RK NEWZ চতুর্থ দিনের শুরুতেও পদকের বর্ষণ। প্যারা এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যাহত। শুক্রবার সাতসকালেই রেকর্ড গড়ে পদকের সেঞ্চুরি পেরিয়ে গেলেন ভারতের প্যারা অ্যাথলিটরা। বৃহস্পতিবার একদিনে সাত সোনা-সহ মোট ২৬ পদক জেতার পর শুক্রবার সকালেও সাফল্যের ধারা অব্যাহত। এদিন সাতসকালেই ৪টি সোনা জিতে নিয়েছেন ভারতের অ্যাথলিটরা। শুক্রবার সকালে প্রথম দু’টি সোনা আসে প্যারা ব্যাডমিন্টন থেকে। সিঙ্গলস এসএল ৩ বিভাগে সোনা জেতেন ভারতের নীতেশ কুমার। ওই একই বিভাগে রুপো পান প্রমোদ ভগত। ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনাটি আসে পুরুষদের সিঙ্গলসের এসএল ৪ বিভাগে। সোনা জেতেন নবীন শিবকুমার। তৃতীয় সোনা ট্র্যাক এন্ড ফিল্ড থেকে। ৪০০ মিটার দৌড়ের টি৬৪ বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের সন্দীপ। কিছুক্ষণ পর দিনের চতুর্থ সোনাটি আসে জ্যাভলিন থেকে। পুরুষদের এফ৩৭/৩৮ বিভাগে সোনা জেতেন ভারতের হ্যানে সিং। অন্য ইভেন্ট থেকেও একাধিপ পদক আসে এদিন সকালে। ইতিহাস গড়ে পদকের সেঞ্চুরি করে ফেলে টিম ইন্ডিয়া। মোট ২৫টি সোনা, ৩২টি রুপো এবং ৪৩টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত এখন চতুর্থ স্থানে। ৩৩১ পদক নিয়ে চিন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে জাপানের পদক সংখ্যা ১৪৫। তৃতীয় স্থানে উজবেকিস্তান। তাদের পদকসংখ্যা ১২২। ভারতের পর রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের হাতে ২৪ সোনা-সহ ৮০টি পদক। ইরান ৮৭টি পদক নিয়ে পঞ্চম স্থানে। বৃহস্পতিবার ৭টি সোনা-সহ ২৬টি সোনা জেতে ভারতীয় দল। এদিন তিরন্দাজির প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন শীতল দেবী এবং তোমন কুমার। এর পর ব্যক্তিগত ইভেন্টেও সিঙ্গাপুরের আলিম নূরকে হারিয়ে সোনা জেতেন শীতল। এর আগে ডিসকাস মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছেন সুবর্ণা রাজ। সোনা জিতেছেন দিলীপ গোভিটও। ৪০০ মিটার টি৪৭ ফাইনালে রেকর্ড গড়েছেন তিনি। লং জাম্পে ধর্মরাজ সোলারাইজ গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন। হাই জাম্পের টি-৬৩ ইভেন্টে শৈলেশ কুমারও সোনা পেয়েছেন।





