RK NEWZ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পার করেছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগামী ভারতের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, “২০৪৭ সালের মধ্যে ভারত এক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্য আমরা অর্জন করবই।” আত্মবিশ্বাসের সঙ্গে তিনি স্লোগান দেন, ‘উই উইল ডু ইট।’ অর্থাৎ, ‘আমরা এটা করে দেখাবোই।’ তাঁর ভাষণে উঠে আসে বিকশিত ভারত, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলি। ‘উন্নত ভারত সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেই, তখন কল্পনাও করিনি যে একদিন প্রধানমন্ত্রী হব। এবং টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে এই মাইলফলক ছোঁব। দেশের মানুষের ভালোবাসার জন্যই এটা সফল হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” মোদি আরও বলেন, “আমার জীবনে কোনও ঘটনাই বৃথা যায়নি। যারা আমায় জিতিয়েছেন, “তাঁরা বিনয়ী হতে শিখিয়েছেন। যারা হারিয়েছেন, তাঁরা ফের উঠে দাঁড়াতে শিখিয়েছেন। শুভাকাঙ্খীরা উৎসাহিত করেছেন, আর সমালোচকরা আত্মসমালোচনার সুযোগ দিয়েছেন। প্রতিটি সংকটে ধৈর্যের পরীক্ষা দিয়েছি। প্রতিটি সাফল্য দায়িত্ব বাড়িয়েছে, আরও বড় লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে।” ভাষণে দেশের উন্নতির পথে ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দেন মোদি। যেগুলি হল, ১. ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত। স্বাধীনতার ১০০ বছরে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। ২. বিশ্বের সেরা তিন অর্থনীতির দেশে পরিণত করা হবে ভারতকে। ৩. আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করে তোলা। ৪. ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা। উৎপাদন শিল্পে ভারত হয়ে উঠবে বিশ্বের প্রধান কেন্দ্র। ৫. মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের আধিপত্য আরও মজবুত করা এবং ৬. ভারতে বিশ্বমানের অলিম্পিক গেমস আয়োজন।প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল স্বামী বিবেকানন্দের কথাও। মোদি বলেন, ‘আজ বিনায়ক মন্দিরে দেশবাসীর জন্য প্রার্থনা করেছি। কোটি কোটি দেশবাসীর আস্থা ও কর্মীদের পরিশ্রমের ফল। ২৫ বছরে অভিজ্ঞতার ঝুলি সম্পূর্ণ।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সবসময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম।”
টানা ২৫ বছর! দীর্ঘ সময়ে ধরে প্রধান প্রশাসকের কুর্সিটি সাফল্যের সঙ্গে ধরে রাখা যে কতটা কৃতিত্বের, তা সহজেই অনুমেয়। বুধবার সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মুখ্যমন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রিত্বের রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছর পূর্ণ হল আজ! আর সেই বৃহৎ কর্মকাণ্ডের সাফল্য উদযাপনে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি। বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি (নরেন্দ্র মোদি) নিজেকে প্রধানমন্ত্রী বলেন না। বলেন প্রধান সেবক। শুধু বলেন না, সেভাবেই নিজের কাজ করেন। আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদিজি।” নেতাজি ইন্ডোরের এই অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ সম্প্রচারিত হচ্ছে। রাজ্যবাসী তা শুনছেন ও দেখছেন। রয়েছেন রাজ্যের প্রায় সব মন্ত্রী ও রাজ্য বিজেপির নেতারাও। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ পছন্দের পাত্র প্রধানমন্ত্রী মোদির। বহুবার তাঁর প্রশংসা ও তাঁর প্রতি ভরসার কথা শোনা গিয়েছে মোদির মুখে। ছাব্বিশে বঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী নিজে এসে শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। আর তাই প্রশাসক মোদির ২৫ বছর দেশজুড়ে সকলে উদযাপন করলেও শুভেন্দুর তরফে বাড়তি আয়োজন থাকবে, সেটাই স্বাভাবিক। বুধবার তাই নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠান। এখান থেকে প্রশাসক মোদির ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বোঝালেন, মানুষের সেবাকর্মে তিনিই অনুপ্রেরণার মূল উৎস। তাঁকে সামনে রেখে রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এও জানান, আজ সন্ধ্যায় গুজরাটে, মোদির জন্মস্থানে উপস্থিত থাকবেন তিনি।




