RK NEWZ রঞ্জির নতুন মরসুমে বদল বাংলার অধিনায়কত্বে? কিন্তু শেষ পর্যন্ত তা হল না। অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক রেখেই ঘোষণা করা হল দল। বুধবার ১৬ জনের দল ঘোষণা করেছে রাজ্য ক্রিকেট সংস্থা। সাত জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। দলে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অভিষেক পোড়েল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলা বিচারাধীন। তার মাঝেই বাংলা দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন শাকির হাবিব গাঁধী। অভিমন্যুর সহকারী হিসেবে রয়েছেন সুদীপ ঘরামি। বাংলার বড় শক্তি তাদের বোলিং আক্রমণ। রয়েছেন অভিজ্ঞ মহম্মদ শামি। তাঁর সঙ্গে আকাশদীপ ও মুকেশ কুমারও রয়েছেন। কিন্তু রঞ্জির মাঝেই ভারত ‘এ’ দলের হয়ে আকাশদীপ ও মুকেশকে নিউ জ়িল্যান্ডে যেতে হবে। সেই কারণে সূরয সিন্ধু জয়সবালকেও রাখা হয়েছে।
আপাতত শুধু দিল্লি ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। দলে নেই শাহবাজ় আহমেদ। দলীপ ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি। সেই কারণেই নির্ভরযোগ্য অলরাউন্ডারকে রাখা হয়নি। তবে সুস্থ হলেই দলে ঢুকে পড়বেন শাহবাজ। গত বার রঞ্জির সেমিফাইনালে উঠেছিল বাংলা। কিন্তু জম্মু-কাশ্মীরের কাছে ঘরের মাঠে হেরেছিল তারা। এ বার সেই ব্যর্থতা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবেন কোচ লক্ষ্মীরতন শুক্লের ছেলেরা। ১১ অক্টোবর, রবিবার থেকে শুরু রঞ্জি। বাংলার প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। কিন্তু মহালয়ায় ইডেনে রাজ্য সরকারের অনুষ্ঠান থাকায় খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে।
রঞ্জিতে বাংলা দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ ঘরামি (সহ-অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, শাকির হাবিব গাঁধী, অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্ল, শুভম চট্টোপাধ্যায়, মহম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সবাল, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, মহম্মদ কাইফ।
স্ট্যান্ড বাই
করণ লাল, অখিলেশ যাদব, গীত পুরি, অভিষেক রমন, শুভম সরকার, সুমিত মোহান্ত, আদিত্য পুরোহিত।




