RK NEWZ তিন বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএলের নিলাম। ডিসেম্বরের নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এবার আর বিদেশে নয়, ভারতের মাটিতেই বসবে আইপিএল নিলামের আসর। গত তিন বছর বিদেশের মাটিতে হয়েছে আইপিএলের নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবিতে বসেছিল আসর। এবার সেই ধারায় ছেদ পড়ছে। দেশে নিলাম ফিরিয়ে আনার কথা আগেই জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। এবার সাইকিয়া বলেন, “টানা তিন বছর আইপিএলের নিলাম হয়েছে বিদেশে। সৌদি আরব, দুবাই এবং আবু ধাবির পর এবার আবার দেশের মাটিতেই নিলাম হবে। ডিসেম্বরের নিলামের জন্য গোয়াকে বেছে নেওয়া হয়েছে।” নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে মতামতও চেয়েছে বিসিসিআই। আলোচনায় রয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম। এই নিয়ম নিয়ে ক্রিকেটমহলে অবশ্য বিতর্ক কম হয়নি। একাধিক ক্রিকেটার প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই নিয়ম নিয়ে সাইকিয়া বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আলোচনা জারি রয়েছে। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির পরামর্শ চাওয়া হয়েছে। সকলের মতামত জানার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” কেবল নিলাম নয়, আগামী আইপিএলের সময়সূচি নিয়েও ভাবনাচিন্তা করছে বোর্ড। চলতি বছর জুনে বোর্ড সচিব জানিয়েছিলেন, আবহাওয়ার প্রতিকূলতা এড়াতে এবার প্রতিযোগিতা কিছুটা এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে মার্চের ১০ তারিখের মধ্যে আইপিএল শুরু করে মে মাসের ১৫ তারিখের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।




