার করে হাত আস্ফালন করে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন বাবুনকে। এমন ছবিই ধরা পড়ল। সকলের সঙ্গেই মিলিমিশে একাকার প্রাণবন্ত বাবুন।

মমতা সহোদরের পুজো পেরিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। নিরাপত্তা-বেষ্টনীর বাড়াবাড়ি নেই, সামান্য পরিচয়টুকু জানিয়ে ভিতরে প্রবেশ। সেখানেই উঠোনে চলছে এক সময়ের সব থেকে হাইপ্রোফাইল বাড়ির কালীপুজো। এদিন সন্ধ্যার পর থেকে একে একে উপস্থিত হন সাংসদ সৌগত রায়, দোলা সেন-সহ ছাত্র-যুব নেতাদের অনেকেই। ঘুরে যান প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক ও নেতা। রাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজনের মাঝেমাঝেই এসে অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই লেখা, সুর করা গত ১০ বছরের অ্যালবামের গান মৃদু সুরে বাজছে। নিজেই সে কথা জানিয়ে মমতা বললেন, শ্রীরাধা, ইন্দ্রনীল, তৃষা, রূপঙ্করদের গাওয়া গানগুলোই বাজছে। এই বাড়ি ছাড়িয়ে এবার আরও দুটি বড় পুজো হচ্ছে, যার একটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছেন। নিজের পুজো শুরুর এক ফাঁকে বেরিয়ে তরুণ যুবক সঙ্ঘের মণ্ডপ উদ্বোধন করে আসেন মমতা।





