RK NEWZ মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বহু বিশিষ্টজন। শুক্রবার একটি বৈঠকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর এটিই প্রথম দুর্গাপুজো। বাঙালির সেরা উৎসব উদযাপনে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। আর মহালয়ার দিন ইডেনে যে অনুষ্ঠান হবে, তার জন্য সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বহু বিশিষ্টজন। সেই অনুষ্ঠান নিয়ে শুক্রবার দীর্ঘক্ষণ বৈঠক হল ইডেনের ক্লাবহাউসে। একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে। সূত্রের খবর, মহালয়ার দিন দেড় ঘণ্টা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী থাকবেন ইডেনে। ঠিক হয়েছে, হুডখোলা গাড়িতে দু’জনকে ঘোরানো হবে গোটা মাঠে। অনুষ্ঠান মাতাতে ৫০০০ ঢাকি থাকবেন। একসঙ্গে এত ঢাকিকে একটি অনুষ্ঠানে হাজির করে ‘গিনেস বুক অফ রেকর্ডস’-এ নাম তোলার চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে। এ ছাড়া সঙ্গীতানুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড দোহার পারফর্ম করবে। পুরো পরিকল্পনা শান্তনু মৈত্রের। রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বিজয়া দশমী পর্যন্ত অনুষ্ঠান করার। মহালয়ায় তার সূচনাটি হবে ইডেনে। এর পর রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলবে। সিএবি-র আশা, মহালয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজো এবং রাজ্যের যেমন বিশ্বব্যপী প্রচার হবে, তেমনই নতুন মাত্রা পাবে ইডেনও। এ দিনের বৈঠকে পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সৌমিত্র মোহন, মিউনিসিপাল কমিশনার স্মিতা পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস উপস্থিত ছিলেন। এ ছাড়াও কলকাতা পুলিশ, পর্যটন বিভাগ, তথ্য ও সম্প্রচার বিভাগ, পরিবহণ, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের বিভিন্ন পদস্থ কর্তারা হাজির ছিলেন। সঞ্জয় দাস বলেছেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি যে, আমাদের বড় ম্যাচ আয়োজনের দক্ষতা রয়েছে। বড় ম্যাচে ভিড় নিয়ন্ত্রণ, প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যাপারগুলো ভাল ভাবেই সামলানো গিয়েছে। এরকম বড় অনুষ্ঠানে আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাবে। আশা করা যায় খুব ভাল অনুষ্ঠান হবে।” বিগত সরকার দুর্গাপূজোর বিসর্জন নিয়ে রেড রোডে ‘কার্নিভাল’ চালু করেছিল। কিন্তু বিজেপি সরকার জানিয়ে দিয়েছে, এ বার থেকে ‘কার্নিভাল’ বন্ধ। তার বদলে নতুন সরকারের চমক মহালয়ার অনুষ্ঠান। আর এর জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে ইডেন।




