Top 5 This Week

spot_img

Related Posts

ক্রিকেট কেরিয়ার শেষ! রাজনীতির ময়দানে শামি?

RK NEWZ জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলেও দেশের জার্সি ফের গায়ে চাপানোর ডাক আসছে না। ফলে অনেকেই বলছেন, হয়তো ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে তাঁর। তিনি মহম্মদ শামি। এবার তাঁকে দেখা গেল নতুন ‘পিচে’। ভারতীয় দলের তারকা পেসার কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন? এগিয়ে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই এই সাক্ষাৎ ঘিরে জল্পনা। রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-র প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো, আমরোহা সদর বিধানসভা কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও শামি বা আরএলডি-র তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শামির সঙ্গে আমরোহার নাড়ির টান রয়েছে। আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরেই তাঁর বাড়ি। ফলে ‘ভূমিপুত্র’ আবেগকে সামনে রেখে তাঁকে প্রার্থী করার ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। শোনা যাচ্ছে তাঁর ভাই হাসিবের নামও। এ কথাও শোনা যাচ্ছে, শামি নিজে না দাঁড়িয়ে ভাইকে আমরোহা থেকে প্রার্থী করার বিষয়ে ভাবতে পারেন। এ নিয়ে জয়ন্তের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। হাসিব এর আগে জেলা পঞ্চায়েত সদস্য পদে নির্বাচনে লড়েছিলেন। আমরোহা সদর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণও বেশ তাৎপর্যপূর্ণ। সমাজবাদী পার্টির মাহবুব আলি এই কেন্দ্র থেকে টানা পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তবে শামির মতো জনপ্রিয় ক্রিকেটারকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ বদলের চেষ্টার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল ‘সাহসপুর এক্সপ্রেস’। প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তাঁকে জাতীয় দলে না দেখে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। তার সর্বশেষ সংস্করণ দিলীপ বেঙ্গসরকার। তবে এবার প্রশ্নটা ভিন্ন, জাতীয় দলের জার্সির বদলে কি শামি এবার গায়ে তুলবেন রাজনীতির পোশাক? জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির দেখা করায় সেই জল্পনা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles