RK NEWZ এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারতের পদক সংখ্যা বেড়ে ৬। শুটিংয়ে জোড়া পদক। টেবল টেনিসে পাকিস্তানকে ওড়াল পুরুষ ও মহিলা দল। কবাডিতেও দাপট ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ভারতীয় প্যাডলাররা। টেবিল টেনিসের পুরুষ ও মহিলা, দুই বিভাগেই এল ৩-০ ব্যবধানের বিশাল জয়। পাশাপাশি শুটিং রেঞ্জ থেকে জোড়া পদক। কবাডি, হকি থেকে উশু—সর্বত্র উড়ল ভারতের বিজয়পতাকা।
শুটিংয়ে জোড়া পদক ও এমএমএ ব্রোঞ্জ
সকালেই খাতা খুলেছিল শুটিং। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতেন হিমাংশু ধিলোঁ। একই ইভেন্টে ব্রোঞ্জ আসে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন রুদ্রাংশ পাটিলের হাত ধরে। এর আগে পার্থ মানের সঙ্গে জুটি বেঁধে দলগত বিভাগেও রুপো জিতেছিলেন তাঁরা। অর্থাৎ, শুধু শুটিং থেকেই তিন-তিনটি পদক।
মিক্সড মার্শাল আর্টসের মহিলাদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন সূচিকা তরিয়াল। সিঙ্গাপুরের ভিক্টোরিয়া তেওর কাছে সেমিফাইনালে বিতর্কিত হারের পর তাঁকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
টেবিল টেনিসে পাকিস্তানের আত্মসমর্পণ
টেবিল টেনিসের গ্রুপ এফ-এর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় ভারতের পুরুষ দলের। খেলার ফল ৩-০। প্রথম ম্যাচে মহম্মদ খানের বিরুদ্ধে ১১-৪, ১১-৩, ১১-৫ গেমে অনায়াস জয় হরমিত দেশাইয়ের। দ্বিতীয় ম্যাচে আব্বাস খানকে ১১-১, ১১-৮, ১১-৯ ব্যবধানে পরাস্ত করেন সাথিয়ান জ্ঞানশেখরন। তৃতীয় ম্যাচে পায়াস জৈন ১১-২, ১১-৫, ১১-৭ স্কোরে মহম্মদ খানকে হারিয়ে ভারতের সার্বিক জয় নিশ্চিত করেন। এর আগে মহিলাদের দলগত বিভাগেও পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়েছে ভারত।
কবাডি, হকি ও ব্যাডমিন্টনে দাপট
কবাডিতেও শুরুটা দুর্দান্ত। গ্রুপ এ-র ম্যাচে জাপানকে ৪৯-২৪ পয়েন্টে বিধ্বস্ত করেছে ভারতের ছেলেরা (Indian Kabaddi Team)। মহিলাদের কবাডিতেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধে ১৭-৬ ব্যবধানে এগিয়ে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন টিম। পাশাপাশি হকির টার্ফেও গোলের সুনামি। মহিলাদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে প্রমীলা বাহিনী। পিছিয়ে নেই ব্যাডমিন্টন দলও। রাউন্ড অফ ১৬-র লড়াইয়ে প্রতিবেশি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতের পুরুষ দল।
উশুতে পদকের হাতছানি
উশুতে পদক নিশ্চিত করার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় অ্যাথলিটরা। ছেলেদের ৫৬ কেজি বিভাগে আফগানিস্তানের শাহজাদা সাফিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আর্যন। মহিলাদের ৬০ কেজি বিভাগে বাংলাদেশের মোস্ট শিকা খাতুনকে হারিয়ে অনায়াসেই শেষ আটে পৌঁছেছেন রোশিবিনা দেবী। দু’জনেই আর একটি ম্যাচ জিতলেই দেশের জন্য আরও দু’টি পদক নিশ্চিত করবেন।
সাঁতার ও অন্যান্য ইভেন্টে মিশ্র ফল
সাঁতারে এদিন কিছুটা হতাশাই জুটল। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে ২৫.৫২ সেকেন্ড সময় করে দশম স্থানে শেষ করেন শ্রীহরি নটরাজ। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালে উঠতে ব্যর্থ ধনুষ সুরেশ। ৫০ মিটার ফ্রিস্টাইলেও মণি আকাশ ও গিতেশ শাহ যোগ্যতা অর্জন করতে পারেননি। সফট টেনিসে মিক্সড ডাবলসে কম্বোডিয়াকে ৫-০ ব্যবধানে হারায় আরাধ্যা তিওয়ারি ও জয় মিনা জুটি। তবে রাউন্ড অফ ১৬-তে ফিলিপিন্সের প্রতিযোগীদের কাছে হেরে বিদায় নেন তাঁরা! সেপাকতাকরোতেও জাপানের কাছে ১-২ ব্যবধানে হার মানতে হয়েছে ভারতকে। তবে সার্বিকভাবে গেমসের দ্বিতীয় দিন ভারতের দাপট অব্যাহত।




